৪২/৯. অধ্যায়ঃ
সূরা আল-মুল্কের ফজিলত
ঘুমের আগে সূরা সাজদাহ ও সূরা মুলক পড়ার নববি অভ্যাস
জামে‘ আত-তিরমিযী : ২৮৯২
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৮৯২
حَدَّثَنَا هُرَيْمُ بْنُ مِسْعَرٍ، - تِرْمِذِيٌّ - حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ عِيَاضٍ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ : (الم * تَنْزِيلُ ) وَ ( تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ مِثْلَ هَذَا . وَرَوَاهُ مُغِيرَةُ بْنُ مُسْلِمٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا . وَرَوَى زُهَيْرٌ قَالَ قُلْتُ لأَبِي الزُّبَيْرِ سَمِعْتَ مِنْ جَابِرٍ فَذَكَرَ هَذَا الْحَدِيثَ . فَقَالَ أَبُو الزُّبَيْرِ إِنَّمَا أَخْبَرَنِيهِ صَفْوَانُ أَوِ ابْنُ صَفْوَانَ وَكَأَنَّ زُهَيْرًا أَنْكَرَ أَنْ يَكُونَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) সূরা আলিফ লাম-মীম তানযীল ও সূরা “তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল্ক” না পাঠ করে ঘুমাতেন না।
সহীহঃ সহীহাহ্ (৫৮৫), আর-রওয (২২৭), মিশকাত তাহক্বীক্ব সানী (২১৫৫)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীস লাইস ইবনু আবূ সুলাইম হতে একাধিক বর্ণনাকারী অনুরুপ বর্ণনা করেছেন। মুগীরাহ্ ইবনু মুসলিম-আবুয যুবাইর হতে, তিনি জাবির (রাঃ) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সূত্রে একই রকম বর্ণনা করেছেন। যুহাইর বলেন, আবুয যুবাইরকে আমি প্রশ্ন করলাম, আপনি এ হাদীসটি কি জাবির (রাঃ)-কে আলোচনা করতে শুনেছেন? তিনি বলেন, এ হাদীসটি সাফওয়ান বা ইবনু সাফওয়ান আমাকে বর্ণনা করেছেন। আবুয যুবাইর-জাবির (রাঃ) সূত্রে এ হাদীসটি বর্ণিত হওয়ার বিষয়টি যেন যুহাইর অস্বীকার করলেন। হান্নাদ-আবুল আহওয়াস হতে, তিনি লাইস হতে, তিনি আবুয যুবাইর হতে, তিনি জাবির (রাঃ) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে, এই সূত্রে উপরোক্ত হাদীসের একই রকম বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর ঘুমের আগের একটি অভ্যাস বলা হয়েছে। তিনি সূরা ‘আলিফ-লাম-মীম তানযীল’ এবং সূরা ‘তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক’ না পড়ে ঘুমাতেন না। প্রথমটি সূরা আস-সাজদাহ এবং দ্বিতীয়টি সূরা আল-মুলক নামে পরিচিত। হাদিসটির মূল শিক্ষা হলো ঘুমের আগে এ দুই সূরা তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া। এখানে নির্দিষ্ট সওয়াবের সংখ্যা, কবরের আজাব বা অন্য কোনো ফল সরাসরি বলা হয়নি; সেসব বিষয় আলাদা বর্ণনায় এসেছে। তাই এই হাদিসের ব্যাখ্যা নবী صلى الله عليه وسلم-এর আমলের মধ্যেই সীমিত রাখা উচিত। যারা রাতের কুরআন তিলাওয়াতের একটি সহজ রুটিন চান, তারা এ দুই সূরা পড়ার অভ্যাস গড়তে পারেন। নিয়মিততা বজায় রাখতে সময় ঠিক করা, মুসহাফ কাছে রাখা বা মুখস্থ অংশ পড়া সহায়ক হতে পারে। তবে এগুলো সুবিধার পরামর্শ, হাদিসের অংশ নয়। কোনো দিন বাদ পড়লে হতাশ না হয়ে আবার অভ্যাসটি শুরু করা যেতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم ঘুমের আগে সূরা সাজদাহ ও সূরা মুলক পড়তেন।
- এ বর্ণনায় নির্দিষ্ট সওয়াবের সংখ্যা বলা হয়নি।
- রাতের তিলাওয়াতে ধারাবাহিকতা গড়ে তোলা যায়।
- হাদিসের মূল শিক্ষা নববি অভ্যাস অনুসরণে আগ্রহী হওয়া।
