৬৪/৫৭. অধ্যায়ঃ
তায়িফের যুদ্ধ
فِي شَوَّالٍ سَنَةَ ثَمَانٍ قَالَهُ مُوسَى بْنُ عُقْبَةَমূসা ইবন ‘উকবা (রহ.) বলেছেন এ যুদ্ধ অষ্টম হিজরীর শাওয়াল মাসে সংঘটিত হয়েছে।"
সুসংবাদ গ্রহণ: আবু মূসা ও বিলাল রাঃ-এর ঘটনা
সহীহ বুখারী : ৪৩২৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৪৩২৮
مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُوْ أُسَامَةَ عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللهِ عَنْ أَبِيْ بُرْدَةَ عَنْ أَبِيْ مُوْسَى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِيْنَةِ وَمَعَهُ بِلَالٌ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْرَابِيٌّ فَقَالَ أَلَا تُنْجِزُ لِيْ مَا وَعَدْتَنِيْ فَقَالَ لَهُ أَبْشِرْ فَقَالَ قَدْ أَكْثَرْتَ عَلَيَّ مِنْ أَبْشِرْ فَأَقْبَلَ عَلَى أَبِيْ مُوْسَى وَبِلَالٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ رَدَّ الْبُشْرَى فَاقْبَلَا أَنْتُمَا قَالَا قَبِلْنَا ثُمَّ دَعَا بِقَدَحٍ فِيْهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيْهِ وَمَجَّ فِيْهِ ثُمَّ قَالَ اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا عَلَى وُجُوْهِكُمَا وَنُحُوْرِكُمَا وَأَبْشِرَا فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلَا فَنَادَتْ أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَنْ أَفْضِلَا لِأُمِّكُمَا فَأَفْضَلَا لَهَا مِنْهُ طَائِفَةً.
আবূ মূসা (রাযিআল্লাহু তাআলা আনহু) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর নিকট মক্কা ও মদীনার মধ্যবর্তী জিইরানা নামক স্থানে অবস্থান করছিলাম। তখন বিলাল (রাঃ) তাঁর কাছে ছিলেন। এমন সময়ে নবী (ﷺ)-এর কাছে এক বেদুইন এসে বলল, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছিলেন, তা পূরণ করবেন না? তিনি তাঁকে বললেন, সুসংবাদ গ্রহণ কর। সে বলল, সুসংবাদ গ্রহণ কর কথাটি তো আপনি আমাকে অনেকবারই বলেছেন।তখন তিনি ক্রোধ ভরে আবু মূসা ও বিলাল (রাঃ)-এর দিকে ফিরে বললেন, লোকটি সুসংবাদ ফিরিয়ে দিয়েছে। তোমরা দু’জন তা গ্রহণ কর। তাঁরা উভয়েই বললেন, আমরা তা গ্রহণ করলাম। এরপর তিনি পানির একটি পাত্র আনতে বললেন। তিনি এর মধ্যে নিজের উভয় হাত ও মুখমণ্ডল ধুয়ে কুলি করলেন। তারপর বললেন, তোমরা উভয়ে এ থেকে পান করো এবং নিজেদের মুখমণ্ডল ও বুকে ছিটিয়ে দাও। আর সুসংবাদ গ্রহণ কর। তাঁরা উভয়ে পাত্রটি তুলে নিয়ে নির্দেশ মতো কাজ করলেন।এমন সময় উম্মু সালামা (রাঃ) পর্দার আড়াল থেকে ডেকে বললেন, তোমাদের মায়ের জন্যও অতিরিক্ত কিছু রাখ। কাজেই তাঁরা এ থেকে অতিরিক্ত কিছু তার [উম্মু সালামা (রাঃ)-এর] জন্য রাখলেন।
[১৮৮] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৮৫,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮৯)
সহীহ বুখারী হাদিস ৪৩২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে জি‘রানা স্থানের একটি ঘটনা এসেছে। এক বেদুইন নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে তাঁর ওয়াদার কথা জানতে চায়। নবী صلى الله عليه وسلم তাকে বলেন, সুসংবাদ গ্রহণ কর। কিন্তু সে কথাটি গ্রহণ না করে আপত্তির সুরে কথা বলে। তখন নবী صلى الله عليه وسلم আবু মূসা ও বিলাল রাঃ-কে বলেন, লোকটি সুসংবাদ ফিরিয়ে দিয়েছে, তোমরা তা গ্রহণ কর। তাঁরা বলেন, আমরা গ্রহণ করলাম। এরপর নবী صلى الله عليه وسلم পানির পাত্রে হাত-মুখ ধুয়ে কুলি করেন এবং তাঁদের তা পান করতে ও মুখ-বুকে ছিটাতে বলেন। উম্মু সালামা রাঃ পর্দার আড়াল থেকে নিজের অংশও চান। হাদিসটি সুসংবাদ গ্রহণ, নবীর নির্দেশ মানা এবং সাহাবীদের আদব তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো কথা ও সুসংবাদকে অবজ্ঞা করা উচিত নয়।
- সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ দ্রুত গ্রহণ করতেন।
- উম্মু সালামা রাঃ পর্দার আড়াল থেকে আদবের সঙ্গে নিজের অংশ চান।
- নবী صلى الله عليه وسلم-এর কাছে থাকা সাহাবীরা তাঁর নির্দেশকে বরকতের বিষয় মনে করতেন।
