৭/২০. অধ্যায়ঃ
ফারায়িয বা মৃতের পরিত্যক্ত সম্পত্তির বণ্টন বিধি - বোনেরা মেয়ের সাথে আসাবাহ হয়
কন্যা পৌত্রী বোনের মিরাস: নির্দিষ্ট অংশের হাদিস
বুলুগুল মারাম : ৯৪৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৪৭
وَعَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - فِي بِنْتٍ, وَبِنْتِ اِبْنٍ, وَأُخْتٍ - قَضَى النَّبِيُّ - صلى الله عليه وسلم: «لِلِابْنَةِ النِّصْفَ, وَلِابْنَةِ الِابْنِ السُّدُسَ - تَكْمِلَةَ الثُّلُثَيْنِ- وَمَا بَقِيَ فَلِلْأُخْتِ». رَوَاهُ الْبُخَارِيُّ
ইবনু মাস’ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফয়সলা করেছেন, কন্যা পাবে অর্ধাংশ আর পৌত্রী পাবে ষষ্ঠাংশ । এভাবে দু’তৃতীয়াংশ পূর্ণ হবে । বাকী তৃতীয়াংশ পাবে বোন । [১০২২]
[১০২২] বুখারীর বর্ণনায় রয়েছে, (আরবী) হুযায়ল ইব্নু শূরাহ্বীল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার আবূ মূসা (রাঃ)-কে কন্যা, পুত্রের কন্যা এবং ভগ্নির (মীরাস) সম্পর্কে জিজ্ঞেস করা হল । তখন তিনি বললেন, কন্যার জন্য অর্ধেক আর ভগ্নির জন্য অর্ধেক । (তিনি বললেন) তোমরা ইব্নু মাস’ঊদ (রাঃ)-এর কাছে যাও, তিনিও হয়ত আমার মতই বলবেন । অতঃপর ইব্নু মাস’ঊদ (রাঃ)-কে জিজ্ঞেস করা হল এবং আবূ মূসা (রাঃ) যা বলেছেন সে সম্পর্কে তাঁকে জানানো হল । তিনি বললেন, (ও রকম সিদ্ধান্ত দিলে) আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না । আমি এ ব্যাপারে ঐ ফায়সালাই দিচ্ছি, যে ফায়সালা নাবী (সাঃ) প্রদান করেছিলেন । কন্যা পাবে অর্ধাংশ আর পৌত্রী পাবে ষষ্ঠাংশ । এভাবে দু’তৃতীয়াংশ পূর্ণ হবে । বাকী এক তৃতীয়াংশ পাবে বোন । এরপর আমরা আবূ মূসা (রাঃ)-এর কাছে আসলাম এবং ইব্নু মাস’ঊদ (রাঃ) যা বললেন, তা তাকে জানালাম । তখন তিনি বললেনঃ এ অভিজ্ঞ মনীষী যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন আমার কাছে কিছু জিজ্ঞেস করো না । বুখারী ৬৭৩৬, ৬৭৪২, তিরমিযী ২০৯৩, আবূ দাউদ ২৮৯০, ইবনু মাজাহ ২৭২১, আহমাদ ৩৬৮৪,৪০৬২ ।
বুলুগুল মারাম হাদিস ৯৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি নির্দিষ্ট মিরাস বণ্টনের ঘটনা এসেছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ফয়সলা করেছেন, কন্যা পাবে অর্ধাংশ, পৌত্রী পাবে ষষ্ঠাংশ। এভাবে দু’তৃতীয়াংশ পূর্ণ হবে। এরপর বাকি তৃতীয়াংশ পাবে বোন। এখানে কন্যা পৌত্রী বোনের মিরাস নিয়ে পরিষ্কার একটি উদাহরণ পাওয়া যায়। হাদিসটি দেখায়, উত্তরাধিকার বণ্টনে প্রত্যেক হকদারের অংশ নির্দিষ্টভাবে বিবেচনা করা হয়। কন্যা, ছেলের মেয়ে এবং বোন—তিনজনের অংশ আলাদা করে বলা হয়েছে। তাই মিরাসের ক্ষেত্রে অনুমান বা ইচ্ছামতো ভাগ নয়, বরং নির্দিষ্ট নির্দেশ অনুসরণ করতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কন্যার জন্য অর্ধাংশ নির্ধারিত হয়েছে।
- পৌত্রী ষষ্ঠাংশ পেয়ে দু’তৃতীয়াংশ পূর্ণ করে।
- বাকি অংশ বোনের জন্য বলা হয়েছে।
- মিরাস বণ্টনে প্রত্যেক হকদারের অংশ আলাদা করে দেখা হয়।
