২৩/৮৫. অধ্যায়ঃ
লোকজন কর্তৃক মৃত ব্যক্তির গুণাবলী বর্ণনা করা।
মুসলিমের পক্ষে ভালো সাক্ষ্য: জানাযার গভীর শিক্ষা
সহিহ বুখারী : ১৩৬৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১৩৬৮
حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ، فَجَلَسْتُ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَمَرَّتْ بِهِمْ جَنَازَةٌ فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ. ثُمَّ مُرَّ بِأُخْرَى فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا خَيْرًا، فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ وَجَبَتْ. ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ عَلَى صَاحِبِهَا شَرًّا فَقَالَ وَجَبَتْ. فَقَالَ أَبُو الأَسْوَدِ فَقُلْتُ وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ قَالَ قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ ". فَقُلْنَا وَثَلاَثَةٌ قَالَ " وَثَلاَثَةٌ ". فَقُلْنَا وَاثْنَانِ قَالَ " وَاثْنَانِ ". ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ.
আবুল আসওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মদিনায় আসলাম, তখন সেখানে একটি রোগ (মহামারী আকারে) ছড়িয়ে পড়েছিল। আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট উপবিষ্ট ছিলাম। এ সময় তাদের পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করল। তখন জানাজার লোকটি সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করা হল। উমর (রাঃ) বললেন, ওয়াজিব হয়ে গেল। অতঃপর অপর একটি (জানাজা) অতিক্রম করল। তখন সে লোকটি সম্পর্কেও প্রশংসাসূচক মন্তব্য করা হল। (এবারও) তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল। অতঃপর তৃতীয় একটি (জানাজা) অতিক্রম করল, লোকটি সম্পর্কে নিন্দাসূচক মন্তব্য করা হল। তিনি বললেন, ওয়াজিব হয়ে গেল।আবুল আসওয়াদ (রাঃ) বললেন: আমি বললাম, হে আমীরুল মু’মিনীন! কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন, আমি তেমনই বলেছি, যেমন নবী (ﷺ) বলেছিলেন, যে কোন মুসলিম সম্পর্কে চার ব্যক্তি ভাল বলে সাক্ষ্য দিবে, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। উমর (রাঃ) বলেন: তখন আমরা বলেছিলাম, তিনজন হলে? তিনি বললেন, তিনজন হলেও। আমরা বললাম, দুইজন হলে? তিনি বললেন, দুইজন হলেও। অতঃপর আমরা একজন সম্পর্কে আর তাঁকে জিজ্ঞেস করিনি।
সহিহ বুখারী হাদিস ১৩৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় মৃত মুসলিমের পক্ষে মানুষের ভালো সাক্ষ্য। উমর (রাঃ)-এর সামনে জানাযা অতিক্রম করলে কারও সম্পর্কে ভালো বলা হয়, আর কারও সম্পর্কে মন্দ বলা হয়। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কথার মতো বলেন, ওয়াজিব হয়ে গেল। পরে তিনি ব্যাখ্যা করেন, যে মুসলিমের পক্ষে চারজন ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। সাহাবীরা তিনজন ও দুইজনের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, সেক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এখানে শিক্ষা হলো, মানুষের জীবনে এমন আচরণ থাকা দরকার, যাতে তার চলে যাওয়ার পর মানুষ সত্যভাবে ভালো কথা বলে। তবে হাদিসটি মিথ্যা প্রশংসা বানানোর কথা বলে না। বরং সৎ জীবন, মানুষের হক আদায়, ভালো ব্যবহার ও দ্বীনের পথে চলার গুরুত্ব বোঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো চরিত্র মানুষের ভালো সাক্ষ্যের কারণ হতে পারে।
- মৃত ব্যক্তির বিষয়ে সত্যভিত্তিক কথা বলা উচিত।
- জীবিত অবস্থায় মানুষের হক আদায় করা গুরুত্বপূর্ণ।
- জানাযা নিজের পরিণাম ভাবার সুযোগ করে দেয়।
