৪৪/৩৫. অধ্যায়ঃ
সূরা সাবা
যুদ্ধের আগে ইসলামের দাওয়াত ও সাবা গোত্রের পরিচয়
জামে তিরমিযী : ৩২২২
জামে তিরমিযীহাদিস নম্বর ৩২২২
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْحَسَنِ بْنِ الْحَكَمِ النَّخَعِيِّ، حَدَّثَنَا أَبُو سَبْرَةَ النَّخَعِيُّ، عَنْ فَرْوَةَ بْنِ مُسَيْكٍ الْمُرَادِيِّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ أُقَاتِلُ مَنْ أَدْبَرَ مِنْ قَوْمِي بِمَنْ أَقْبَلَ مِنْهُمْ فَأَذِنَ لِي فِي قِتَالِهِمْ وَأَمَّرَنِي فَلَمَّا خَرَجْتُ مِنْ عِنْدِهِ سَأَلَ عَنِّي مَا فَعَلَ الْغُطَيْفِيُّ فَأُخْبِرَ أَنِّي قَدْ سِرْتُ قَالَ فَأَرْسَلَ فِي أَثَرِي فَرَدَّنِي فَأَتَيْتُهُ وَهُوَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ " ادْعُ الْقَوْمَ فَمَنْ أَسْلَمَ مِنْهُمْ فَاقْبَلْ مِنْهُ وَمَنْ لَمْ يُسْلِمْ فَلاَ تَعْجَلْ حَتَّى أُحْدِثَ إِلَيْكَ " . قَالَ وَأُنْزِلَ فِي سَبَإٍ مَا أُنْزِلَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا سَبَأٌ أَرْضٌ أَوِ امْرَأَةٌ قَالَ " لَيْسَ بِأَرْضٍ وَلاَ امْرَأَةٍ وَلَكِنَّهُ رَجُلٌ وَلَدَ عَشَرَةً مِنَ الْعَرَبِ فَتَيَامَنَ مِنْهُمْ سِتَّةٌ وَتَشَاءَمَ مِنْهُمْ أَرْبَعَةٌ فَأَمَّا الَّذِينَ تَشَاءَمُوا فَلَخْمٌ وَجُذَامٌ وَغَسَّانُ وَعَامِلَةٌ وَأَمَّا الَّذِينَ تَيَامَنُوا فَالأَزْدُ وَالأَشْعَرِيُّونَ وَحِمْيَرُ وَمَذْحِجٌ وَأَنْمَارُ وَكِنْدَةُ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا أَنْمَارُ قَالَ " الَّذِينَ مِنْهُمْ خَثْعَمُ وَبَجِيلَةُ " . وَرُوِيَ هَذَا عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
ফারওয়াহ্ ইবনু মুসাইক আল-মুরাদী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমার গোত্রের যেসব ব্যক্তি অগ্রসর হয়েছে (ইসলাম গ্রহণ করেছে) তাদেরকে নিয়ে আমি কি আমার গোত্রের পিছে পড়া ব্যক্তিদের (ইসলাম প্রত্যাখ্যানকারীদের) বিরুদ্ধে যুদ্ধ করব না? বর্ণনাকারী বলেন, তিনি আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দিলেন এবং আমাকেই আমীর নিয়ুক্ত করলেন। আমি তাঁর নিকট হতে বিদায় নিয়ে আসার পর তিনি আমার প্রসঙ্গে প্রশ্ন করেনঃ গুতাইফী কোথায়? তাঁকে জানানো হল যে, আমি চলে গেছি।বর্ণনাকারী বলেন, তিনি আমার পিছে পিছে এক লোক পাঠিয়ে আমাকে আবার ফিরিয়ে আনলেন। আমি যখন ফিরে আসি তখন তিনি তাঁর সাহাবীদের পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। তিনি বললেনঃ তুমি তোমার গোত্রের লোকদের প্রথমে ইসলামের দাওয়াত দিবে। তাদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করলে তা তুমি অনুমোদন করবে। আর যে লোক ইসলাম গ্রহণ করবে না, আমার পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার বিষয়ে ধৈর্যহারা হবে না।রাবী বলেন, তারপর সাবা প্রসঙ্গে যা অবতীর্ণ হওয়ার ছিল তা নাযিল হল। এক লোক বলল, হে আল্লাহর রাসূল! সাবা কি? কোন এলাকার নাম না কোন স্ত্রীলোকের নাম? তিনি বললেনঃ কোন এলাকারও নাম নয় বা কোন স্ত্রীলোকেরও নাম নয়, বরং একজন পুরুষ ব্যক্তির নাম। তার ঔরসে আরবের দশজন লোক জন্মগ্রহণ করে। তাদের ছয়জন ইয়ামানে (দক্ষিণ দিকে) এবং চারজন সিরিয়ায় (বাঁ দিকে) বসতি স্থাপন করে।বাঁ দিকের ব্যক্তিদের নাম হলঃ(১) লাখম,(২) জুজাম,(৩) গাসসান ও(৪) আমিলা (গোত্র)।আর ডান দিকে গড়ে উঠা বংশের নাম হলঃ(১) আযদ,(২) আশআরী,(৩) হিময়ার,(৪) কিন্দা,(৫) মাজহিজ ও(৬) আনমার।এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আনমার কওমের ব্যক্তি কারা? তিনি বললেনঃ খাসআম ও বাজিলা বংশের লোকেরা এদের দলে।
হাদীসটি ইবনু ‘আব্বাসের বরাতেও নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি হাসান গারীব।
জামে তিরমিযী হাদিস ৩২২২-এর সারসংক্ষেপ
মূল বিষয়: দাওয়াত ও ধৈর্য। এই হাদিসের প্রথম অংশে রাসূলুল্লাহ (সা.) একটি গুরুত্বপূর্ণ নীতি শেখান। গোত্রের বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দেওয়ার পর তিনি সাহাবিকে ফিরিয়ে এনে বলেন, আগে তাদের ইসলামের দাওয়াত দিতে হবে। কেউ ইসলাম গ্রহণ করলে তা গ্রহণ করতে হবে। আর যারা গ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে নতুন নির্দেশ না আসা পর্যন্ত তাড়াহুড়া করে অস্ত্র ধরতে নিষেধ করা হয়। এতে বোঝা যায়, সিদ্ধান্ত নেওয়ার আগে আহ্বান, বোঝানো এবং ধৈর্যের জায়গা আছে। দ্বিতীয় অংশে সাবা সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সাবা কোনো স্থান বা নারীর নাম নয়; তিনি একজন পুরুষ ছিলেন। তাঁর বংশ থেকে দশটি আরব গোত্র ছড়িয়ে পড়ে—ছয়টি ইয়ামানে এবং চারটি সিরিয়ার দিকে। হাদিসে আনমার গোত্রের অন্তর্ভুক্ত খাসআম ও বাজিলার কথাও বলা হয়েছে। তাই এই বর্ণনায় দাওয়াতের নীতি ও আরব বংশপরিচয়—দুই বিষয়ই রয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কোনো সংঘাতের আগে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- নতুন নির্দেশ না পাওয়া পর্যন্ত তাড়াহুড়া করে যুদ্ধ শুরু করতে নিষেধ করা হয়েছে।
- ইসলাম গ্রহণকারী ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে।
- সাবা একজন পুরুষ এবং তাঁর বংশ থেকে দশটি আরব গোত্র ছড়িয়ে পড়ে।
