৬৫/২৬৬. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণী:
দুধসম্পর্কে মাহরাম: বংশের মতো হারাম সম্পর্কের শিক্ষা
সহিহ বুখারী : ৪৭৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৯৬
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِيْ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ اسْتَأْذَنَ عَلَيَّ أَفْلَحُ أَخُوْ أَبِي الْقُعَيْسِ بَعْدَمَا أُنْزِلَ الْحِجَابُ فَقُلْتُ لَا آذَنُ لَهُ حَتَّى أَسْتَأْذِنَ فِيْهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَإِنَّ أَخَاهُ أَبَا الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِيْ وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ لَهُ يَا رَسُوْلَ اللهِ إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ اسْتَأْذَنَ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَا مَنَعَكِ أَنْ تَأْذَنِيْ عَمُّكِ قُلْتُ يَا رَسُوْلَ اللهِ إِنَّ الرَّجُلَ لَيْسَ هُوَ أَرْضَعَنِيْ وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَةُ أَبِي الْقُعَيْسِ فَقَالَ ائْذَنِيْ لَهُ فَإِنَّهُ عَمُّكِ تَرِبَتْ يَمِيْنُكِ قَالَ عُرْوَةُ فَلِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُوْلُ حَرِّمُوْا مِنْ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُوْنَ مِنْ النَّسَبِ.
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পর, আবু কুঈসের ভাই আফলাহ আমার কাছে প্রবেশ করার অনুমতি চান। আমি বললাম, এ ব্যাপারে যতক্ষণ রাসূলুল্লাহ (ﷺ) অনুমতি না দিবেন, ততক্ষণ আমি অনুমতি দিতে পারি না। কেননা তাঁর ভাই আবু কুঈস নিজে আমাকে দুধ পান করাননি। কিন্তু আবু কুঈসের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছেন।রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন। আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল! আবু কুঈসের ভাই আফলাহ আমার সঙ্গে দেখা করার অনুমতি চাইছিল। আমি এ বলে অস্বীকার করেছি যে, যতক্ষণ আপনি এ ব্যাপারে অনুমতি না দিবেন, ততক্ষণ আমি অনুমতি দিব না।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার চাচাকে (দেখা করার) অনুমতি দিতে কিসে বাধা দিয়েছে?আমি বললাম, সে ব্যক্তি তো আমাকে দুধ পান করাননি; কিন্তু আবু কুঈসের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছে।এরপর তিনি [রাসূল (ﷺ)] বললেন, তোমার হাত ধুলায় ধূসরিত হোক, তাকে অনুমতি দাও, কেননা, সে তোমার চাচা।উরওয়া বলেন, এ কারণে আয়েশা (রাঃ) বলতেন, বংশের কারণে যাকে তোমরা হারাম মনে কর, দুগ্ধপানের কারণেও তাকে হারাম মনে করো।
[২৬৪৪; মুসলিম ১৭/২, হাঃ ১৪৪৫, আহমাদ ২৪১০৯] (আধুনিক প্রকাশনীঃ ৪৪৩১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৪৩৩)
সহিহ বুখারী হাদিস ৪৭৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুধপানের কারণে আত্মীয়তার বিধান এসেছে। পর্দার আয়াত নাযিল হওয়ার পর আফলাহ, যিনি আবু কুঈসের ভাই, আয়িশা (রাঃ)-এর কাছে প্রবেশের অনুমতি চান। আয়িশা (রাঃ) অনুমতি দেননি, কারণ আবু কুঈস নিজে তাঁকে দুধ পান করাননি; বরং তাঁর স্ত্রী দুধ পান করিয়েছিলেন। পরে নবী صلى الله عليه وسلم এসে বিষয়টি শুনে বলেন, আফলাহ তোমার চাচা, তাকে অনুমতি দাও। এরপর উরওয়া (রহঃ) বলেন, এ কারণেই আয়িশা (রাঃ) বলতেন, বংশের কারণে যাকে হারাম মনে করা হয়, দুধপানের কারণেও তাকে হারাম মনে করো। এই হাদিসে দুধসম্পর্কের মাহরাম বিধান সহজভাবে পরিষ্কার হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুধপানের কারণে মাহরাম সম্পর্ক তৈরি হয়।
- আয়িশা (রাঃ) বিষয়টি না বুঝে অনুমতি দেননি, আগে নবী صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেছেন।
- নবী صلى الله عليه وسلم আফলাহকে দুধসম্পর্কের চাচা হিসেবে অনুমতি দিতে বলেছেন।
- বংশের মতো দুধসম্পর্কেও কিছু হারাম সম্পর্ক হয়।
