১৬/১৪. অধ্যায়ঃ
মুসিবতের ধৈর্যধারণ সম্পর্কে বিবিধ বর্ণনা
মুসিবতের দোয়া: ইন্নালিল্লাহ পড়ে আল্লাহর কাছে উত্তম বদলা চাওয়া
মুয়াত্তা ইমাম মালিক : ৫৪৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৫৪৫
- و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَصَابَتْهُ مُصِيبَةٌ فَقَالَ كَمَا أَمَرَ اللهُ { إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ } اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَعْقِبْنِي خَيْرًا مِنْهَا إِلَّا فَعَلَ اللهُ ذَلِكَ بِهِ قَالَتْ أُمُّ سَلَمَةَ فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَةَ قُلْتُ ذَلِكَ ثُمَّ قُلْتُ وَمَنْ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ فَأَعْقَبَهَا اللهُ رَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَزَوَّجَهَا.
নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্নী উম্মে সালমা (রা) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যার (উপর) কোন মুসিবত পৌঁছে, অতঃপর আল্লাহ্ তাকে যেরূপ নির্দেশ দিয়েছেন সেরূপ বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউনاللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَعْقِبْنِي خَيْرًا مِنْهَا.‘হে আল্লাহ্! আমার মুসিবতে (উহার বিনিময়ে) আমাকে সওয়াব দান করুন এবং উহার পশ্চাতে আমাকে উহা অপেক্ষা উত্তম বস্তু দান করুন।’ তবে আল্লাহ্ তার সাথে সেরূপ করবেন। উম্মে সালমা (রা) বলেন, আবূ সালমা (রা)-এর ওফাতের পর আমি উক্ত দু’আ পাঠ করলাম, আর বললাম, আবূ সালমা (রা) হতে ভাল কে হবেন? ফলে তার পরিবর্তে আল্লাহ্ আমাকে তাঁর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রদান করলেন, অতঃপর তিনি আমাকে বিবাহ করেন। (সহীহ, মুসলিম ৯১৮)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৫৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসিবতের দোয়া শেখানো হয়েছে। কারো ওপর বিপদ এলে সে বলবে: “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” এবং দোয়া করবে, “হে আল্লাহ! আমার মুসিবতে আমাকে সওয়াব দিন এবং এর বদলে আমাকে এর চেয়ে উত্তম কিছু দিন।” উম্মে সালমা (রা.) নিজের জীবনে এই দোয়া পড়েছিলেন। আবূ সালমা (রা.)-এর ওফাতের পর তিনি ভাবলেন, তাঁর চেয়ে উত্তম কে হতে পারেন? পরে আল্লাহ তাঁকে রসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে বিবাহের মাধ্যমে উত্তম বদলা দিলেন। হাদিসটি শেখায়, শোকের সময় মুখের কথা, অন্তরের আশা এবং আল্লাহর ওপর ভরসা—সবই গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুসিবত এলে প্রথমে আল্লাহর মালিকানা ও তাঁর দিকে ফিরে যাওয়ার কথা স্মরণ করা উচিত।
- হাদিসে শেখানো দোয়া শোকের সময় সওয়াব ও উত্তম বদলার আশা জাগায়।
- উম্মে সালমা (রা.)-এর ঘটনা দোয়ার ওপর ভরসা রাখার বাস্তব উদাহরণ।
- বিপদের সময় অভিযোগের বদলে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া উচিত।
