৫/১. অধ্যায়ঃ
রোগী দেখা ও রোগের সওয়াব - তৃতীয় অনুচ্ছেদ
অসুস্থ হলে আগের ইবাদতের সওয়াব লেখা হয়
মিশকাতুল মাসাবীহ : ১৫৮৬-[৬৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৫৮৬-[৬৪]
وَعَنْ شَقِيْقٍ قَالَ: مَرِضَ عَبْدُ اللهِ بْنِ مَسْعُوْدٍ فَعُدْنَاهُ فَجَعَلَ يَبْكِىْ فَعُوتِبَ فَقَالَ: إِنِّي لَا أَبْكِىْ لِأَجْلِ الْمَرَضِ لِأَنِّىْ سَمِعْتُ رَسُولَ اللّهِ ﷺ يَقُولُ: «الْمَرَضُ كَفَّارَةٌ» وَإِنَّمَا أَبْكِىْ أَنَّه أَصَابَنِىْ عَلى حَالِ فَتْرَةٍ وَلَمْ يُصِبْنِىْ فِىْ حَالِ اجْتِهَادٍ لِأَنَّه يُكْتَبُ لِلْعَبْدِ مِنَ الْأَجْرِ إِذَا مَرِضَ مَا كَانَ يُكْتَبُ لَه قَبْلَ أَنْ يَمْرَضَ فَمَنَعَه مِنْهُ الْمَرَضُ. رَوَاهُ رَزِيْنٌ
আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার ‘আবদুল্লাহ ইবনু মাস্’উদ (রাঃ) অসুস্থ হলে আমরা দেখতে গেলাম। আমাদেরকে দেখে তিনি কাঁদতে শুরু করলেন। তা দেখে তাঁকে কেউ কেউ খারাপ বলতে লাগলেন। সে সময় ‘আবদুল্লাহ ইবনু মাস্’উদ (রাঃ) বললেন, আমি অসুখের জন্য কাঁদছি না। আমি শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অসুখ হচ্ছে গুনাহের কাফ্ফারাহ্। আমি বরং কাঁদছি এজন্য যে, এ অসুখ হল আমার বৃদ্ধ বয়সে। আমার শক্তি-সামর্থ্য থাকার সময়ে হল না। কারণ মানুষ যখন অসুস্থ হয় তার জন্য সে সাওয়াব লেখা হয়, যা অসুস্থ হবার আগে তার জন্য লেখা হত। এজন্যই যে অসুস্থতা তাকে ওই ‘ইবাদাত করতে বাধা দেয়। [১]
[১] রযীন : এর তাখরিজটি সম্পূর্ণ পাওয়া যায়নি।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৫৮৬-[৬৪]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর অসুস্থতার ঘটনা এসেছে। তাঁকে দেখতে গেলে তিনি কাঁদছিলেন। তিনি বলেন, তিনি রোগের জন্য কাঁদছেন না, কারণ তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন—অসুখ গুনাহের কাফফারা। তিনি কাঁদছিলেন এজন্য যে, অসুখটি তাঁর বৃদ্ধ বয়সে এসেছে, শক্তি ও বেশি ইবাদতের সময়ে আসেনি। এরপর তিনি বলেন, মানুষ অসুস্থ হলে তার জন্য সেই সওয়াব লেখা হয়, যা অসুস্থ হওয়ার আগে তার জন্য লেখা হতো, কারণ অসুস্থতা তাকে সেই আমল থেকে বিরত রাখে। এই হাদিস অসুস্থতার ফজিলত, গুনাহের কাফফারা এবং নিয়মিত আমলের গুরুত্ব একসঙ্গে শেখায়। ভালো অবস্থায় ইবাদতের অভ্যাস থাকলে অসুস্থতার সময়ও আল্লাহর কাছে তার আশা থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থতা গুনাহের কাফফারা হতে পারে।
- সুস্থ অবস্থায় নিয়মিত ইবাদতের অভ্যাস রাখা জরুরি।
- রোগ ইবাদতে বাধা দিলে আগের আমলের সওয়াবের আশা আছে।
- সাহাবীগণ অসুস্থতাকেও আখিরাতের দৃষ্টিতে দেখতেন।
