২৩/৪৭. অধ্যায়ঃ
খাওয়ার সময় বিসমিল্লাহ বলা
খাওয়ার দোয়া ভুলে গেলে: বিসমিল্লাহ ফি আওয়ালিহি ওয়া আখিরিহি
জামে‘ আত-তিরমিযী : ১৮৫৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৮৫৮
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ أُمِّ كُلْثُومٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ " .وَبِهَذَا الإِسْنَادِ عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا إِنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأُمُّ كُلْثُومٍ هِيَ بِنْتُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কোন ব্যক্তি খাওয়া শুরু করে তখন যেন সে ‘বিসমিল্লাহ’ বলে। সে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তবে যেন বলে, “বিসমিল্লাহ ফি আওয়ালিহি ওয়া আখিরাহু” (এর শুরু ও শেষ আল্লাহ তাআলার নামে)।
সহীহ্, ইরওয়া (১৯৬৫), তা’লীকুর রাগীব (৩/১১৫-১১৬), তাখরীজ-কালিমুত তাইয়্যিব (১১২)আইশা (রাঃ) হতে একই সনদে আরো বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সময় তাঁর ছয়জন সাহাবীকে সাথে নিয়ে খাবার খাচ্ছিলেন। এমতাবস্থায় একজন বেদুঈন লোক এসে হাযির হল। সে সবগুলো খাবার দুই গ্রাসেই শেষ করে ফেলল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ সে যদি ‘বিসমিল্লাহ’ বলে খাবার খেতে শুরু করত তাহলে তোমাদের সবার জন্যে এই খাবারটুকুই পর্যাপ্ত হত। এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। উম্মু কুলসুম (রহঃ) হলেন আবূ বাক্র সিদ্দীক (রাঃ)-এর ছেলে মুহাম্মাদের মেয়ে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৮৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় খাবারের শুরুতে আল্লাহর নাম নেওয়া। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কেউ খাবার শুরু করলে যেন বিসমিল্লাহ বলে। শুরুতে ভুলে গেলে মনে পড়ার পর বলতে হবে, “বিসমিল্লাহ ফি আওয়ালিহি ওয়া আখিরিহি”—অর্থাৎ এর শুরু ও শেষ আল্লাহর নামে। খাওয়ার দোয়া ভুলে গেলে কী বলতে হবে, হাদিসটি তার সরাসরি উত্তর দেয়। ভুল হয়ে গেলে হতাশ না হয়ে সঙ্গে সঙ্গে সংশোধনের সুযোগ আছে। একই সূত্রে আরেকটি ঘটনায় ছয়জন সাহাবির খাবার একজন বেদুইন দুই লোকমায় শেষ করে ফেলেন। নবী صلى الله عليه وسلم বলেন, সে আল্লাহর নাম নিলে খাবারটি সবার জন্য যথেষ্ট হতো। এতে খাবারের সঙ্গে বিসমিল্লাহ বলার গুরুত্ব বোঝানো হয়েছে। তবে এখান থেকে খাবারের পরিমাণ সব সময় দৃশ্যমানভাবে বেড়ে যাবে—এমন যান্ত্রিক নিশ্চয়তা বানানো ঠিক নয়। মূল শিক্ষা হলো, খাওয়ার শুরুতে আল্লাহকে স্মরণ করা এবং ভুল হলে নির্ধারিত বাক্য বলে তা সংশোধন করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলা উচিত।
- শুরুতে ভুলে গেলে মনে পড়ামাত্র নির্ধারিত বাক্যটি বলা যায়।
- ভুল হয়ে গেলে আমল সংশোধনের সুযোগ রয়েছে।
- খাবারের সময় আল্লাহকে স্মরণ করা বরকতের সঙ্গে সম্পর্কিত।
