৪১/৮২. অধ্যায়ঃ
মানুষ এবং তার আয়ু ও কামনা-বাসনার উপমা
আল্লাহর অনুগ্রহ: আসর থেকে সূর্যাস্তের শ্রমিকদের উপমা
জামে‘ আত-তিরমিযী : ২৮৭১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৮৭১
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّمَا أَجَلُكُمْ فِيمَا خَلاَ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغَارِبِ الشَّمْسِ وَإِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُ الْيَهُودِ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالاً فَقَالَ مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَقَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى الْعَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ النَّصَارَى عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ ثُمَّ أَنْتُمْ تَعْمَلُونَ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغَارِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى وَقَالُوا نَحْنُ أَكْثَرُ عَمَلاً وَأَقَلُّ عَطَاءً . قَالَ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ . قَالَ فَإِنَّهُ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ " . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ পূর্ববর্তী উম্মতগণের তুলনায় তোমাদের আয়ুষ্কাল হল আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়।তোমাদের ও ইয়াহুদি-নাসারাদের দৃষ্টান্ত এই যে, এক লোক কয়েকজন শ্রমিক নিয়োগ করতে চাইল। সে বলল, এমন কে আছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজ করবে এক কিরাতের বিনিময়ে? অতএব ইয়াহুদিরা দুপুর পর্যন্ত এক কিরাতের বিনিময়ে কাজ করল।লোকটি আবার বলল, এমন কে আছে যে দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করবে এক কিরাতের বিনিময়ে? এবার নাসারারা এক কিরাতের বিনিময়ে কাজ করল।তারপর তোমরা আসরের নামাজ থেকে সূর্যাস্ত পর্যন্ত দুই কিরাতের বিনিময়ে কাজ করলে। এতে ইয়াহুদি-নাসারারা রাগান্বিত হয়ে বলল, আমরা বেশি কাজ করা সত্ত্বেও পারিশ্রমিক কম পেলাম।তিনি (আল্লাহ তাআলা) বলেন, আমি কি তোমাদের উপর জুলুম করে তোমাদের হক নষ্ট করেছি? তারা বলল, না। এটা আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা আমি তাকেই তা দান করি।
সহীহ: মুখতাসারুল বুখারী (৩১২), বুখারী। আৰু ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮৭১-এর সারসংক্ষেপ
মূল বিষয়: আল্লাহর অনুগ্রহ। এই হাদিসে আগের উম্মতগুলোর তুলনায় মুসলিম উম্মতের সময়কে আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর এক মালিকের শ্রমিক নিয়োগের উপমা আসে। প্রথম দল সকাল থেকে দুপুর, দ্বিতীয় দল দুপুর থেকে আসর পর্যন্ত এক কিরাত করে পায়। শেষ দল আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করে দুই কিরাত পায়। আগের দুই দল বেশি সময় কাজ করেও কম পাওয়ার অভিযোগ করে। মালিক জিজ্ঞেস করেন, তাদের প্রাপ্য থেকে কিছু কম দেওয়া হয়েছে কি না। তারা স্বীকার করে, তাদের হক নষ্ট হয়নি। তখন জানানো হয়, অতিরিক্ত দেওয়া মালিকের অনুগ্রহ; তিনি যাকে চান তা দেন। এই আল্লাহর অনুগ্রহের হাদিস ন্যায্য অধিকার ও বাড়তি দানের পার্থক্য শেখায়। অন্যের বাড়তি অনুগ্রহ দেখে অভিযোগ করার আগে নিজের হক পূর্ণ পেয়েছি কি না, তা দেখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহ কারও ন্যায্য হক নষ্ট করেন না।
- ন্যায্য পাওনার বাইরে বাড়তি প্রতিদান আল্লাহর অনুগ্রহ।
- অন্যের প্রাপ্তি দেখে রাগের আগে নিজের প্রতি কোনো জুলুম হয়েছে কি না ভাবা উচিত।
