৭/৪. অধ্যায়ঃ
বাই-‘আরায়ার অনুমতি, মূল বস্তু (গাছ) ও ফল বিক্রয় -গাছের ফল বিক্রি করার পর যদি প্রাকৃতিক দূর্যোগে নষ্ট হয়ে যায়, তাহলে ক্ষতির পরিমানমত মূল্য বিক্রেতার ছেড়ে দেওয়ার আদেশ
ফল দুর্যোগে নষ্ট হলে মূল্য নেওয়া: ভাইয়ের সম্পদ রক্ষার শিক্ষা
বুলুগুল মারাম : ৮৫২
বুলুগুল মারামহাদিস নম্বর ৮৫২
وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَوْ بِعْتَ مِنْ أَخِيكَ ثَمَرًا فَأَصَابَتْهُ جَائِحَةٌ, فَلَا يَحِلُّ لَكَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا. بِمَ تَأْخُذُ مَالَ أَخِيكَ بِغَيْرِ حَقٍّ». رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ لَهُ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - أَمَرَ بِوَضْعِ الْجَوَائِحِ
জাবির বিন ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- যদি তুমি তোমার কোন (মুসলিম) ভাই-এর নিকটে ফল বিক্রয় কর তারপর তা কোন দুর্যোগে নষ্ট হয়ে যায় তাহলে তার নিকট থেকে কিছু (মূল্য বাবদ) গ্রহণ করা তোমার জন্য বৈধ হবে না। কারণ তোমার মুসলিম ভাইয়ের মাল (মূল্য) তুমি কিসের বিনিময়ে নেবে? অন্য বর্ণনায় আছে- অবশ্য নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দূর্যোগে ক্ষতির পূরণ করতে বলেছেন। অর্থাৎ এ অবস্থায় ক্ষতির পরিমাণমত মূল্য না নিতে নির্দেশ দিয়েছেন। [৯০৯]
[৯০৯] (আরবী) : প্রাকৃতিক দূর্যোগে ফলফলাদি নষ্ট হয়ে যাওয়া। বুখারী ৪৮৩২, ৪৯৮৭, ৫৯৮৭, মুসলিম ২৫৫৪, আহমাদ ৭৮৭২, ৮১৬৭, ৮৭৫২।
বুলুগুল মারাম হাদিস ৮৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফল বিক্রির পর তা কোনো দুর্যোগে নষ্ট হয়ে গেলে বিক্রেতার জন্য ক্রেতার কাছ থেকে মূল্য নেওয়ার বিষয়ে কঠোর সতর্কতা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি তুমি তোমার ভাইয়ের কাছে ফল বিক্রি করো, তারপর তা দুর্যোগে নষ্ট হয়, তাহলে তার কাছ থেকে কিছু নেওয়া তোমার জন্য বৈধ হবে না। তিনি প্রশ্ন করেছেন, তোমার মুসলিম ভাইয়ের মাল তুমি কিসের বিনিময়ে নেবে? অন্য বর্ণনায় দুর্যোগে ক্ষতির পূরণের নির্দেশও এসেছে, অর্থাৎ ক্ষতির পরিমাণ অনুযায়ী মূল্য না নেওয়া। হাদিসটি ব্যবসায় দয়া, ন্যায় এবং বাস্তব ক্ষতির প্রতি খেয়াল রাখার শিক্ষা দেয়। এখানে ক্রেতার সম্পদকে অন্যায়ভাবে গ্রহণ না করার বিষয়টি খুব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুর্যোগে ফল নষ্ট হলে ক্রেতার ক্ষতি বিবেচনা করা দরকার।
- ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে নেওয়া বৈধ নয়।
- লেনদেনে শুধু চুক্তি নয়, বাস্তব ক্ষতির দিকও দেখা উচিত।
- ব্যবসায় ন্যায় ও সহমর্মিতা বজায় রাখা ইসলামের শিক্ষা।
