৩৪/৮৩. অধ্যায়ঃ
সোনা ও রূপার বদলে গাছের খেজুর ক্রয়-বিক্রয় করা।
আরিয়্যা বিক্রির হাদিস: তাজা খেজুর খাওয়ার সুযোগ
সহীহ বুখারী : ২১৯১
সহীহ বুখারীহাদিস নম্বর ২১৯১
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ سَمِعْتُ بُشَيْرًا، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ، وَرَخَّصَ فِي الْعَرِيَّةِ أَنْ تُبَاعَ بِخَرْصِهَا يَأْكُلُهَا أَهْلُهَا رُطَبًا. وَقَالَ سُفْيَانُ مَرَّةً أُخْرَى إِلاَّ أَنَّهُ رَخَّصَ فِي الْعَرِيَّةِ يَبِيعُهَا أَهْلُهَا بِخَرْصِهَا، يَأْكُلُونَهَا رُطَبًا. قَالَ هُوَ سَوَاءٌ. قَالَ سُفْيَانُ فَقُلْتُ لِيَحْيَى وَأَنَا غُلاَمٌ إِنَّ أَهْلَ مَكَّةَ يَقُولُونَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا. فَقَالَ وَمَا يُدْرِي أَهْلَ مَكَّةَ قُلْتُ إِنَّهُمْ يَرْوُونَهُ عَنْ جَابِرٍ. فَسَكَتَ. قَالَ سُفْيَانُ إِنَّمَا أَرَدْتُ أَنَّ جَابِرًا مِنْ أَهْلِ الْمَدِينَةِ. قِيلَ لِسُفْيَانَ وَلَيْسَ فِيهِ نَهْىٌ عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ قَالَ لاَ.
সাহল ইবনু আবূ হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করতে বারণ করেছেন এবং আরিয়্যা-এর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন। তা হল তাজা ফল অনুমানে বিক্রি করা, যাতে (ক্রেতা) তাজা খেজুর খাওয়ার সুযোগ লাভ করতে পারে।রাবী সুফইয়ান (রহঃ) আর একবার এভাবে বর্ণনা করেছেন, অবশ্য তিনি [আল্লাহর রসূল (ﷺ)] আরিয়্যা এর ক্ষেত্রে অনুমতি দিয়েছেন যে, ফলের মালিক অনুমানে তাজা খেজুর বিক্রয় করে, যাতে তারা (ক্রেতাগণ) তাজা খেজুর খেতে পারে। রাবী বলেন, এ কথা পূর্বের কথার একই।সুফইয়ান (রহঃ) বলেন, আমি তরুণ বয়সে (আমার উস্তাদ) ইয়াহিয়া ইবনু সাঈদ (রহঃ)-কে বললাম, মক্কাবাসীরা তো বলে, নবী (ﷺ) আরায়্যা-এর ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়েছেন। তিনি বললেন, মক্কাবাসীদের তা কিসে অবহিত করল? আমি বললাম, তারা জাবির (রাঃ) হতে বর্ণনা করে থাকেন। এতে তিনি নীরব হয়ে গেলেন। সুফইয়ান (রহঃ) বলেন, আমার কথার মর্ম এই ছিল যে, জাবির (রাঃ) মদিনাবাসী। সুফইয়ান (রহঃ)-কে জিজ্ঞেস করা হল, এ হাদীসে এ কথাটুকু নাই যে, উপযোগিতা প্রকাশের পূর্বে ফল বিক্রি নিষিদ্ধ করেছেন? তিনি বলেন, না।
সহীহ বুখারী হাদিস ২১৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় আরিয়্যা বিক্রির ছাড়। সাহল ইবন আবী হাসমা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করতে বারণ করেছেন। তবে আরিয়্যার ক্ষেত্রে অনুমতি দিয়েছেন—তা অনুমানে বিক্রি করা যাবে, যাতে পরিবার তাজা খেজুর খেতে পারে। বর্ণনার পরের অংশে সুফইয়ান (রহঃ) ও ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ)-এর কথোপকথন এসেছে, যেখানে এই বর্ণনার সূত্র নিয়ে আলোচনা হয়েছে। শেষদিকে বলা হয়েছে, এই হাদিসে উপযোগিতা প্রকাশের আগে ফল বিক্রি নিষিদ্ধ করার কথা নেই। তাই হাদিসটির ব্যাখ্যায় নির্দিষ্ট বিষয়টি ধরে রাখা জরুরি: সাধারণ তাজা-শুকনা খেজুর বিনিময় নিষেধ, কিন্তু আরিয়্যায় অনুমানভিত্তিক সীমিত ছাড়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি নিষেধ করা হয়েছে।
- আরিয়্যায় অনুমানের ভিত্তিতে বিক্রির ছাড় এসেছে।
- হাদিসের প্রতিটি বর্ণনা তার নিজ বিষয়ের মধ্যে বুঝতে হয়।
