৩২/১৩. অধ্যায়ঃ
শরীকী কারবারে কর্জ
কর্জ ও শরীকী কারবার: লেনদেনে স্বচ্ছতার গুরুত্বপূর্ণ শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১৩৮১
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১৩৮১
قَالَ يَحْيَى قَالَ مَالِك فِي رَجُلٍ أَسْلَفَ رَجُلًا مَالًا ثُمَّ سَأَلَهُ الَّذِي تَسَلَّفَ الْمَالَ أَنْ يُقِرَّهُ عِنْدَهُ قِرَاضًا قَالَ مَالِك لَا أُحِبُّ ذَلِكَ حَتَّى يَقْبِضَ مَالَهُ مِنْهُ ثُمَّ يَدْفَعَهُ إِلَيْهِ قِرَاضًا إِنْ شَاءَ أَوْ يُمْسِكَهُ.قَالَ مَالِك فِي رَجُلٍ دَفَعَ إِلَى رَجُلٍ مَالًا قِرَاضًا فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ اجْتَمَعَ عِنْدَهُ وَسَأَلَهُ أَنْ يَكْتُبَهُ عَلَيْهِ سَلَفًا قَالَ لَا أُحِبُّ ذَلِكَ حَتَّى يَقْبِضَ مِنْهُ مَالَهُ ثُمَّ يُسَلِّفَهُ إِيَّاهُ إِنْ شَاءَ أَوْ يُمْسِكَهُ وَإِنَّمَا ذَلِكَ مَخَافَةَ أَنْ يَكُونَ قَدْ نَقَصَ فِيهِ فَهُوَ يُحِبُّ أَنْ يُؤَخِّرَهُ عَنْهُ عَلَى أَنْ يَزِيدَهُ فِيهِ مَا نَقَصَ مِنْهُ فَذَلِكَ مَكْرُوهٌ وَلَا يَجُوزُ وَلَا يَصْلُحُ.
মালিক (রহঃ) হতে বর্ণিতঃ
কেউ কারো নিকট কর্জ পাওনা হয় আর যে কর্জ নিয়েছে সে দাতাকে বলে, যে অর্থ আমি কর্জ হিসেবে নিয়েছিলাম উহা শরীকী কারবারে আমার নিকট থাকতে দাও। তবে এইরূপ কারবার বৈধ হবে না। হ্যাঁ, যদি প্রথমে কর্জের অর্থ উশুল হয়ে যায় আর পরে ইচ্ছা হলে শরীকী কারবারে দিয়ে দেয় তবে বৈধ হবে।মালিক (রহঃ) বলেনঃ যদি ব্যবসায়ী পুঁজি বিনিয়োগকারীকে বলে, আমার নিকট যে কারবারের অর্থ জমা আছে উহা আমাকে কর্জ হিসেবে দিয়ে দাও, তবে উহা অবৈধ হবে। কর্জ শোধ হলে পরে যদি ইচ্ছা হয় কর্জ দেবে, ইচ্ছা না হলে দেবে না। কারণ হয়তো ব্যবসায়ীর নিকট মূলধনে কিছু ঘাটতি হয়েছে। সে সময় বৃদ্ধি করিয়ে উক্ত ঘাটতি পূরণ করতে চায়, এটা অবৈধ।
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১৩৮১-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় কর্জ এবং শরীকী কারবারের মাঝে পরিষ্কার পার্থক্য রাখা হয়েছে। কেউ কারো কাছ থেকে কর্জ নিলে পরে সেই একই কর্জের টাকা সরাসরি শরীকী কারবারে রেখে দিতে বলা বৈধ বলা হয়নি। আগে কর্জের টাকা ফেরত নিতে হবে, তারপর ইচ্ছা হলে নতুনভাবে শরীকী কারবারে দেওয়া যাবে। একইভাবে শরীকী কারবারের জমা অর্থকে হঠাৎ কর্জ হিসেবে লিখে দেওয়াও সঠিক নয়। কারণ এতে মূলধনে ঘাটতি থাকলে তা লুকিয়ে সময় নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। হাদিসটি ইসলামী ব্যবসা, কর্জের বিধান, কিরায এবং মুদারাবা চুক্তিতে সততা, আলাদা হিসাব এবং স্পষ্ট লেনদেনের গুরুত্ব বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কর্জ ও শরীকী কারবারকে একসাথে গুলিয়ে ফেলা ঠিক নয়।
- লেনদেনে নতুন চুক্তির আগে আগের পাওনা পরিষ্কার করা উচিত।
- মূলধনের ঘাটতি লুকিয়ে সময় বাড়ানো বৈধ পথ নয়।
