৪৯/৭. অধ্যায়ঃ
রৌপ্য পাত্রে পান করা এবং পানীয় বস্তুতে নিঃশ্বাস ফেলা নিষেধ
পানীয়তে ফুঁ দেওয়ার নিষেধ: পানি পান করার আদব
মুয়াত্তা ইমাম মালিক : ১৬৫৮
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৬৫৮
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَيُّوبَ بْنِ حَبِيبٍ مَوْلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِي الْمُثَنَّى الْجُهَنِيِّ أَنَّهُ قَالَكُنْتُ عِنْدَ مَرْوَانَ بْنِ الْحَكَمِ فَدَخَلَ عَلَيْهِ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ فَقَالَ لَهُ مَرْوَانُ بْنُ الْحَكَمِ أَسَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ النَّفْخِ فِي الشَّرَابِ فَقَالَ لَهُ أَبُو سَعِيدٍ نَعَمْ فَقَالَ لَهُ رَجُلٌ يَا رَسُولَ اللهِ إِنِّي لَا أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبِنْ الْقَدَحَ عَنْ فَاكَ ثُمَّ تَنَفَّسْ قَالَ فَإِنِّي أَرَى الْقَذَاةَ فِيه قَالَ فَأَهْرِقْهَا
আবূ মুসান্না জুহনী (র) হতে বর্ণিতঃ
আমি মারওয়ান ইব্নু হাকাম (রা)-এর কাছে বসা ছিলাম। এমন সময় তার নিকট আবূ সাঈদ খুদরী (রা) আগমন করলেন, তখন মারওয়ান তাঁকে বললেন, আপনি কি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে শুনেছেন যে, তিনি পানিতে (কিংবা পানীয় বস্তুতে) শ্বাস ফেলতে (ফুঁ দিতে) নিষেধ করেছেন? আবূ সাঈদ (রা) উত্তর দিলেন, জি হ্যাঁ। এক ব্যক্তি বলল, ইয়া রসূলাল্লাহ! আমি এক নিশ্বাসে (পানি পান করে) তৃপ্ত হই না। তখন রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাত্রটিকে মুখ হতে পৃথক করে নিশ্বাস গ্রহণ কর। সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞেস করল, পানিতে কোন ময়লা (জাতীয় কিছু ভাসতে) দেখলে তখন কি করব? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন (কিছু পানিসহ) সেটা বাহিরে ফেলে দাও। [১] (হাসান, তিরমিযী ১৮৮৭, আলবানী হাদীসটি হাসান বলেছেন, [আস সিলসিলাহ আস সহীহাহ ৩৮৫])
[১] পানিতে অন্য কোন খারাপ বস্তু পড়লে উহাকে ফুঁ দিয়ে বের করতে নেই, বরং পানির কিছু অংশ এমনভাবে ফেলে দেবে যে, সেই সঙ্গে ঐ বস্তু বের হয়ে যায়।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৬৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ সাঈদ খুদরী রা. জানান, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয়তে শ্বাস ফেলা বা ফুঁ দিতে নিষেধ করেছেন। এক ব্যক্তি বললেন, তিনি এক নিশ্বাসে পানি পান করে তৃপ্ত হন না। তখন নবীজি বললেন, পাত্রটি মুখ থেকে আলাদা করে নিশ্বাস নাও। আবার তিনি জিজ্ঞেস করলেন, পানিতে ময়লা দেখলে কী করবে। নবীজি বললেন, সেটি কিছু পানিসহ ফেলে দাও। এই হাদিস পানি পান করার আদব, স্বাস্থ্যকর অভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সহজ শিক্ষা দেয়। পানীয়তে ফুঁ না দেওয়া এবং পাত্র থেকে মুখ সরিয়ে শ্বাস নেওয়া—এগুলো দৈনন্দিন জীবনে সহজে মানা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানীয়তে ফুঁ দেওয়া বা শ্বাস ফেলা থেকে নিষেধ এসেছে।
- নিশ্বাস নিতে হলে পাত্র মুখ থেকে সরিয়ে নেওয়া উচিত।
- পানীয়তে ময়লা দেখা গেলে তা ফেলে দেওয়ার শিক্ষা আছে।
