৮/১৪. অধ্যায়ঃ
কারুকার্য খচিত কাপড়ে সালাত আদায় করা এবং ঐ কারুকার্যে দৃষ্টি পড়া।
সালাতে মনোযোগ: কারুকার্য খচিত কাপড় থেকে সতর্কতা
সহীহ বুখারী : ৩৭৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ " اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي ". وَقَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا وَأَنَا فِي الصَّلاَةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) একদা একটি কারুকার্য খচিত চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন। আর সালাতে সে চাদরের কারুকার্যের প্রতি তাঁর দৃষ্টি পড়ল। সালাত শেষে তিনি বললেনঃ এ চাদরখানা আবু জাহমের নিকট নিয়ে যাও, আর তাঁর কাছ হতে আমবিজানিয়া (কারুকার্য ছাড়া মোটা চাদর) নিয়ে আস। এটা তো আমাকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল।হিশাম ইবনে উরওয়া (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি আয়েশা (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেছেনঃ আমি সালাত আদায়ের সময় এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে। তখন আমি আশঙ্কা করেছিলাম যে, এটা আমাকে ফিতনায় ফেলে দিতে পারে।
আধুনিক প্রকাশনীঃ৩৬০, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৬
সহীহ বুখারী হাদিস ৩৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো সালাতে মনোযোগ বা খুশু। আয়িশা (রাঃ) বর্ণনা করেন, নবী (صلى الله عليه وسلم) একবার কারুকার্য খচিত একটি চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন। সালাতের মধ্যে চাদরের নকশার দিকে তাঁর দৃষ্টি পড়ে। সালাত শেষে তিনি সেই চাদর আবু জাহমের কাছে ফেরত পাঠাতে বলেন এবং কারুকার্য ছাড়া মোটা চাদর আনতে বলেন। কারণ ওই চাদর তাঁকে সালাত থেকে অমনোযোগী করে দিচ্ছিল। অন্য বর্ণনায় এসেছে, তিনি আশঙ্কা করেছিলেন এটি তাঁকে ফিতনায় ফেলতে পারে। এই হাদিস থেকে আমরা বুঝি, নামাজে মনোযোগ নষ্ট করে এমন জিনিস এড়ানো ভালো। পোশাক সুন্দর হতে পারে, কিন্তু যদি সেটি সালাতের মনোযোগে বাধা দেয়, তাহলে সহজ ও কম আকর্ষণীয় জিনিস বেছে নেওয়া বেশি নিরাপদ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে মনোযোগ নষ্ট করে এমন পোশাক এড়ানো উচিত।
- নবী (صلى الله عليه وسلم) কারুকার্য খচিত চাদর বদলে সাধারণ চাদর আনতে বলেছেন।
- সালাত শেষে তিনি মনোযোগে প্রভাবের কারণ স্পষ্ট করেছেন।
- পোশাকের সৌন্দর্যের চেয়ে সালাতের খুশু বেশি গুরুত্বপূর্ণ।
