৪৪/৪. অধ্যায়ঃ
সূরা আলে ইমরান
গনীমতের মাল আত্মসাৎ ও খিয়ানতের ভয়াবহ পরিণতি
জামে‘ আত-তিরমিযী : ৩০০৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০০৯
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ خُصَيْفٍ، حَدَّثَنَا مِقْسَمٌ، قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ نَزَلَتْ هَذِهِ الآيَةُ : ( وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ) فِي قَطِيفَةٍ حَمْرَاءَ افْتُقِدَتْ يَوْمَ بَدْرٍ . فَقَالَ بَعْضُ النَّاسِ لَعَلَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَهَا فَأَنْزَلَ اللَّهُ كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ) إِلَى آخِرِ الآيَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رَوَى عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ عَنْ خُصَيْفٍ نَحْوَ هَذَا وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ خُصَيْفٍ عَنْ مِقْسَمٍ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ .
ইবনু ‘‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
“অন্যায়ভাবে কোন বস্তু আত্মসাৎ করা কোন নবীর কাজ হতে পারে না”— (সূরা আলে ইমরান ১৬১) আয়াত বদর যুদ্ধে হারিয়ে যাওয়া একটি লাল চাদর প্রসঙ্গে নাজিল হয়েছে। কেউ কেউ বলল যে, হয়তো তা রাসূলুল্লাহ (ﷺ) নিয়েছেন। এ প্রসঙ্গেই বরকতময় আল্লাহ তা’আলা নাজিল করেন “খিয়ানত (আত্মসাৎ) করা কোন নবীর কাজ হতে পারে না। আর যে ব্যক্তি খিয়ানত করবে, কেয়ামতের দিন সে তার খিয়ানতসহ হাজির হবে। তারপর প্রত্যেক ব্যক্তিই তার কৃতকর্মের পুরাপুরি প্রতিফল লাভ করবে। কারো প্রতি জুলুম করা হবে না”— (সূরা আলে ইমরান ১৬১)।
সহীহ : সহীহাহ (২৭৮৮)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। ‘আবদুস সালাম ইবনু হারব (রহঃ) খুসাইফির সূত্রে একই রকম বর্ণনা করেছেন। কেউ কেউ খুসাইফ হতে, তিনি মিক্বসাম হতে এই সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেছেন, কিন্তু তাতে ইবনু ‘আব্বাস (রাঃ)- এর উল্লেখ করেননি।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০০৯-এর সারসংক্ষেপ
বদরের যুদ্ধের সময় একটি লাল চাদর হারিয়ে গিয়েছিল। তখন কিছু মানুষ ধারণা করেছিল, হয়তো রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সেটি নিয়েছেন। এই কথার জবাবে সূরা আলে ইমরান ১৬১ নম্বর আয়াত নাজিল হয়। আয়াতে স্পষ্ট করা হয়, অন্যায়ভাবে কোনো বস্তু আত্মসাৎ বা খিয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না। একই আয়াতে খিয়ানতকারীর পরিণতিও বলা হয়েছে। যে ব্যক্তি খিয়ানত করবে, কিয়ামতের দিন সে তার আত্মসাৎ করা বস্তুসহ উপস্থিত হবে। এরপর প্রত্যেককে তার কাজের পূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং কারও ওপর জুলুম করা হবে না। হাদিসটি নবীর সততা রক্ষা করার পাশাপাশি গনীমতের মাল আত্মসাৎ ও আমানতের খিয়ানত সম্পর্কে কঠিন সতর্কতা দেয়। অমূলক সন্দেহ এবং কারও বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ করাও ঘটনার আলোকে গুরুতর বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খিয়ানত বা অন্যায় আত্মসাৎ কোনো নবীর কাজ হতে পারে না।
- খিয়ানতকারী কিয়ামতের দিন আত্মসাৎ করা বস্তুসহ হাজির হবে।
- প্রত্যেক ব্যক্তি নিজের কাজের পূর্ণ প্রতিফল পাবে এবং কারও প্রতি জুলুম হবে না।
- প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ করা উচিত নয়।
