৪৬/৮. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর দেহের গঠন
রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর শারীরিক গঠন ও হাঁটার ধরন
জামে‘ আত-তিরমিযী : ৩৬৩৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، عَنْ عُثْمَانَ بْنِ مُسْلِمِ بْنِ هُرْمُزَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ عَلِيٍّ، قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالطَّوِيلِ وَلاَ بِالْقَصِيرِ شَثْنَ الْكَفَّيْنِ وَالْقَدَمَيْنِ ضَخْمَ الرَّأْسِ ضَخْمَ الْكَرَادِيسِ طَوِيلَ الْمَسْرُبَةِ إِذَا مَشَى تَكَفَّأَ تَكَفُّؤًا كَأَنَّمَا انْحَطَّ مِنْ صَبَبٍ لَمْ أَرَ قَبْلَهُ وَلاَ بَعْدَهُ مِثْلَهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) না অতি লম্বা ছিলেন আর না (অতি) বেঁটে ছিলেন। তাঁর দু’হাত ও দু’পা ছিল মাংসল, মাথা ছিল আকারে বৃহৎ এবং হাড়ের গ্রন্থিসমূহ ছিল স্থূল ও শক্তিশালী। তাঁর বুক হতে নাভি অবধি প্রলম্বিত ফুরফুরে পশমের একটি রেখা ছিল। চলার সময় তিনি সম্মুখের দিকে ঝুঁকে হাঁটতেন, যেন তিনি ঢালবিশিষ্ট জায়গা দিয়ে হেঁটে চলছেন। আমি তাঁর পূর্বে কিংবা তাঁর পরে আর কাউকে তাঁর মতো দেখিনি।
সহীহঃ মুখতাসার শামায়িল (৪০)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। সুফ্ইয়ান ইবনু ওয়াকী‘-তার বাবা ওয়াকী‘ হতে, তিনি আল মাস‘ঊদী হতে এই সনদসূত্রে একই রকম রিওয়ায়াত করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী রাঃ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর শারীরিক গঠন ও হাঁটার ধরন বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم অতি লম্বা ছিলেন না, আবার বেঁটেও ছিলেন না। তাঁর হাত ও পা মাংসল ছিল। মাথা বড় ছিল, হাড়ের জোড়াগুলো ছিল মজবুত ও শক্তিশালী। বুক থেকে নাভি পর্যন্ত হালকা পশমের একটি রেখা ছিল। হাঁটার সময় তিনি সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, যেন ঢালু স্থান দিয়ে নামছেন। শেষে আলী রাঃ বলেন, তাঁর আগে বা পরে তাঁর মতো কাউকে দেখেননি। এই হাদিসে রাসূলুল্লাহর গঠন, হাত-পা, বুকের লোমরেখা এবং হাঁটার ধরন একসঙ্গে এসেছে। তাই নবীজির শারীরিক বৈশিষ্ট্য জানতে এটি গুরুত্বপূর্ণ বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মাঝারি উচ্চতার ছিলেন বলে বর্ণনা এসেছে।
- তাঁর হাত-পা ও হাড়ের গঠন শক্তিশালী ছিল।
- বুক থেকে নাভি পর্যন্ত হালকা লোমের রেখা ছিল।
- তিনি চলার সময় সামনের দিকে ঝুঁকে দৃঢ়ভাবে হাঁটতেন।
