৬৫/২২৯. অধ্যায়ঃ
আর মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বের সঙ্গে আল্লাহর ইবাদত করে। যদি তার কোনো পার্থিব স্বার্থ লাভ হয় তবে সে তাতে প্রশান্তি লাভ করে; কিন্তু যদি তার উপর কোনো বিপর্যয় ঘটে তবে সে পূর্বাবস্থায় ফিরে যায়। এতে সে দুনিয়া ও আখিরাত উভয়টাই হারিয়ে বসে। এটাই প্রকাশ্য ক্ষতি। সে আল্লাহকে ছেড়ে এমন সব কিছুর উপাসনা করে, যা তার কোনো ক্ষতিও করতে পারে না এবং উপকারও করতে পারে না। এটাই চরম গোমরাহী। (সূরা হজ্জ ২২/১১-১২)
দ্বীনের উপর স্থিরতা: লাভ-ক্ষতির ভিত্তিতে ঈমান নয়
সহিহ বুখারী : ৪৭৪২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৭৪২
إِبْرَاهِيْمُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِيْ بُكَيْرٍ حَدَّثَنَا إِسْرَائِيْلُ عَنْ أَبِيْ حَصِيْنٍ عَنْ سَعِيْدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ {وَمِنْ النَّاسِ مَنْ يَعْبُدُ اللهَ عَلَى حَرْفٍ} قَالَ كَانَ الرَّجُلُ يَقْدَمُ الْمَدِيْنَةَ فَإِنْ وَلَدَتْ امْرَأَتُهُ غُلَامًا وَنُتِجَتْ خَيْلُهُ قَالَ هَذَا دِيْنٌ صَالِحٌ وَإِنْ لَمْ تَلِدْ امْرَأَتُهُ وَلَمْ تُنْتَجْ خَيْلُهُ قَالَ هَذَا دِيْنُ سُوْءٍ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি وَمِنَ النَّاسِ مَنْ يَّعْبُدُ اللهَ عَلٰى حَرْفٍ সম্পর্কে বলেন, কোন ব্যক্তি মদিনায় আগমন করতঃ যদি তার স্ত্রী পুত্র সন্তান প্রসব করত এবং তার ঘোড়া বাচ্চা দিত, তখন বলত এ দ্বীন ভাল। আর যদি তার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান না জন্মাত এবং তার ঘোড়াও বাচ্চা না দিত, তখন বলত, এটা মন্দ দ্বীন।
(আধুনিক প্রকাশনীঃ ৪৩৮১,ইসলামী ফাউন্ডেশনঃ ৪৩৮৩)
সহিহ বুখারী হাদিস ৪৭৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) সূরা হজ্জের আয়াতের ব্যাখ্যা করেছেন, যেখানে বলা হয়েছে কেউ কেউ আল্লাহর ইবাদত করে এক কিনারায় দাঁড়িয়ে। উদাহরণ হিসেবে তিনি এমন ব্যক্তির কথা বলেন, যে মদিনায় এসে নিজের পারিবারিক ও সম্পদের অবস্থা দেখে দ্বীন সম্পর্কে মন্তব্য করত। যদি তার স্ত্রী পুত্র সন্তান জন্ম দিত এবং ঘোড়া বাচ্চা দিত, সে বলত—এ দ্বীন ভালো। আর তা না হলে বলত—এ দ্বীন মন্দ। এই বর্ণনা আমাদের শেখায়, দ্বীনের উপর স্থিরতা দুনিয়ার লাভ-ক্ষতির সঙ্গে বাঁধা হওয়া উচিত নয়। ঈমানের মূল্য সম্পদ, সন্তান বা বাহ্যিক সুবিধা দিয়ে মাপা যায় না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দ্বীনকে শুধু দুনিয়ার লাভ দেখে বিচার করা ভুল মনোভাব।
- সন্তান বা সম্পদের প্রাপ্তি ঈমানের সত্যতা মাপার মানদণ্ড নয়।
- আল্লাহর ইবাদতে স্থিরতা দরকার, সুবিধাবাদী মনোভাব নয়।
- পরীক্ষা এলে দ্বীনকে দোষারোপ করা মুমিনের পথ নয়।
