২০/২৪. অধ্যায়ঃ
কোন ধরনের শিকারকৃত বস্তু মুহরিম খেতে পারে
মুহরিম ও শিকারের গোশত: আবূ কাতাদা রা.-এর ঘটনার শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৭৭০
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৭০
- حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ التَّيْمِيِّ عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانُوا بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا عَلَيْهِ فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَى بَعْضُهُمْ فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللهُ.
উমার ইবনু আবদুল্লাহ্ মাওলা আবূন নাযর (র) হতে বর্ণিতঃ
উমার ইবনু আবদুল্লাহ্ মাওলা আবূন নাযর (র) নাফি’ (র) হতে বর্ণনা করেন তিনি ছিলেন আবূ কাতাদার মাওলা। নাফি’ (র) বলেছেন, আবূ কাতাদা আনসারী (রা) বর্ণনা করেছেন যে, তিনি এক সফরে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে ছিলেন। কতিপয় মুহরিম সঙ্গীসহ তিনি পেছনে থেকে যান। তিনি নিজে অবশ্য ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন না। হঠাৎ একটা বন্য গাধা দৃষ্টিগোচর হল, তৎক্ষণাৎ একটি ঘোড়ায় আরোহণ করে তিনি উহা শিকার করতে ছুটলেন। সঙ্গীদের নিকট চাবুক চাইলেন; কিন্তু কেউই দিলেন না, বর্শাখানা চাইলে তাও কেউ দিলেন না। শেষে তিনি নিজে ঘোড়া হতে নেমে এসে বর্শা সংগ্রহ করলেন এবং উক্ত গাধাটিকে শিকার করলেন। সঙ্গিগণের কেউ কেউ এর গোশত খেলেন, আর কেউ কেউ খেতে অস্বীকৃতি জানালেন। পরে রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাথে যখন সাক্ষাৎ হল তখন উক্ত ঘটনা তাঁকে জানালে তিনি বললেন, উহা এমন এক খাদ্য ছিল যা আল্লাহ্ তা’আলা তোমাদেরকে খাওয়াইছেন। [১] (বুখারী ৫৪৯১, মুসলিম ১১৯৬)
[১] সামুদ্রিক প্রাণী শিকার করে মুহরিম খেতে পারে এবং স্থলে বসবাসকারী প্রাণী শিকার করা তার জন্য জায়েয নয়। মুহরিম নয় এমন ব্যক্তি যদি শিকার করে এবং মুহরিমের তাতে কোনরূপ অংশগ্রহণ বা সহযোগিতা না থাকে, তবে তা সে খেতে পারবে।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া। আবূ কাতাদা রা. সফরে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে কিছু মুহরিম সঙ্গী ছিলেন, কিন্তু তিনি নিজে ইহরাম অবস্থায় ছিলেন না। তিনি একটি বন্য গাধা দেখে শিকার করেন। সঙ্গীরা তাঁকে চাবুক বা বর্শা দিতে সাহায্য করেননি। পরে কেউ সেই গোশত খেলেন, কেউ খেতে দ্বিধা করলেন। রাসূল صلى الله عليه وسلم-এর কাছে ঘটনা জানানো হলে তিনি বলেন, এটি এমন খাদ্য যা আল্লাহ তোমাদের খাওয়িয়েছেন। এই বর্ণনায় দেখা যায়, মুহরিমরা নিজে শিকার করেননি এবং শিকারে সাহায্যও করেননি। তাই হাদিসটি শিকারের গোশত বিষয়ে সূক্ষ্ম পার্থক্য শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুহরিম নিজে শিকার বা শিকারে সাহায্য করা থেকে বিরত থাকবে।
- ইহরামবিহীন ব্যক্তি শিকার করলে পরিস্থিতি অনুযায়ী গোশত খাওয়ার প্রশ্ন আসে।
- সন্দেহ হলে রাসূল صلى الله عليه وسلم-এর কাছে জিজ্ঞেস করার মতো জ্ঞানীদের কাছে ফিরে যেতে হয়।
