৪৫/৩২. অধ্যায়ঃ
(রাতের নামাজের বিশেষ দোয়া)
নামাজের দোয়া: একনিষ্ঠতা, রুকু ও সিজদার গভীর শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ৩৪২১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونَ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ قَالَ " وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلاَتِي وَنُسُكِي وَمَحْيَاىَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لاَ شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا إِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ وَاهْدِنِي لأَحْسَنِ الأَخْلاَقِ لاَ يَهْدِي لأَحْسَنِهَا إِلاَّ أَنْتَ وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا إِنَّهُ لاَ يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلاَّ أَنْتَ آمَنْتُ بِكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . فَإِذَا رَكَعَ قَالَ " اللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعِظَامِي وَعَصَبِي " . فَإِذَا رَفَعَ رَأْسَهُ قَالَ " اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَالأَرَضِينَ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . فَإِذَا سَجَدَ قَالَ " اللَّهُمَّ لَكَ سَجَدْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ فَصَوَّرَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ " . ثُمَّ يَكُونُ آخِرَ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالسَّلاَمِ " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আলী ইবনু আবী ত্বালিব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন নামাজে দাঁড়াতেন, তখন বলতেনঃ “একনিষ্ঠভাবে আমি আমার চেহারা তাঁর দিকে প্রত্যাবর্তন করলাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের দলভুক্ত নই”- (সূরা আন’আম ৭৯)। “আমার নামাজ, আমার ইবাদত (কুরবানি ও হজ্জ), আমার প্রাণ ও আমার মৃত্যু জগতসমূহের পালনকর্তা আল্লাহর জন্যই। তাঁর কোন শরীক নেই এবং এ (ঘোষণা দেয়ার) জন্যই আমি আদিষ্ট হয়েছি। আমি মুসলমানদের দলভুক্ত”-(সূরা আন’আম ১৬২-৬৩)।হে আল্লাহ! তুমি রাজার রাজা, তুমি ছাড়া কোন মাবুদ নেই, তুমিই আমার প্রতিপালক এবং আমি তোমার দাস। আমার নিজের উপর আমি অত্যাচার করেছি, আমার অপরাধ আমি স্বীকার করছি। অতএব তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে দাও। কেননা তুমি ছাড়া অপরাধ ক্ষমাকারী আর কেউ নেই।তুমি আমাকে ভালো চরিত্রের পথনির্দেশ কর। তুমি ছাড়া অন্য কেউ সবচেয়ে ভালো চরিত্রের দিকে পথনির্দেশ করতে পারে না। তুমি আমার হতে মন্দ চরিত্র দূর করে দাও। তুমি ছাড়া অন্য কেউ আমার হতে তা দূর করতে পারে না। তোমার উপর আমি ঈমান এনেছি। তুমি কল্যাণময়, সুমহান। তোমার কাছে আমি মাফ চাই এবং তোমার দিকে প্রত্যাবর্তন করছি”।তারপর যখন রুকু দিতেন তখন বলতেনঃ “হে আল্লাহ! তোমার জন্য আমি রুকু করলাম, তোমার উপর ঈমান আনলাম এবং তোমার খুশির জন্যই আত্মসমর্পণ করলাম। আমার কান, আমার চোখ, আমার মস্তিষ্ক, আমার হাড় এবং আমার স্নায়ু তোমার জন্যই ঝুঁকে পড়েছে”। তিনি রুকু হতে মাথা তুলে বলতেনঃ “হে আল্লাহ, আমার প্রভু! আকাশমণ্ডলী ও পৃথিবীসমূহ এবং উভয়ের মাঝে যা কিছু আছে, সমস্ত কিছু পরিপূর্ণ পরিমাণ তোমার প্রশংসা এবং তুমি যা চাও সেটাও পরিপূর্ণ পরিমাণ তোমার প্রশংসা”।তিনি সিজদায় বলতেনঃ “হে আল্লাহ! আমি তোমার জন্যই সিজদা করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার জন্যই ইসলাম কবুল করলাম। আমার মুখমণ্ডল তাঁর জন্য সিজদা করল যিনি আমার চেহারা সৃষ্টি করেছেন, তারপর তাকে সুন্দর বানিয়েছেন এবং তা ভেদ করে কান ও চোখ দিয়েছেন। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান”।তারপর তাশাহুদ ও সালামের মাঝখানে তিনি বলতেনঃ “হে আল্লাহ!(১) আমি পূর্বে ও পরে,(২) গোপনে ও প্রকাশ্যে এবং(৩) আমার ব্যাপারে তোমার জানার মতো যা কিছু করেছি, তুমি তা ক্ষমা করে দাও।• তুমিই প্রথম এবং তুমিই শেষ। তুমি ছাড়া আর কোন মাবুদ নেই”।
সহীহঃ সিফাতুস সালাত, সহীহ আবূ দাঊদ (হাঃ ৭৩৮), মুসলিম।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪২১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো নামাজের দোয়া এবং আল্লাহর সামনে পুরোপুরি বিনয়ী হওয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নামাজে দাঁড়িয়ে প্রথমেই নিজের মুখ সেই স্রষ্টার দিকে ফেরানোর কথা বলতেন, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এতে নামাজের শুরুতেই তাওহীদ, শিরক থেকে দূরে থাকা এবং নিজের নামাজ, ইবাদত, জীবন ও মৃত্যু আল্লাহর জন্য করার ঘোষণা আছে। এরপর তিনি নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতেন এবং ভালো চরিত্রের পথ চাইতেন। রুকুতে শরীরের অঙ্গগুলো আল্লাহর জন্য নত হওয়ার কথা এসেছে। সিজদায় মুখমণ্ডলকে স্রষ্টার সামনে সিজদাকারী বলা হয়েছে। তাশাহুদ ও সালামের মাঝে পূর্বের, পরের, গোপন ও প্রকাশ্য সব ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নামাজ শুরু করার সময় আল্লাহর একত্ব ও একনিষ্ঠ ইবাদতের ঘোষণা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।
- বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছেই ক্ষমা চাইবে।
- ভালো চরিত্রের জন্য আল্লাহর কাছে দোয়া করা নামাজের শিক্ষার সঙ্গে যুক্ত।
- রুকু ও সিজদা শুধু শরীরের কাজ নয়; এতে বিনয় ও আত্মসমর্পণ প্রকাশ পায়।
