৭/৬. অধ্যায়ঃ
দেউলিয়া ও সম্পত্তির কর্তৃত্ব বিলোপ - কোন ব্যক্তির ক্ষতিগ্ৰস্ত হওয়া তিনজন সাক্ষী ব্যতীত গ্ৰহীত হবে না
ভিক্ষা চাওয়ার বিধান: কোন তিন অবস্থায় অনুমতি আছে
বুলুগুল মারাম : ৮৭১
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৭১
وَعَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ [الْهِلَالِيِّ]- رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ: رَجُلٍ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا ثُمَّ يُمْسِكَ، وَرَجُلٍ أَصَابَتْهُ جَائِحَةٌ اجْتَاحَتْ مَالَهُ, فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ، وَرَجُلٍ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُولَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَى مِنْ قَوْمِهِ: لَقَدْ أَصَابَتْ فُلَانًا فَاقَةٌ, فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ». رَوَاهُ مُسْلِمٌ
কাবীসাহ বিন মুখারিক হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তিন শ্রেণীর লোক ব্যতীত কারও জন্য ভিক্ষা করা বৈধ নয়। ১ কোন ব্যক্তি কারও ঋণ পরিশোধের জিম্মাদারী নিয়েছে তা আদায় দেয়া পর্যন্ত তার ভিক্ষা চাওয়া বৈধ- তারপর সে তা থেকে বিরত থাকবে। ২ কোন ব্যক্তির ধনসম্পদ কোন দুর্যোগহেতু ধ্বংসপ্রাপ্ত হয় তার জন্য- তার জীবন ধারনের সামর্থ্য অর্জন পর্যন্ত ভিক্ষা করা বৈধ হবে। ৩ ঐ ব্যক্তি যাকে দুর্ভিক্ষে পেয়েছে, অতঃপর তার অনাহার থাকার পক্ষে তার কওমের মধ্যে থেকে তিনজন জ্ঞানী লোক সাক্ষী দেন যে অমুক ব্যক্তিকে দুর্ভিক্ষে পেয়েছে, তার জন্য ভিক্ষা করা বৈধ হবে। [৯৩৫]
[৯৩৫] মুসলিম ১০৪৪, নাসায়ী ২৫৭৯, ২৫৯১, আবূ দাউদ ১৬৪০, আহমদ ১৫৪৮৬, ২০০৭৮, দারেমী ১৬৭৮।
বুলুগুল মারাম হাদিস ৮৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তিন শ্রেণীর মানুষ ছাড়া কারও জন্য ভিক্ষা করা বৈধ নয়। প্রথমত, যে ব্যক্তি অন্যের ঋণ বা দায় পরিশোধের জিম্মা নিয়েছে—সে তা আদায় হওয়া পর্যন্ত চাইতে পারে, তারপর থেমে যাবে। দ্বিতীয়ত, যার সম্পদ কোনো দুর্যোগে ধ্বংস হয়ে গেছে—সে জীবনধারণের প্রয়োজনীয় সামর্থ্য অর্জন পর্যন্ত চাইতে পারে। তৃতীয়ত, যে ব্যক্তি দুর্ভিক্ষে পড়েছে এবং তার কওমের তিনজন জ্ঞানী লোক তার অভাবের সাক্ষ্য দেয়—সে চাইতে পারে। এই হাদিস ভিক্ষাকে সাধারণ অভ্যাস বানাতে নিষেধ করে, কিন্তু বাস্তব বিপদে থাকা মানুষকে ছাড় দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভিক্ষা চাওয়া সাধারণভাবে উৎসাহিত নয়; নির্দিষ্ট প্রয়োজন থাকতে হয়।
- ঋণের জিম্মা নেওয়া ব্যক্তি প্রয়োজন পূরণ হওয়া পর্যন্ত চাইতে পারে।
- দুর্যোগে সম্পদ হারালে জীবনধারণের সামর্থ্য হওয়া পর্যন্ত সাহায্য চাওয়া যায়।
- অভাবের দাবি যাচাইয়ের কথাও হাদিসে এসেছে।
