৬৫/৩৪২. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: আর যখন আপনি তাদেরকে দেখবেন, তখন তাদের দৈহিক গঠন আপনাকে চমৎকৃত করবে। আর যদি তারা কথা বলতে থাকে, আপনি তাদের কথা শুনবেন, যদিও তারা দেয়ালে ঠেস লাগানো কাঠ সদৃশ। তারা প্রত্যেকটি শোরগোলকে নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, আপনি এদের থেকে সতর্ক থাকুন। আল্লাহ এদেরকে বিনাশ করুন। এরা বিভ্রান্ত হয়ে কোন দিকে যাচ্ছে? (সূরা মুনাফিকুন ৬৩/৪)
মুনাফিকদের আচরণ ও ক্ষমা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার হাদিস
সহীহ বুখারী : ৪৯০৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৯০৩
عَمْرُوْ بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ حَدَّثَنَا أَبُوْ إِسْحَاقَ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيْ سَفَرٍ أَصَابَ النَّاسَ فِيْهِ شِدَّةٌ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ أُبَيٍّ لِأَصْحَابِهِ لَا تُنْفِقُوْا عَلَى مَنْ عِنْدَ رَسُوْلِ اللهِ حَتَّى يَنْفَضُّوْا مِنْ حَوْلِهِ وَقَالَ لَئِنْ رَجَعْنَا إِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْأَعَزُّ مِنْهَا الْأَذَلَّ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ فَأَرْسَلَ إِلَى عَبْدِ اللهِ بْنِ أُبَيٍّ فَسَأَلَهُ فَاجْتَهَدَ يَمِيْنَهُ مَا فَعَلَ قَالُوْا كَذَبَ زَيْدٌ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَوَقَعَ فِيْ نَفْسِيْ مِمَّا قَالُوْا شِدَّةٌ حَتَّى أَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ تَصْدِيْقِيْ فِيْ {إِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ} فَدَعَاهُمْ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَسْتَغْفِرَ لَهُمْ فَلَوَّوْا رُءُوْسَهُمْ وَقَوْلُهُ {خُشُبٌ مُّسَنَّدَةٌ} قَالَ كَانُوْا رِجَالًا أَجْمَلَ شَيْءٍ.
যায়দ ইব্নু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা কোন এক সফরে নবী (ﷺ)-এর সঙ্গে বের হলাম। সফরে এক কঠিন অবস্থা লোকদেরকে গ্রাস করে নিল। তখন আব্দুল্লাহ ইবন উবাই তার সাথীদের বলল, “আল্লাহর রসূলের সাহাবিদের জন্য তোমরা ব্যয় করবে না যতক্ষণ তারা সরে পড়ে যারা তাঁর আশে পাশে আছে।” সে এও বলল, “আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে তথা হতে প্রবল লোকেরা দুর্বল লোকদের বহিষ্কৃত করবেই।” (এ কথা শুনে) আমি নবী (ﷺ)-এর কাছে এলাম এবং তাঁকে এ সম্পর্কে জানালাম। তখন তিনি আব্দুল্লাহ ইবন উবাইকে ডেকে পাঠালেন। সে অতি জোর দিয়ে কসম খেয়ে বলল, এ কথা সে বলেনি। তখন লোকেরা বলল, যায়দ রসূল (ﷺ)-এর কাছে মিথ্যা কথা বলেছে। তাদের এ কথায় আমার খুব দুঃখ হল। শেষ পর্যন্ত আল্লাহ তা‘আলা আমার সত্যতার পক্ষে আয়াত অবতীর্ণ করলেন : “যখন মুনাফিকরা তোমার কাছে আসে।” এরপর নবী (ﷺ) তাদেরকে ডাকলেন, যাতে তিনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, “কিন্তু তারা তাদের মাথা ফিরিয়ে নিল।” আল্লাহর বাণী : “দেয়ালে ঠেস লাগানো কাঠ সদৃশ” (সূরা মুনাফিকুন ৬৩/৪)। রাবী বলেন, লোকগুলো দেখতে খুব সুন্দর ছিল।
(আধুনিক প্রকাশনীঃ ৪৫৩৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৫৩৯) [৪৯০০] (আধুনিক প্রকাশনীঃ অনুচ্ছেদ,ইসলামী ফাউন্ডেশনঃ অনুচ্ছেদ)
সহীহ বুখারী হাদিস ৪৯০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরের কঠিন অবস্থায় আবদুল্লাহ ইবন উবাইয়ের কথা এসেছে। সে তার সাথীদের বলল, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পাশে থাকা সাহাবিদের জন্য ব্যয় করবে না, যেন তারা সরে পড়ে। সে আরও বলল, মদিনায় ফিরে প্রবল লোকেরা দুর্বলদের বের করে দেবে। যায়দ ইবন আরকাম (রাঃ) নবী صلى الله عليه وسلم-কে খবর দিলেন। আবদুল্লাহ ইবন উবাই জোর দিয়ে কসম করল যে সে এমন কথা বলেনি। এতে লোকেরা যায়দ (রাঃ)-কে মিথ্যা বলেছে বলে দুঃখ দিল। পরে আল্লাহ তাঁর সত্যতার পক্ষে আয়াত অবতীর্ণ করলেন। নবী صلى الله عليه وسلم তাদের জন্য ক্ষমা চাইতে ডাকলেন, কিন্তু তারা মাথা ফিরিয়ে নিল। এতে মুনাফিকী অহংকার ও সত্য অস্বীকারের ক্ষতি বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কঠিন সময়ে বিভেদমূলক কথা আরও ক্ষতি করে।
- সত্য জানানো দায়িত্ব, যদিও মানুষ কষ্ট দিতে পারে।
- ক্ষমা চাওয়ার সুযোগ পেলে তা ফিরিয়ে দেওয়া ভালো লক্ষণ নয়।
- বাহ্যিক সৌন্দর্য মানুষের ভেতরের অবস্থার প্রমাণ নয়।
