৮/৫. অধ্যায়ঃ
ইমামের বসে নামায আদায় করা
ইমামকে অনুসরণ করার হাদিস: রুকূ, উঠা ও বসার নিয়ম
মুয়াত্তা ইমাম মালিক : ২৯৫
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ২৯৫
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَصُرِعَ فَجُحِشَ شِقُّهُ الْأَيْمَنُ فَصَلَّى صَلَاةً مِنْ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ وَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا فَلَمَّا انْصَرَفَ قَالَ إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا رَفَعَ فَارْفَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ.
আনাস ইবনু মালিক (র) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঘোড়ায় আরোহণ করেছিলেন। অতঃপর ঘোড়া হতে পড়ে তাঁর ডান পার্শ্বের (কিছু অংশ) ছিড়ে গিয়েছিল। ফলে (পাঞ্জেগানা) নামাযসমূহের কোন এক নামায তিনি বসে আদায় করেছেন। আমরাও তাঁর পেছনে বসে নামায আদায় করছিলাম। নামায শেষে তিনি বললেন, অনুসরণের জন্যই ইমাম নিযুক্ত করা হয়েছে। কাজেই ইমাম দাঁড়িয়ে নামায আদায় করলে তোমরাও দাঁড়িয়ে নামায আদায় কর, ইমাম রুকূতে গেলে তোমরাও রুকূতে যাও, ইমাম মাথা উঠালে তোমরাও মাথা তোল। ইমাম যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বলেন, তোমরা বল رَبَّنَا وَلَكَ الْحَمْدُ আর ইমাম বসে নামায আদায় করলে তোমরা সকলেই বসে নামায আদায় কর। (বুখারী ৬৮৯, মুসলিম ৪১১)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ২৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইমামকে অনুসরণ করার নিয়ম বিস্তারিতভাবে এসেছে। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে ডান পার্শ্বে আঘাত পান। ফলে তিনি এক নামায বসে আদায় করেন এবং সাহাবীরাও তাঁর পেছনে বসে নামায আদায় করেন। নামায শেষে তিনি বলেন, ইমাম নিযুক্ত করা হয়েছে অনুসরণের জন্য। তাই ইমাম দাঁড়িয়ে নামায পড়লে তোমরাও দাঁড়াবে, তিনি রুকূ করলে রুকূ করবে, তিনি মাথা তুললে মাথা তুলবে। তিনি سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বললে তোমরা رَبَّنَا وَلَكَ الْحَمْدُ বলবে। আর ইমাম বসে নামায পড়লে সবাই বসে পড়বে। এই হাদিস জামা’আতে নামাযের শৃঙ্খলা ও ইমামের অনুসরণের মূলনীতি শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম নিযুক্ত হন অনুসরণ করার জন্য।
- ইমামের আগে বা আলাদা করে কাজ না করে তাঁর সঙ্গে নিয়ম মেনে চলতে হয়।
- রুকূ, উঠা, তাসমী ও তাহমীদের সময় মুক্তাদির করণীয় শেখানো হয়েছে।
- ইমাম বসে নামায পড়লে মুক্তাদিদের বসে পড়ার নির্দেশ এসেছে।
