২৮/৩. অধ্যায়ঃ
মহর ও উপঢৌকন
মহর হিসেবে কুরআন শিক্ষা: সহজ বিবাহের নববী দৃষ্টান্ত
মুয়াত্তা ইমাম মালিক : ১০৮৯
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৮৯
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنِّي قَدْ وَهَبْتُ نَفْسِي لَكَ فَقَامَتْ قِيَامًا طَوِيلًا فَقَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللهِ زَوِّجْنِيهَا إِنْ لَمْ تَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ تُصْدِقُهَا إِيَّاهُ فَقَالَ مَا عِنْدِي إِلَّا إِزَارِي هَذَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ أَعْطَيْتَهَا إِيَّاهُ جَلَسْتَ لَا إِزَارَ لَكَ فَالْتَمِسْ شَيْئًا فَقَالَ مَا أَجِدُ شَيْئًا قَالَ الْتَمِسْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ فَالْتَمَسَ فَلَمْ يَجِدْ شَيْئًا فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ مَعَكَ مِنْ الْقُرْآنِ شَيْءٌ فَقَالَ نَعَمْ مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا لِسُوَرٍ سَمَّاهَا فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَنْكَحْتُكَهَا بِمَا مَعَكَ مِنْ الْقُرْآنِ.
সাহ্ল ইবনু সা’দ সায়িদী (রা) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একজন মহিলা এসে বললঃ ইয়া রসূলুল্লাহ ! আমি আমার সত্তাকে আপনার জন্য হিবা (দান) করলাম। ইহা বলার পর সে অনেকক্ষণ অপেক্ষা করল। অতঃপর এক ব্যক্তি দাঁড়িয়ে বলল : ইয়া রসূলুল্লাহ ! আপনার প্রয়োজন না থাকলে এই মহিলাকে আমার নিকট বিবাহ দিন। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এই মহিলাকে মোহরানা বাবদ দিবার মত তোমার কাছে কিছু আছে কি ? লোকটি বলল : আমার নিকট আমার এই তাহ্বন্দ্ (পরিচ্ছেদ-লুঙ্গী অথবা পায়জামা) ব্যতীত আর কিছু নেই। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার এই তাহ্বন্দ্ উহাকে প্রদান করলে তোমার নিকট কোন পরিচ্ছেদ থাকবে না। তাই তুমি অন্য কিছু তালাশ কর। সে ব্যক্তি বলল : আমি কিছু পাব না। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি একটি লোহার আংটিও পাও কিনা দেখ। সে তালাশ করল। কিন্তু কিছুই পেল না। অতঃপর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : কুরআনের কিছু অংশ তোমার জানা আছে কি? সে সূরার নাম উল্লেখ করে বলল : অমুক অমুক সূরা আমার কণ্ঠস্থ আছে। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : কুরআন শরীফের যে কয়টি সূরা তোমার কণ্ঠস্থ আছে সেইগুলির বিনিময়ে এই মহিলাকে আমি তোমার নিকট বিবাহ দিলাম। অর্থাৎ এ সূরাগুলো তুমি তাকে শিখিয়ে দিবে। (বুখারী ৫১৩৪, মুসলিম ১৪২৫)
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক নারী রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিজেকে দান করার কথা বলেন। তিনি অপেক্ষা করেন। পরে এক ব্যক্তি বলেন, আপনার প্রয়োজন না থাকলে তাঁকে আমার সঙ্গে বিবাহ দিন। নবীজি তাকে জিজ্ঞেস করেন, মহর দেওয়ার মতো কিছু আছে কি না। লোকটির কাছে শুধু একটি তাহ্বন্দ ছিল। সেটি দিলে তার নিজের পরার কাপড় থাকবে না। তাই তাকে কিছু খুঁজতে বলা হয়, এমনকি একটি লোহার আংটিও। সে তাও পায়নি। এরপর নবীজি জিজ্ঞেস করেন, তার কুরআনের কিছু অংশ জানা আছে কি না। লোকটি কয়েকটি সূরার কথা জানায়। তখন সেই সূরাগুলো শেখানোর বিনিময়ে বিবাহ দেওয়া হয়। এখানে “মহর”, “লোহার আংটি”, “কুরআন শিক্ষা” এবং “সহজ বিবাহ”—এসব বিষয় সরাসরি এসেছে। হাদিসটি দেখায়, মহরকে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু সামর্থ্যের দিকও দেখা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিবাহে মহরকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই কিছু খুঁজতে বলা হয়েছে।
- সামর্থ্য কম হলে অল্প জিনিসও বিবেচনায় আসতে পারে।
- কুরআনের জানা অংশ শেখানোও এই ঘটনায় মহরের বিনিময় হয়েছে।
- বিবাহের ক্ষেত্রে কষ্ট না দিয়ে সামর্থ্য অনুযায়ী পথ দেখানো হয়েছে।
