১০/৬. অধ্যায়ঃ
আশ্রয় প্রার্থনা করা - দ্বিতীয় অনুচ্ছেদ
ঘুমের ভয় দূর করতে আশ্রয়ের দোয়া
মিশকাতুল মাসাবীহ : ২৪৭৭-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৭৭-[২১]
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّه أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ قَالَ: إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِى النَّوْمِ فَلْيَقُلْ: أَعُوذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ غَضَبِه وَعِقَابِه وَشَرِّ عِبَادِه وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونَ فَإِنَّهَا لَنْ تَضُرَّه وَكَانَ عَبْدُ اللّٰهِ بْنُ عَمْرٍو يُعَلِّمُهَا مَنْ بَلَغَ مِنْ وَلَدِه وَمَنْ لَمْ يَبْلُغْ مِنْهُمْ كَتَبَهَا فِىْ صَكٍّ ثُمَّ عَلَّقَهَا فِىْ عُنُقِه. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِىُّ وَهٰذَا لَفْظَه
আমর ইবনু শু‘আয়ব হতে বর্ণিতঃ
তাঁর পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন ঘুমের মধ্যে ভয় পায় সে যেন বলে,‘‘আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তি মিন্ গাযাবিহী ওয়া ‘ইকাবিহী ওয়া শার্রি ‘ইবা-দিহী ওয়ামিন্ হামাযা-তিশ্ শায়া-ত্বীনি ওয়া আন্ ইয়াহ্যুরূন’’(অর্থাৎ- আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চাই, আল্লাহর ক্রোধ ও তার শাস্তি হতে, তাঁর বান্দাদের অপকারিতা হতে এবং শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব হতে। আর তারা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে।)। এতে শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব তার ক্ষতি করতে পারবে না।বর্ণনাকারী বলেনঃ ‘আবদুল্লাহ ইবনু ‘আমর তাঁর সন্তান-সন্ততিদের মধ্যে যারা বয়ঃপ্রাপ্ত হতেন তাদেরকে এই দু‘আ শিখিয়ে দিতেন, আর যারা অপ্রাপ্তবয়স্ক এ দু‘আ কাগজে লিখে তাদের গলায় লটকিয়ে দিতেন। (আবূ দাঊদ, তিরমিযী; হাদীসটি তিরমিযীর ভাষ্য)[১]
[১] হাসান : তবে মাওকূফ অংশটুকু ছাড়া। তিরমিযী ৩৫২৮, ইবনু আবী শায়বাহ্ ২৩৫৪৭, আবূ দাঊদ ৩৮৯৩, আল কালিমুত্ব ত্বইয়্যিব ৪৯, সহীহ আল জামি‘ ৭০১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৭৭-[২১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন আল্লাহর পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আশ্রয় চায়। দোয়াটিতে আল্লাহর ক্রোধ, তাঁর শাস্তি, বান্দাদের অনিষ্ট, শয়তানের প্ররোচনা এবং শয়তানদের উপস্থিতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। হাদিসে আরও এসেছে, এতে শয়তানের দ্বিধা-দ্বন্দ্ব তার ক্ষতি করতে পারবে না। বর্ণনাকারী বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আমর বয়ঃপ্রাপ্ত সন্তানদের এই দোয়া শেখাতেন, আর অপ্রাপ্তবয়স্কদের জন্য লিখে দিতেন। মূল শিক্ষা হলো—ভয়, অস্থিরতা ও শয়তানের প্রভাবের সময় আল্লাহর আশ্রয় নেওয়া। ঘুমের ভয়কে অবহেলা না করে দোয়ার মাধ্যমে মনকে আল্লাহর দিকে ফেরানো উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘুমের মধ্যে ভয় পেলে আল্লাহর পূর্ণ বাক্য দিয়ে আশ্রয় চাইতে হয়।
- শয়তানের প্ররোচনা ও উপস্থিতি থেকে আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া হয়।
- সন্তানদের ভালো দোয়া শেখানো পরিবারে দ্বীনি শিক্ষার অংশ।
