৪/৫৮. অধ্যায়ঃ
পেশাব ধোয়া সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে।
وَقَالَ النَّبِيُّ ﷺ لِصَاحِبِ الْقَبْرِ كَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَلَمْ يَذْكُرْ سِوَى بَوْلِ النَّاسِ.নবী (ﷺ) জনৈক কবরবাসী সম্পর্কে বলেছেন, সে তার পেশাব হতে সতর্ক থাকত না। তিনি শুধু মানুষের পেশাব সম্পর্কেই উল্লেখ করেছেন।
পেশাব থেকে সতর্ক থাকা ও চোগলখোরি বর্জনের হাদিস
সহীহ বুখারী : ২১৮
সহীহ বুখারীহাদিস নম্বর ২১৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ فَقَالَ " إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ". ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً. قَالُوا يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا قَالَ " لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا ". قَالَ ابْنُ الْمُثَنَّى وَحَدَّثَنَا وَكِيعٌ قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا مِثْلَهُ " يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একদা দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় তিনি বললেনঃ এদের আযাব দেয়া হচ্ছে, কোন গুরুতর অপরাধের জন্য তাদের শাস্তি দেয়া হচ্ছে না। তাদের একজন পেশাব হতে সতর্ক থাকত না। আর অপরজন চোগলখোরি করে বেড়াত। তারপর তিনি একখানি কাঁচা খেজুরের ডাল নিয়ে ভেঙে দু’ভাগ করলেন এবং প্রত্যেক কবরের উপর একখানি গেড়ে দিলেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! কেন এমন করলেন? তিনি বললেনঃ আশা করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এ দুটি শুকিয়ে না যায় তাদের আযাব কিছুটা হালকা করা হবে। ইবনুল মুসান্না (রহঃ) আ’মাশ (রহঃ) বলেনঃ আমি মুজাহিদ (রহঃ) হতে অনুরূপ শুনেছি। সে তার পেশাব হতে সতর্ক থাকত।
(২১৬) (আধুনিক প্রকাশনীঃ ২১২, ইসলামী ফাউন্ডেশনঃ ২১৮)
সহীহ বুখারী হাদিস ২১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন, তাদের আযাব দেওয়া হচ্ছে; একজন পেশাব থেকে সতর্ক থাকত না, আর অন্যজন চোগলখোরি করে বেড়াত। এরপর তিনি একটি কাঁচা খেজুরের ডাল দুই ভাগ করে প্রতিটি কবরে একটি করে গেড়ে দেন। সাহাবিরা কারণ জানতে চাইলে তিনি বলেন, আশা করা যায়, এগুলো শুকানো পর্যন্ত তাদের আযাব কিছুটা হালকা হবে। এই হাদিস আমাদের দুই বিষয়ে সাবধান করে: শরীর ও কাপড়কে পেশাবের অপবিত্রতা থেকে বাঁচানো এবং মানুষের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ঝগড়া লাগানোর মতো কাজ থেকে দূরে থাকা। হাদিসের ভাষা সরল, কিন্তু সতর্কবার্তাটি গভীর।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পেশাব থেকে অসতর্ক থাকা ক্ষতির কারণ হিসেবে এসেছে।
- চোগলখোরি গুরুতর পরিণতির কারণ হতে পারে।
- পরিচ্ছন্নতা ও জিহ্বার হেফাজত—দুইটিই জরুরি।
- হাদিসে আযাব হালকা হওয়ার বিষয়ে আশা প্রকাশ করা হয়েছে।
