২০/১২. অধ্যায়ঃ
হজ্জে কিরান
উমরার ইহরামের সঙ্গে হজ্জ যোগ করা: কিরানের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ৭৩৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৩৫
و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ بَعْضَ أَهْلِ الْعِلْمِ يَقُولُونَ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ ثُمَّ بَدَا لَهُ أَنْ يُهِلَّ بِحَجٍّ مَعَهَا فَذَلِكَ لَهُ مَا لَمْ يَطُفْ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَقَدْ صَنَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ حِينَ قَالَ إِنْ صُدِدْتُ عَنْ الْبَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ الْتَفَتَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ مَا أَمْرُهُمَا إِلَّا وَاحِدٌ أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ الْحَجَّ مَعَ الْعُمْرَةِ قَالَ مَالِك وَقَدْ أَهَلَّ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الْوَدَاعِ بِالْعُمْرَةِ ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ فَلْيُهْلِلْ بِالْحَجِّ مَعَ الْعُمْرَةِ ثُمَّ لَا يَحِلُّ حَتَّى يَحِلَّ مِنْهُمَا جَمِيْعًا.
মালিক (র) হতে বর্ণিতঃ
মালিক (র) কতিপয় বিজ্ঞ আলিমের কাছে শুনেছেন, তাঁরা বলেন, কেউ প্রথমে কেবল উমরার ইহরাম বাঁধল, পরে সে যদি উমরার সাথে হজ্জেরও ইহরাম বাঁধতে চায় তবে তাওয়াফ ও সায়ী বায়নাস্-সাফা ওয়াল মারওয়ার (সাফা ও মারওয়ার পর্বতদ্বয়ের মধ্যবর্তী নির্দিষ্ট দৌড়ান) পূর্ব পর্যন্ত তা পারে। আবদুল্লাহ্ ইবনু উমার (র) তাই করেছিলেন। তিনি একবার বলেছিলেন যদি বায়তুল্লাহ্ পৌঁছাতে বাধাপ্রাপ্ত হই তবে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইহরাম অবস্থায় যা করেছিলেন আমিও তাই করব।মালিক (র) বলেন, বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ্ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহাবীগণ উমরার ইহরাম বেঁধেছিলেন। পরে রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) তাঁদেরকে বললেন, যাদের সাথে কুরবানীর পশু রয়েছে তারা এই সাথে হজ্জের ইহরামও বেঁধে নেবে। অতঃপর একত্রে ইহরাম খুলবে। (মাওসুল, ইবনু উমার (রা) হতে বর্ণিত হাদীস রয়েছে বুখারীতে ১৮০৬, মুসলিম ১২৩০)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৩৫-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইমাম মালিক (র) আলিমদের মত উল্লেখ করেন। কেউ যদি প্রথমে শুধু উমরার ইহরাম করে, পরে তার সঙ্গে হজ্জের ইহরাম যোগ করতে চায়, তবে তা তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ করার আগ পর্যন্ত করা যায়। আবদুল্লাহ্ ইবনু উমার (রা)-এর একটি আমলও এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বাধাপ্রাপ্ত হওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ্ صلى الله عليه وسلم-এর সঙ্গে করা আমলের মতো করার কথা বলেন এবং হজ্জকে উমরার সঙ্গে যুক্ত করেন। শেষে ইমাম মালিক (র) বলেন, বিদায় হজ্জে সাহাবীগণ উমরার ইহরাম করেছিলেন, পরে রাসূল صلى الله عليه وسلم যাদের সঙ্গে কুরবানীর পশু ছিল, তাদের উমরার সঙ্গে হজ্জের ইহরাম নিতে বলেন এবং একসঙ্গে ইহরাম খুলতে বলেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উমরার ইহরামের সঙ্গে হজ্জ যোগ করার একটি নির্দিষ্ট সময়সীমা বর্ণিত হয়েছে।
- তাওয়াফ ও সাঈর আগে হজ্জের ইহরাম যোগ করার কথা এসেছে।
- যাদের সঙ্গে কুরবানীর পশু ছিল, তাদের একসঙ্গে ইহরাম খোলার নির্দেশ এসেছে।
- হজ্জ ও উমরার নিয়ত বদলের বিষয়টি নির্দিষ্ট অবস্থার সঙ্গে যুক্ত।
