৬৯/১. অধ্যায়ঃ
পরিবার-পরিজনের জন্য খরচ করার ফজিলত।
(মহান আল্লাহর বাণী): লোকেরা তোমাকে জিজ্ঞেস করে তারা কী খরচ করবে? বল: যা প্রয়োজনের অতিরিক্ত। এভাবে আল্লাহ তাঁর বিধানসমূহ সুস্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করেন, যেন তোমরা ইহকাল ও পরকাল সম্পর্কে চিন্তা কর। দুনিয়া ও পরকালে। (সূরা আল-বাকারা ২/২১৯-২২০)।وَقَالَ الْحَسَنُ الْعَفْوُ الْفَضْلُ.হাসান (রহ.) বলেন, الْعَفْوُ অর্থ অতিরিক্ত।"
ওসিয়ত ও পরিবার: এক-তৃতীয়াংশ, ওয়ারিশ ও সদকার শিক্ষা
সহীহ বুখারী : ৫৩৫৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৫৩৫৪
مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ سَعْدٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ بِمَكَّةَ فَقُلْتُ لِي مَالٌ أُوصِي بِمَالِي كُلِّه„ قَالَ لاَ قُلْتُ فَالشَّطْرِ قَالَ لاَ قُلْتُ فَالثُّلُثِ قَالَ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ وَمَهْمَا أَنْفَقْتَ فَهُوَ لَكَ صَدَقَةٌ حَتّٰى اللُّقْمَةَ تَرْفَعُهَا فِي فِي امْرَأَتِكَ وَلَعَلَّ اللهَ يَرْفَعُكَ يَنْتَفِعُ بِكَ نَاسٌ وَيُضَرُّ بِكَ آخَرُونَ.
সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মক্কায় রোগগ্রস্ত হলে রসূলুল্লাহ (ﷺ) আমার শুশ্রূষার জন্য আসেন। আমি বললাম, আমার তো মাল আছে। সেগুলো আমি ওয়াসিয়ত করে যাই? তিনি বললেনঃ না। আমি বললামঃ তাহলে অর্ধেক? তিনি বললেনঃ না। আমি বললামঃ তবে এক-তৃতীয়াংশ? তিনি বললেনঃ এক-তৃতীয়াংশ করতে পার। আর এক-তৃতীয়াংশই তো বেশি। মানুষের কাছে হাত পেতে পেতে ফিরবে ওয়ারিশদের এরকম ফকির অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে তাদেরকে বিত্তবান অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যা-ই তুমি খরচ করবে, তা-ই তোমার জন্য সদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, সেটাও। সম্ভবত আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবেন। তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে, আবার অন্যেরা (কাফির সম্প্রদায়) ক্ষতিগ্রস্ত হবে।
(আধুনিক প্রকাশনীঃ ৪৯৫৪,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৫০)
সহীহ বুখারী হাদিস ৫৩৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে অসুস্থ অবস্থায় সা‘দ (রাঃ)-এর প্রশ্নের মাধ্যমে ওসিয়ত ও পরিবারের দায়িত্বের গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। তিনি সব সম্পদ ওসিয়ত করতে চেয়েছিলেন, নবী (صلى الله عليه وسلم) না বললেন। অর্ধেকের কথাও না বললেন। এক-তৃতীয়াংশের অনুমতি দিলেন, তবে বললেন এক-তৃতীয়াংশও বেশি। এরপর তিনি বললেন, ওয়ারিশদের মানুষের কাছে হাত পেতে ফিরবে এমন অভাবী অবস্থায় রেখে যাওয়ার চেয়ে তাদের সচ্ছল রেখে যাওয়া উত্তম। হাদিসে আরও এসেছে, মানুষ যা খরচ করে তা সদকা হতে পারে; এমনকি স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমাও। তাই এই হাদিস ওসিয়তের সীমা, পরিবারের ভরণ-পোষণ, ওয়ারিশের অধিকার এবং নিয়তসহ ব্যয়ের মর্যাদা সুন্দরভাবে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওসিয়তের ক্ষেত্রে এক-তৃতীয়াংশের কথা এসেছে, আর এটিও বেশি বলা হয়েছে।
- ওয়ারিশদের অভাবী অবস্থায় রেখে যাওয়া পছন্দনীয় নয়।
- পরিবারে ব্যয়ও সদকা হিসেবে গণ্য হতে পারে।
- স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার মতো ছোট কাজও মূল্যবান হতে পারে।
