৫১/২৩. অধ্যায়ঃ
দখলভুক্ত বা দখলভুক্ত নয় এবং বন্টিত বা বন্টিত নয় এমন সম্পদ দান করা।
وَقَدْ وَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ لِهَوَازِنَ مَا غَنِمُوا مِنْهُمْ وَهُوَ غَيْرُ مَقْسُومٍনবী (ﷺ) ও তাঁর সাহাবীগণ হাওয়াযিন গোত্রের নিকট হতে যে গনীমত লাভ করেছিলেন, তা বণ্টিত না হওয়া সত্ত্বেও তাদেরকে তা দান করে দিয়েছিলেন।"
ঋণ পরিশোধের হাদিস: পাওনাদারের হক ও ভালো আদায়
সহীহ বুখারী : ২৬০৬
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬০৬
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ جَبَلَةَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم دَيْنٌ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ، فَقَالَ " دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَقَالَ اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهَا إِيَّاهُ ". فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ سِنًّا إِلاَّ سِنًّا هِيَ أَفْضَلُ مِنْ سِنِّهِ. قَالَ " فَاشْتَرُوهَا فَأَعْطُوهَا إِيَّاهُ، فَإِنَّ مِنْ خَيْرِكُمْ أَحْسَنَكُمْ قَضَاءً ".
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক ব্যক্তির কিছু ঋণ ছিল। (তাগাদা করতে এসে সে অশোভনীয় কিছু শুরু করলে) সাহাবীগণ তাকে কিছু করতে চাইলেন। তিনি তাদের বললেন, তাকে ছেড়ে দাও, পাওনাদারের কিছু বলার হক আছে। তিনি তাদের আরও বললেন, তাকে এক বছর বয়সী একটি উট খরিদ করে দাও। সাহাবীগণ বলল, আমরা তো তার দেয়া এক বছর বয়সের উটের মতো পাচ্ছি না; বরং তার চেয়ে ভালো উট পাচ্ছি। তিনি বললেন, তবে তাই কিনে তাকে দিয়ে দাও। কেননা যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে, সে তোমাদের সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে। কিংবা তিনি বলেছেন, সে তোমাদের মধ্যে সর্বোত্তম।
সহীহ বুখারী হাদিস ২৬০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঋণ নেওয়া ও ঋণ পরিশোধের গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পাওনা চাইতে এসে কঠোরভাবে কথা বললে সাহাবীগণ তাকে থামাতে চাইলেন। কিন্তু নবীজি (صلى الله عليه وسلم) বললেন, তাকে ছেড়ে দাও, কারণ পাওনাদারের কিছু বলার হক আছে। এরপর তিনি তার পাওনা উটের বয়সের মতো উট দিতে বললেন। সাহাবীগণ একই বয়সের উট না পেয়ে তার চেয়ে ভালো উটের কথা জানালে নবীজি (صلى الله عليه وسلم) সেটিই কিনে দিতে বললেন। তারপর বললেন, তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। এখানে ঋণ আদায়ের সময় ধৈর্য, পাওনাদারের অধিকার এবং ঋণ শোধে উদারতার শিক্ষা স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাওনাদারের নিজের পাওনা চাইবার অধিকার আছে।
- ঋণ পরিশোধে ভালো মানের জিনিস দেওয়া প্রশংসনীয়।
- রাগের সময়ও ন্যায় ও ধৈর্য ধরে আচরণ করা দরকার।
- উত্তমভাবে ঋণ শোধ করা ভালো মানুষের গুণ।
