৪৪/৩১. অধ্যায়ঃ
সূরা আর-রূম
সূরা রূমের ভবিষ্যদ্বাণী: রোমের বিজয় ও সময়সীমার শিক্ষা
জামে তিরমিযী : ৩১৯৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩১৯৩
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِ اللَّهِ تَعَالَى : ( الم * غُلِبَتِ الرُّومُ * فِي أَدْنَى الأَرْضِ ) قَالَ غُلِبَتْ وَغَلَبَتْ كَانَ الْمُشْرِكُونَ يُحِبُّونَ أَنْ يَظْهَرَ أَهْلُ فَارِسَ عَلَى الرُّومِ لأَنَّهُمْ وَإِيَّاهُمْ أَهْلُ أَوْثَانٍ وَكَانَ الْمُسْلِمُونَ يُحِبُّونَ أَنْ يَظْهَرَ الرُّومُ عَلَى فَارِسَ لأَنَّهُمْ أَهْلُ كِتَابٍ فَذَكَرُوهُ لأَبِي بَكْرٍ فَذَكَرَهُ أَبُو بَكْرٍ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَمَا إِنَّهُمْ سَيَغْلِبُونَ " . فَذَكَرَهُ أَبُو بَكْرٍ لَهُمْ فَقَالُوا اجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ أَجَلاً فَإِنْ ظَهَرْنَا كَانَ لَنَا كَذَا وَكَذَا وَإِنْ ظَهَرْتُمْ كَانَ لَكُمْ كَذَا وَكَذَا فَجَعَلَ أَجَلَ خَمْسِ سِنِينَ فَلَمْ يَظْهَرُوا فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَلاَ جَعَلْتَهُ إِلَى دُونِ - قَالَ أُرَاهُ الْعَشْرِ " . قَالَ سَعِيدٌ وَالْبِضْعُ مَا دُونَ الْعَشْرِ قَالَ ثُمَّ ظَهَرَتِ الرُّومُ بَعْدُ . قَالَ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى : ( الم * غُلِبَتِ الرُّومُ ) إِلَى قَوْلِهِ : (يفْرَحُ الْمُؤْمِنُونَ * بِنَصْرِ اللَّهِ يَنْصُرُ مَنْ يَشَاءُ ) قَالَ سُفْيَانُ سَمِعْتُ أَنَّهُمْ ظَهَرُوا عَلَيْهِمْ يَوْمَ بَدْرٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ حَبِيبِ بْنِ أَبِي عَمْرَةَ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা'আলার বাণীঃ (অনুবাদ) আলিফ, লাম, মীম। রোমকগণ নিকটবর্তী ভূখণ্ডে পরাজিত হয়েছে” এ আয়াত প্রসঙ্গে তিনি বলেন, এতে দুই রকমের ক্বিরাআত আছে, “গুলিবাত” (পরাজিত হল) এবং “গালাবাত” (বিজয়ী হল)। তিনি আরো বলেন, মুশরিকরা চাইত যে, পারস্য শক্তি রোমান শক্তির উপরে জয়ী হোক। কেননা (মক্কার) মুশরিকরা এবং পারস্যের অধিবাসীরা উভয়ে ছিল পৌত্তলিক। আর মুসলিমরা আকাঙ্ক্ষা করত যে, রোমান শক্তি পারস্য শক্তির বিরুদ্ধে বিজয়ী হোক। কেননা তারা ছিল আহলে কিতাব। তারা ব্যাপারটি আবু বকর (রাঃ)-এর সামনে উল্লেখ করলে তিনি তা রাসূলুল্লাহ (ﷺ)-কে জানান। তিনি বললেনঃ অচিরেই রোমান শক্তি পারস্য শক্তির উপরে বিজয়ী হবে। আবু বকর (রাঃ) এ কথা তাদের নিকট উল্লেখ করলে তারা বলল, আপনি আমাদের ও আপনার মাঝে এর একটি সময়সীমা নির্দিষ্ট করুন। এ সময়সীমার মধ্যে আমরা যদি বিজয়ী হই তবে (এত এত মাল আমাদেরকে) দিতে হবে। আর যদি আপনারা বিজয়ী হন তবে আমরা আপনাদেরকে এই এই (পরিমাণ মাল) দিব। তিনি পাঁচ বছরের সময়সীমা নির্দিষ্ট করেন। কিন্তু এ সময়ের মধ্যে কোন বিজয় সূচিত হল না। লোকেরা তা নবী (ﷺ)-এর নিকট উল্লেখ করলে তিনি বললেনঃ (হে আবু বকর!), তুমি কেন আর কিছু বেশি সময়সীমা ধার্য করলে না? বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি দশ বছরের কাছাকাছি সময়ের কথা বলেছেন। সাঈদ (রহঃ) বলেন, ‘বিযউ’ শব্দের অর্থ দশের চেয়ে কম। বর্ণনাকারী বলেন, পরবর্তীকালে রোমান শক্তি বিজয়ী হল। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এটাই আল্লাহ তা'আলার বাণীঃ "আলিফ, লাম, মীম...ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ" এর তাৎপর্য। সুফইয়ান বলেন, আমি শুনেছি, রোমান শক্তি ঠিক বদরের যুদ্ধের দিন পারস্য শক্তির উপরে বিজয়ী হয়।
সহীহঃ যঈফাহ (২২৫৪) নং হাদীসের অধীনে।আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান, সহীহ গারীব। আমরা শুধু সুফইয়ানের রিওয়ায়াত হিসেবে এ হাদীস জেনেছি। তিনি হাবীব ইবনু আবী ‘আমরা’র সনদে এ হাদীস বর্ণনা করেছেন।
জামে তিরমিযী হাদিস ৩১৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা রূমের আয়াত, রোম ও পারস্যের যুদ্ধ এবং আবু বকর (রাঃ)-এর নির্ধারিত সময়সীমার ঘটনা বিস্তারিত এসেছে। মুশরিকরা পারস্যের জয় চাইত, কারণ উভয় পক্ষই মূর্তিপূজার সঙ্গে যুক্ত ছিল। মুসলিমরা রোমের জয় চাইত, কারণ রোমানরা আহলে কিতাব ছিল। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, রোমানরা বিজয়ী হবে। আবু বকর (রাঃ) প্রথমে পাঁচ বছরের সময় ঠিক করেন, কিন্তু ওই সময়ে বিজয় আসেনি। তখন রাসূল صلى الله عليه وسلم আরও বেশি সময় রাখার কথা বলেন। বর্ণনায় “বিযউ” শব্দের অর্থ দশের কম বলা হয়েছে। পরে রোমানরা সত্যিই বিজয়ী হয় এবং এটিকে সূরা রূমের বাণীর তাৎপর্য হিসেবে দেখানো হয়। হাদিসটি কুরআনের সংবাদে আস্থা, শব্দের সময়সীমা ঠিকভাবে বোঝা এবং তাড়াহুড়া করে সংকীর্ণ সময় নির্ধারণ না করার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূরা রূমে রোমের পরবর্তী বিজয়ের সংবাদ দেওয়া হয়েছিল।
- ‘বিযউ’ শব্দ দশের কম একটি সময়সীমা বোঝায়।
- কুরআনের শব্দের সীমা বুঝে সময় বা সিদ্ধান্ত নির্ধারণ করা দরকার।
- পরে রোমের বিজয় আয়াতে বর্ণিত সংবাদের সঙ্গে মিলে যায়।
