৪৬/২. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার বাণীঃ সাবধান! যালিমদের উপর আল্লাহর অভিশাপ। (সূরা হুদ : ১৮)
কিয়ামতের দিন মুমিনের পাপ গোপন ও আল্লাহর ক্ষমা
সহিহ বুখারী : ২৪৪১
সহিহ বুখারীহাদিস নম্বর ২৪৪১
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ أَخْبَرَنِي قَتَادَةُ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي، مَعَ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ آخِذٌ بِيَدِهِ إِذْ عَرَضَ رَجُلٌ، فَقَالَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ، وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَىْ رَبِّ. حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ. فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ، وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الأَشْهَادُ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ، أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ ".
সাফওয়ান ইবনু মুহরিব আল–মাযিনী (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি ইবনু উমর (রাঃ)-এর সাথে তাঁর হাত ধরে চলছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলল, কেয়ামতের দিন আল্লাহ ও তাঁর মুমিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রসূলুল্লাহ (ﷺ)-কে কি বলতে শুনেছেন?তখন তিনি বললেন, আমি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, আল্লাহ মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জান? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার প্রতিপালক! এভাবে তিনি তার কাছ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নিবেন। আর সে মনে করবে যে, তার ধ্বংস অনিবার্য।তখন আল্লাহ তা‘আলা বলবেন, “আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম। আর আজ আমি তা মাফ করে দিব”। তারপর তার নেক আমলনামা তাকে দেয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, যালিমদের উপর আল্লাহর অভিসম্পাত।
সহিহ বুখারী হাদিস ২৪৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল শিক্ষা হলো কিয়ামতের দিন মুমিনের হিসাব, পাপ স্বীকার এবং আল্লাহর দয়া। ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত এই হাদিসে বলা হয়েছে, আল্লাহ মুমিন বান্দাকে নিজের কাছে আনবেন, তাকে আড়াল করবেন এবং তার পাপগুলোর কথা জিজ্ঞেস করবেন। বান্দা নিজের ভুল স্বীকার করবে এবং মনে করবে সে ধ্বংস হয়ে গেল। তখন আল্লাহ বলবেন, দুনিয়ায় তিনি এসব পাপ গোপন রেখেছিলেন, আর আজ তা মাফ করবেন। তাই কিয়ামতের হিসাব নিয়ে ভয়ও আছে, আবার মুমিনের জন্য আল্লাহর ক্ষমার আশাও আছে। একই সঙ্গে হাদিসটি সতর্ক করে যে কাফির ও মুনাফিকদের মিথ্যা সাক্ষীদের সামনে প্রকাশ পাবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের দিন বান্দাকে নিজের কাজের হিসাব দিতে হবে।
- মুমিনের পাপ আল্লাহ দুনিয়ায় গোপন রাখতে পারেন এবং আখিরাতে ক্ষমা করতে পারেন।
- নিজের পাপ অস্বীকার না করে আল্লাহর সামনে স্বীকার করার বিষয়টি হাদিসে এসেছে।
- রবের ব্যাপারে মিথ্যা বলা বড় ক্ষতির কারণ।
