৩১/২৯. অধ্যায়ঃ
এমন এক বিপর্যয়কর যুগের আগমন ঘটবে যখন উপবিষ্ট ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে ভালো (নিরাপদ) থাকবে
ফিতনার সময় সংঘর্ষ এড়ানোর হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২১৯৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৯৪
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ عِنْدَ فِتْنَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهَا سَتَكُونُ فِتْنَةٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ وَالْقَائِمُ خَيْرٌ مِنَ الْمَاشِي وَالْمَاشِي خَيْرٌ مِنَ السَّاعِي " . قَالَ أَفَرَأَيْتَ إِنْ دَخَلَ عَلَىَّ بَيْتِي وَبَسَطَ يَدَهُ إِلَىَّ لِيَقْتُلَنِي . قَالَ " كُنْ كَابْنِ آدَمَ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَخَبَّابِ بْنِ الأَرَتِّ وَأَبِي بَكْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي وَاقِدٍ وَأَبِي مُوسَى وَخَرَشَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ وَزَادَ فِي الإِسْنَادِ رَجُلاً . قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ سَعْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .
বুসর ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
খলিফা উসমান ইবন আফফান (রাঃ) এর (রাজনৈতিক) বিপর্যয় ও বিদ্রোহকালে সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ অনতিবিলম্বে এমন এক বিপর্যয়ের আত্মপ্রকাশ ঘটবে যখন বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে ভাল (নিরাপদ) থাকবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে ভাল থাকবে।” সাদ (রাঃ) বলেন, “আপনি এ ব্যাপারে কি মনে করেন যদি ফিতনাবাজ কোন লোক আমার ঘরে প্রবেশ করে এবং আমাকে খুন করতে উদ্যত হয়?” তিনি বললেনঃ “তুমি আদমের ছেলের (হাবিলের) মতো হয়ে যাও।”
সহীহ্ : ইরওয়া (৮/১০৪)।আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা, খাব্বাব ইবনুল আরাত্তি, আবূ বাকরা, ইবনু মাসঊদ, আবূ ওয়াকিদ, আবূ মূসা ও খারাশা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান। এ হাদীসটি লাইস ইবনু সা’দের সূত্রে কেউ কেউ বর্ণনা করেছেন এবং আরো একজন বর্ণনাকারীর কথা এই সনদে উল্লেখ রয়েছে। এ হাদীসটি অন্য সূত্রেও সা’দ (রাঃ) এর বরাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত আছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে এমন এক ফিতনার কথা এসেছে, যেখানে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে ভালো, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে ভালো, আর চলমান ব্যক্তি দৌড়ে যাওয়া ব্যক্তির চেয়ে ভালো। অর্থাৎ ফিতনার দিকে যত কম এগোনো যায়, তত নিরাপদ। সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ) জিজ্ঞেস করলেন, কেউ যদি ঘরে ঢুকে হত্যা করতে চায়, তখন কী হবে? নবীজি বললেন, আদমের ছেলের মতো হয়ে যাও। হাদিসটির মূল শিক্ষা হলো, অন্ধ ফিতনা ও রক্তপাতের সময় নিজেকে সংযত রাখা এবং সংঘর্ষে ঝাঁপিয়ে না পড়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতনার সময় সংঘর্ষে দ্রুত জড়ানো থেকে সতর্ক করা হয়েছে।
- শান্ত থাকা অনেক সময় নিরাপদ পথ হতে পারে।
- রক্তপাতের ফিতনায় অংশ নেওয়া বিপজ্জনক।
- ঘরোয়া নিরাপত্তা ভেঙে গেলেও সংযমের শিক্ষা এখানে এসেছে।
