১২/২৪. অধ্যায়ঃ
মুদ্রার বিনিময়
স্বর্ণ-রূপা ও খাদ্য বিনিময়ে নগদ আদান-প্রদানের নিয়ম
জামে‘ আত-তিরমিযী : ১২৪৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৪৩
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، أَنَّهُ قَالَ أَقْبَلْتُ أَقُولُ مَنْ يَصْطَرِفُ الدَّرَاهِمَ فَقَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ وَهُوَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَرِنَا ذَهَبَكَ ثُمَّ ائْتِنَا إِذَا جَاءَ خَادِمُنَا نُعْطِكَ وَرِقَكَ . فَقَالَ عُمَرُ كَلاَّ وَاللَّهِ لَتُعْطِيَنَّهُ وَرِقَهُ أَوْ لَتَرُدَّنَّ إِلَيْهِ ذَهَبَهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْوَرِقُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ . وَمَعْنَى قَوْلِهِ " إِلاَّ هَاءَ وَهَاءَ " يَقُولُ يَدًا بِيَدٍ .
মালিক ইবনু আওস ইবনু হাদসান (রহঃ) হতে বর্ণিতঃ
আমি এই বলতে বলতে সামনে এগিয়ে গেলাম, কে রূপার মুদ্রা পরিবর্তন করবে? তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ) এ সময়ে উমর ইবন খাত্তাব (রাঃ)-এর নিকট ছিলেন। তিনি বললেন, তোমার স্বর্ণ আমাদেরকে দেখাও এবং (কিছুক্ষণ) পরে আমাদের কাছে আস। আমাদের খাদিম আসার পরই তোমাকে রূপার মুদ্রা প্রদান করব।উমর ইবন খাত্তাব (রাঃ) বললেন, আল্লাহর শপথ! তা কখনও হতে পারে না। হয় এখনই তাকে রূপার মুদ্রা প্রদান কর না হয় তাকে তার স্বর্ণ ফেরত দাও।কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ স্বর্ণের পরিবর্তে রূপার মুদ্রা নগদ আদান-প্রদান না হলে তা গ্রহণ করা সুদের অন্তর্ভুক্ত।গমের পরিবর্তে গম নগদ আদান-প্রদান না হলে তা সুদের অন্তর্ভুক্ত; যবের পরিবর্তে যবের নগদ বিনিময় না হলে তা সুদের অন্তর্ভুক্ত এবং খেজুরের পরিবর্তে খেজুরের নগদ বিনিময় না হলে সুদ হবে।
সহীহ্, ইবনু মা-জাহ (২২৫৩), নাসা-ঈএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। এ হাদীস অনুযায়ী আলিমগণ আমল করেছেন। ‘হাআ ওয়া হাআ’-এর অর্থ ‘নগদ ও উপস্থিত বিনিময়’ ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা বিনিময়ের ঘটনা তুলে ধরা হয়েছে। তালহা রাদিয়াল্লাহু আনহু রৌপ্যমুদ্রা পরে দেওয়ার কথা বললে উমর রাদিয়াল্লাহু আনহু তা মেনে নেননি। তিনি বলেন, এখনই রূপা দিতে হবে অথবা স্বর্ণ ফেরত দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বর্ণের সঙ্গে রূপার বিনিময়ে নগদ আদান-প্রদানের নির্দেশ দিয়েছেন। একইভাবে হাদিসে গমের সঙ্গে গম, যবের সঙ্গে যব এবং খেজুরের সঙ্গে খেজুর বিনিময়ের সময়ও তাৎক্ষণিক হস্তান্তরের কথা বলা হয়েছে। এখানে সুদ থেকে বাঁচার প্রধান উপায় হিসেবে বিলম্বহীন বিনিময় স্পষ্ট করা হয়েছে। শুধু কথা দিয়ে লেনদেন শেষ করে একটি বস্তু হাতে রেখে অন্যটি পরে দেওয়া এই নির্দেশনার সঙ্গে মেলে না। তাই এ ধরনের বিনিময়ে উভয় পক্ষের বস্তু একই বৈঠকে হস্তান্তর করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বর্ণ ও রূপার বিনিময় তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে হবে।
- বিনিময়ের একটি বস্তু রেখে অন্যটি পরে দেওয়া উচিত নয়।
- গম, যব ও খেজুরের একই ধরনের বিনিময়েও নগদ আদান-প্রদান জরুরি।
- শরিয়তবিরোধী বিলম্ব দেখা দিলে মূল্য ফেরত দিয়ে লেনদেন থামানো উচিত।
