২/৫১. অধ্যায়ঃ
যে ব্যক্তি একাকী নামাজ আদায়ের পর আবার জামাত পেল
একা নামাজের পর জামাআত পেলে কী করবে: নফল হিসেবে আবার নামাজ
জামে তিরমিযী : ২১৯
জামে তিরমিযীহাদিস নম্বর ২১৯
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الأَسْوَدِ الْعَامِرِيُّ، عَنْ أَبِيهِ، قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَجَّتَهُ فَصَلَّيْتُ مَعَهُ صَلاَةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ . قَالَ فَلَمَّا قَضَى صَلاَتَهُ وَانْحَرَفَ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ فَقَالَ " عَلَىَّ بِهِمَا " . فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ " مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا " . فَقَالاَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا . قَالَ فَلاَ تَفْعَلاَ إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ مِحْجَنٍ الدِّيلِيِّ وَيَزِيدَ بْنِ عَامِرٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ يَزِيدَ بْنِ الأَسْوَدِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ غَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ قَالُوا إِذَا صَلَّى الرَّجُلُ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَإِنَّهُ يُعِيدُ الصَّلَوَاتِ كُلَّهَا فِي الْجَمَاعَةِ وَإِذَا صَلَّى الرَّجُلُ الْمَغْرِبَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ قَالُوا فَإِنَّهُ يُصَلِّيهَا مَعَهُمْ وَيَشْفَعُ بِرَكْعَةٍ . وَالَّتِي صَلَّى وَحْدَهُ هِيَ الْمَكْتُوبَةُ عِنْدَهُمْ .
জাবির ইবনু ইয়াযীদ ইবনু আসওয়াদ (রাঃ) হতে তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ
তিনি (ইয়াজীদ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁর বিদায় হজ্জে উপস্থিত ছিলাম। আমি তাঁর সাথে (মিনায় অবস্থিত) মসজিদে খাইফে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে তিনি মোড় ফিরলেন।তিনি লোকদের এক প্রান্তে দুই ব্যক্তিকে দেখলেন, তারা তাঁর সাথে নামাজ আদায় করেনি। তিনি বললেনঃ এদেরকে আমার নিকট নিয়ে এসো। তাদেরকে নিয়ে আসা হল, (কিন্তু ভয়ে) তাদের ঘাড়ের রগ কাঁপছিল।তিনি প্রশ্ন করলেনঃ আমার সাথে নামাজ আদায় করতে তোমাদের উভয়কে কিসে বাধা দিল? তারা বলল, হে আল্লাহর রাসূল! আমরা বাড়িতে নামাজ আদায় করে এসেছি।তিনি বললেনঃ এরূপ আর করো না। তোমরা বাড়িতে নামাজ আদায়ের পর যদি মসজিদে এসে জামাআত হতে দেখ, তাহলে তাদের সাথে আবার নামাজ আদায় করবে। এটা তোমাদের উভয়ের জন্য নফল হবে।
সহীহ্। মিশকাত-(১১৫২), সহীহ আবূ দাঊদ-(৫৯০)।এ অনুচ্ছেদে মিহজান ও ইয়াযীদ ইবনু ‘আমির (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইয়াযিদ ইবনু আসওয়াদের হাদীসটি হাসান সহীহ। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, কোন ব্যক্তি একাকি নামায আদায়ের পর আবার জামা’আত পেলে পুনরায় নামায আদায় করে নেবে। যদি সে মাগরিবের নামায একাকি আদায়ের পর আবার জামা’আত পায় তাহলে জামা’আতের সাথে তিন রাক’আত পড়ার পর সে আরো এক রাক’আত মিলিয়ে আদায় করবে। সে পূর্বে একাকী যে নামায আদায় করল সেটা তাদের মতে ফরয হিসেবে গণ্য হবে।
জামে তিরমিযী হাদিস ২১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইয়াজীদ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে বিদায় হজ্জে ফজরের নামাজ পড়েন। নামাজ শেষে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দুই ব্যক্তিকে দেখলেন, তারা জামাআতে নামাজ পড়েনি। জিজ্ঞাসা করলে তারা বলল, তারা নিজেদের ঘরে নামাজ পড়ে এসেছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, এমন আর করো না। তোমরা ঘরে নামাজ পড়ার পর মসজিদে এসে জামাআত পেলে তাদের সঙ্গে নামাজ পড়বে; তা তোমাদের জন্য নফল হবে। এখানে মূল শিক্ষা হলো, জামাআতকে সম্মান করা এবং মুসলিমদের সঙ্গে নামাজে অংশ নেওয়া। আগের নামাজ ফরজ হিসেবে আদায় হয়ে গেলে পরেরটি নফল হিসেবে গণ্য হবে—এ কথা হাদিসেই স্পষ্ট এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে নামাজ পড়ে মসজিদে জামাআত পেলে তাদের সঙ্গে পড়া যায়।
- দ্বিতীয় নামাজটি হাদিস অনুযায়ী নফল হবে।
- জামাআতকে সম্মান করা মুসলিম সমাজের সুন্দর আদব।
- নিজে নামাজ পড়ে ফেললেও মসজিদের জামাআতকে এড়িয়ে না চলা ভালো।
