২৯/৩১. অধ্যায়ঃ
যার স্বামীর মৃত্যু হয়েছে তার জন্য ইদ্দত পালনার্থে নিজ গৃহে অবস্থান করা
বিধবার ইদ্দত: স্বামীর মৃত্যুর পর ঘরে রাত যাপনের শিক্ষা
মুয়াত্তা ইমাম মালিক : ১২২৬
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১২২৬
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ حُمَيْدِ بْنِ قَيْسٍ الْمَكِّيِّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَرُدُّ الْمُتَوَفَّى عَنْهُنَّ أَزْوَاجُهُنَّ مِنْ الْبَيْدَاءِ يَمْنَعُهُنَّ الْحَجَّ.و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ السَّائِبَ بْنَ خَبَّابٍ تُوُفِّيَ وَإِنَّ امْرَأَتَهُ جَاءَتْ إِلَى عَبْدِ اللهِ بْنِ عُمَرَ فَذَكَرَتْ لَهُ وَفَاةَ زَوْجِهَا وَذَكَرَتْ لَهُ حَرْثًا لَهُمْ بِقَنَاةَ وَسَأَلَتْهُ هَلْ يَصْلُحُ لَهَا أَنْ تَبِيتَ فِيهِ فَنَهَاهَا عَنْ ذَلِكَ فَكَانَتْ تَخْرُجُ مِنْ الْمَدِينَةِ سَحَرًا فَتُصْبِحُ فِي حَرْثِهِمْ فَتَظَلُّ فِيهِ يَوْمَهَا ثُمَّ تَدْخُلُ الْمَدِينَةَ إِذَا أَمْسَتْ فَتَبِيتُ فِي بَيْتِهَا.
সা’ঈদ ইবনু মুসায়্যাব (র) হতে বর্ণিতঃ
উমার ইবনু খাত্তাব (রা) বলেন, স্বামীর মৃত্যু হয়েছে (উক্ত স্ত্রী ইদ্দত পালনরত ছিল) এরূপ স্ত্রীদেরকে বাইদা নামক স্থান হতে ফেরত পাঠাতেন এবং হজ্জ হতে বিরত রাখতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)ইয়াহ্ইয়া ইবনু সা’ঈদ (র) হতে বর্ণিত, তার কাছে রেওয়ায়ত পৌঁছেছে যে, সায়িব ইবনু খব্বাব (রা) ইন্তেকাল করলেন। তার স্ত্রী আবদুল্লাহ্ ইবনু উমার (রা)-এর নিকট উপস্থিত হলে এবং তার স্বামীর মৃত্যু সংবাদ উল্লেখ করলেন, আর কানাত নামক স্থানে তার স্বামীর একটি শস্যক্ষেত্রের বিষয় তার কাছে উল্লেখ করলেন এবং ইহা জানতে চাইলেন তার জন্য সেই শস্যক্ষেত্রে রাত্রি যাপন করা বৈধ কিনা? তিনি উহা হতে তাকে বারণ করলেন। তাই তিনি মদীনা হতে রাত্রির শেষ ভাগে বের হতেন, ফজরের শেষে পৌঁছে যেতেন, পূর্ণ দিন তথায় অবস্থান করে সন্ধ্যায় আবার মদীনায় প্রত্যাবর্তন করতেন এবং আপন গৃহে রাত্রি যাপন করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১২২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিধবার ইদ্দত বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। উমার ইবনু খাত্তাব (রা) স্বামীর মৃত্যু হয়েছে এমন ইদ্দত পালনরত স্ত্রীদের বাইদা নামক স্থান থেকে ফিরিয়ে দিতেন এবং তাদের হজ্জে যেতে দিতেন না। এতে বোঝা যায়, স্বামীর মৃত্যুর পর ইদ্দতের সময় ঘরে অবস্থান করার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। আরেক বর্ণনায় দেখা যায়, সায়িব ইবনু খব্বাব (রা)-এর স্ত্রী তার স্বামীর শস্যক্ষেত্রে রাত কাটানো যাবে কি না জানতে চাইলে আবদুল্লাহ ইবনু উমার (রা) তাকে তা থেকে বারণ করেন। তিনি দিনের বেলা কাজে বা প্রয়োজনের কারণে শস্যক্ষেতে যেতেন, কিন্তু সন্ধ্যায় মদীনায় ফিরে নিজের ঘরে রাত কাটাতেন। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, বিধবার ইদ্দত অবস্থায় ঘরে রাত যাপন করা এবং ইদ্দতকালীন হজ্জ বা দূরের সফর থেকে বিরত থাকা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালনরত নারীর জন্য নিজ ঘরে রাত কাটানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে এসেছে।
- ইদ্দত অবস্থায় হজ্জের সফর থেকেও বিরত থাকার উদাহরণ এই বর্ণনায় পাওয়া যায়।
- প্রয়োজন হলে দিনের বেলা বাইরে যাওয়া ঘটনার মধ্যে এসেছে, তবে রাত নিজের ঘরে কাটানোর কথা স্পষ্ট।
- দ্বীনি বিষয়ে সন্দেহ হলে জ্ঞানী সাহাবীদের কাছে জিজ্ঞেস করার সুন্দর দৃষ্টান্ত এখানে আছে।
