৫১/২০. অধ্যায়ঃ
হাদিয়া পাঠানো হলে ‘গ্রহণ করলাম’ এ কথা না বলে কেউ স্বীয় অধিকারভুক্ত করে নিলে।
রমজানে ভুলের কাফফারা: অক্ষম ব্যক্তির প্রতি নবীজির দয়া
সহীহ বুখারী : ২৬০০
সহীহ বুখারীহাদিস নম্বর ২৬০০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ هَلَكْتُ. فَقَالَ " وَمَا ذَاكَ ". قَالَ وَقَعْتُ بِأَهْلِي فِي رَمَضَانَ. قَالَ " تَجِدُ رَقَبَةً ". قَالَ لاَ. قَالَ " فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ ". قَالَ لاَ. قَالَ " فَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا ". قَالَ لاَ. قَالَ فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بِعَرَقٍ ـ وَالْعَرَقُ الْمِكْتَلُ ـ فِيهِ تَمْرٌ فَقَالَ " اذْهَبْ بِهَذَا فَتَصَدَّقْ بِهِ ". قَالَ عَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا. قَالَ " اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ ".
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এল এবং বলল, “আমি ধ্বংস হয়ে গিয়েছি।” তিনি জিজ্ঞেস করলেন, “তা কী?” সে বলল, “আমি রমজানে দিনের বেলা স্ত্রী সম্ভোগ করেছি।” তিনি জিজ্ঞেস করলেন, “তুমি কি কোন গোলাম আজাদ করতে পারবে?” সে বলল, “না।” তিনি জিজ্ঞেস করলেন, “তুমি কি একনাগাড়ে দুই মাস সিয়াম পালন করতে পারবে?” সে বলল, “না।” তিনি জিজ্ঞেস করলেন, “তাহলে তুমি কি ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবে?” সে বলল, “না।”বর্ণনাকারী বলেন, ইতোমধ্যে এক আনসারী এক ‘আরক’ খেজুর নিয়ে আসল। ‘আরক’ হলো নির্দিষ্ট মাপের খেজুর মাপার পাত্র। তিনি বললেন, “যাও, এটা নিয়ে গিয়ে সদকা করে দাও।” সে বলল, “হে আল্লাহর রাসূল! আমাদের চেয়ে বেশি অভাবী এমন কাউকে সদকা করে দিব? যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তাঁর কসম! কঙ্করময় মরুভূমির মাঝে (অর্থাৎ মদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন ঘর নেই।” শেষে তিনি বললেন, “যাও তা তোমার পরিবার-পরিজনদের খাওয়াও।”
সহীহ বুখারী হাদিস ২৬০০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি ধ্বংস হয়ে গেছেন। কারণ তিনি রমজানে দিনের বেলা স্ত্রী সম্ভোগ করেছেন। নবী صلى الله عليه وسلم ধাপে ধাপে জিজ্ঞেস করেন, তিনি কি গোলাম মুক্ত করতে পারেন, একনাগাড়ে দুই মাস সিয়াম রাখতে পারেন, অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে পারেন। তিনি প্রতিটিতেই অক্ষমতা জানান। এরপর খেজুর এলে নবী صلى الله عليه وسلم তাকে সদকা করতে বলেন। লোকটি জানায়, মদীনায় তাদের চেয়ে অভাবী ঘর নেই। তখন নবী صلى الله عليه وسلم বলেন, তা নিজের পরিবারকে খাওয়াও। এই হাদিসে ভুল স্বীকার, কাফফারার ধাপ, অক্ষমতার কথা বলা এবং নবী صلى الله عليه وسلم-এর দয়াময় আচরণ স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভুল হলে তা গোপন না করে সঠিক সমাধান জানতে চাওয়া দরকার।
- কাফফারার ধাপ এই হাদিসে ধারাবাহিকভাবে এসেছে।
- অক্ষমতার কথা সত্যভাবে বলা সমস্যার সমাধানে সাহায্য করে।
- নবী صلى الله عليه وسلم কঠিন অবস্থায় দয়া ও সহজতার পথ দেখিয়েছেন।
