১৮/৬. অধ্যায়ঃ
সফরে মাগরিবের সালাত তিন রাকাত আদায় করা।
সফরে মাগরিব ও ইশা জমা: ইবনু উমর (রাঃ)-এর বিস্তারিত বর্ণনা
সহিহ বুখারী : ১০৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ১০৯২
وَزَادَ اللَّيْثُ قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ سَالِمٌ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمُزْدَلِفَةِ. قَالَ سَالِمٌ وَأَخَّرَ ابْنُ عُمَرَ الْمَغْرِبَ، وَكَانَ اسْتُصْرِخَ عَلَى امْرَأَتِهِ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ فَقُلْتُ لَهُ الصَّلاَةُ. فَقَالَ سِرْ. فَقُلْتُ الصَّلاَةُ. فَقَالَ سِرْ. حَتَّى سَارَ مِيلَيْنِ أَوْ ثَلاَثَةً ثُمَّ نَزَلَ فَصَلَّى ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي إِذَا أَعْجَلَهُ السَّيْرُ. وَقَالَ عَبْدُ اللَّهِ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا أَعْجَلَهُ السَّيْرُ يُؤَخِّرُ الْمَغْرِبَ، فَيُصَلِّيهَا ثَلاَثًا ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ الْعِشَاءَ فَيُصَلِّيَهَا رَكْعَتَيْنِ ثُمَّ يُسَلِّمُ، وَلاَ يُسَبِّحُ بَعْدَ الْعِشَاءِ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ.
অপর এক সূত্রে সালিম (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ) মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। সালিম (রহঃ) আরও বলেন, ইবনু উমর (রাঃ) তার স্ত্রী সাফিয়া বিনত আবূ উবাইদ-এর দুঃসংবাদ পেয়ে মদীনা ফেরার সময় মাগরিবের সালাত বিলম্বিত করেন। আমি তাকে বললাম, সালাতের সময় হয়ে গেছে। তিনি বললেন, চলতে থাক। আমি আবার বললাম, সালাত? তিনি বললেন, চলতে থাক। এমনকি দুই বা তিন মাইল অগ্রসর হলেন। অতঃপর নেমে সালাত আদায় করলেন। পরে বললেন, আমি নবী (ﷺ)-কে সফরের ব্যস্ততার সময় এমনভাবে সালাত আদায় করতে দেখেছি।আবদুল্লাহ (রাঃ) আরো বলেন, আমি নবী (ﷺ)-কে দেখেছি, সফরে যখনই তার ব্যস্ততা ঘটেছে, তখন তিনি মাগরিবের সালাত (দেরী করে) আদায় করেছেন এবং তা তিন রাকাতই আদায় করেছেন। মাগরিবের সালাম ফিরিয়ে অল্প দেরি করেই ইশার ইকামত দেয়া হত এবং দুই রাকাত আদায় করে সালাম ফিরাতেন। কিন্তু ইশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত (নফল) সালাত আদায় করতেন না।
সহিহ বুখারী হাদিস ১০৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরে মাগরিব ও ইশা একত্রে আদায়ের বিস্তারিত বিবরণ আছে। ইবনু উমর (রাঃ) মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। আরেক ঘটনায় তিনি স্ত্রীর দুঃসংবাদ পেয়ে মদীনা ফেরার সময় মাগরিব বিলম্বিত করেন। সালাতের কথা স্মরণ করানো হলেও তিনি চলতে বলেন, পরে দুই বা তিন মাইল অগ্রসর হয়ে নেমে সালাত আদায় করেন। তিনি বলেন, সফরের ব্যস্ততার সময় নবী صلى الله عليه وسلم-কে এভাবে সালাত আদায় করতে দেখেছেন। আরও বর্ণনায় এসেছে, নবী صلى الله عليه وسلم মাগরিব তিন রাকাত আদায় করে সালাম ফিরাতেন, অল্প পরেই ইশার ইকামত হতো এবং ইশা দুই রাকাত আদায় করতেন। ইশার পর গভীর রাত পর্যন্ত নফল আদায় করতেন না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুযদালিফায় মাগরিব ও ইশা একত্রে আদায়ের কথা এসেছে।
- সফরের ব্যস্ততায় মাগরিব বিলম্বিত করার বর্ণনা রয়েছে।
- মাগরিব তিন রাকাত এবং ইশা দুই রাকাত আদায়ের কথা স্পষ্ট এসেছে।
- ইশার পর গভীর রাত পর্যন্ত নফল না পড়ার কথাও বর্ণিত হয়েছে।
