৬/৭. অধ্যায়ঃ
উত্তম সদাকার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
প্রিয় সম্পদ দান ও আত্মীয়ের হক
মিশকাতুল মাসাবীহ : ১৯৪৫-[১৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৯৪৫-[১৭]
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ أَنْصَارِيٍّ بِالْمَدِينَةِ مَالًا مِنْ نَخْلٍ وَكَانَ أَحَبُّ أَمْوَالِه إِلَيْهِ بَيْرَحَاءَ وَكَانَت مُسْتَقْبِلَ الْمَسْجِدَ وَكَانَ رَسُولُ اللّهِ ﷺ يَدْخُلُهَا وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طَيِّبٍ قَالَ أَنَسٌ فَلَمَّا نَزَلَتْ ﴿لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ﴾ [آل عمران 3 : 92]. قَامَ أَبُو طَلْحَة فَقَالَ يَا رَسُولَ اللّهِ إِنَّ اللّهَ تَعَالى يَقُول: ﴿لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ﴾،وَإِنَّ أَحَبَّ مَالِي إِلَيَّ بَيْرَحَاءُ وَإِنَّهَا صَدَقَةٌ لِلّهِ أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللّهِ فَضَعْهَا يَا رَسُولَ اللّهِ حَيْثُ أَرَاكَ اللّهِ فَقَالَ رَسُولُ اللّهِ ﷺ: «بَخٍ بَخٍ ذلِكَ مَالٌ رَابِحٌ وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ وَإِنّى أَرى أَنْ تَجْعَلَهَا فِي الْأَقْرَبِيْنَ» . فَقَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللّهِ فَقَسَّمَهَا أَبُو طَلْحَة فِىْ أَقَارِبِه وَفِىْ بَنِىْ عَمِّه. (مُتَّفقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ ত্বলহাহ্ মাদীনার আনসারদের মধ্যে খেজুর বাগানের মালিক হিসেবে সর্বাধিক সম্পদশালী ছিলেন। আর তার কাছে সবচেয়ে বেশী প্রিয় ছিল মসজিদে নাব্বী সামনের ‘বায়রাহা’-(নামাক বাগানটি)। রাসূলুল্লাহ্ (ﷺ) এ বাগানটিতে প্রায়ই প্রবেশ করতেন ও এর পবিত্র পানি পান করতেন। আনাস (রাঃ) বলেন, যখন অর্থাৎ “তোমরা ততক্ষণ জান্নাতে অবশ্যই পৌছতে পারবে না, যে পর্যন্ত তোমাদের প্রিয়তর জিনিস আল্লাহর পথে খরচ না করবে”– (সূরাহ্ আ-লি ‘ইমরান ৩:৯২) এ আয়াত নাযিল হলো;তখন ত্বলহাহ্ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! যেহেতু আল্লাহ তা‘আলা বলেন, অর্থাৎ আমার সবচেয়ে প্রিয় সম্পদ ‘বায়রাহা’- আল্লাহর নামে সদাক্বাহ্ করলাম। আমি আশা করব আমি এর জন্য আল্লাহর কাছে সাওয়াব পাব। হে আল্লাহর রাসূল! আপনি তা কবূল করুন। যে কাজে আল্লাহ চান তাতে আপনি তা লাগান। (এ ঘোষণা শুনে) রাসূলুল্লাহ্ (ﷺ) সাবাশ! সাবাশ!! বলে উঠলেন। (তিনি বললেন) এ সম্পদ খুবই কল্যাণকর হবে। তোমার ঘোষণা আমি শুনেছি। এ বাগানটি তুমি তোমার গরীব নিকটাত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। আবূ ত্বলহাহ্ বললেন, হে আল্লাহর রাসূল! আমি তাই করব।অতঃপর আবূ ত্বলহাহ্ খেজুর বাগানটিকে তাঁর নিকটাত্মীয় ও চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৪৬১, মুসলিম ৯৯৮, মুয়াত্ত্বা মালিক ৩৬৫২, আহমাদ ১২৪৩৮, সহীহ আত্ তারগীব ৮৭৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৯৪৫-[১৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ ত্বলহাহ্ (রাঃ)-এর একটি বড় দানের ঘটনা এসেছে। তাঁর সবচেয়ে প্রিয় সম্পদ ছিল ‘বায়রাহা’ নামের খেজুর বাগান। যখন আয়াত নাযিল হলো যে প্রিয় জিনিস খরচ না করা পর্যন্ত পূর্ণ কল্যাণ পাওয়া যায় না, তখন তিনি সেই প্রিয় বাগান আল্লাহর নামে সদাকাহ করার ঘোষণা দেন। রাসূলুল্লাহ্ (صلى الله عليه وسلم) তাঁর দানকে প্রশংসা করেন এবং বলেন, এটি কল্যাণকর সম্পদ। এরপর তিনি বাগানটি গরীব নিকটাত্মীয়দের মধ্যে বণ্টন করতে বলেন। এতে বোঝা যায়, প্রিয় সম্পদ দান করা, আল্লাহর সন্তুষ্টি আশা করা এবং আত্মীয়দের হককে গুরুত্ব দেওয়া সদাকাহর গুরুত্বপূর্ণ শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে প্রিয় সম্পদ দান করা বড় নেক কাজ।
- দান করার পর নবীজীর নির্দেশ মেনে তা সঠিক জায়গায় দেওয়া হয়েছে।
- গরীব নিকটাত্মীয়দের সাহায্য করা সদাকাহর একটি গুরুত্বপূর্ণ দিক।
- দান করার সময় আল্লাহর কাছে সাওয়াবের আশা রাখা উচিত।
