৭/১. অধ্যায়ঃ
ক্রয় বিক্রয়ের শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয় - কোন ভাইয়ের বিক্রয়ের উপর বিক্রয় করা (কমমূল্যে বিক্রয় করার প্রস্তাব দেয়া) এবং কোন ভাইয়ের ক্রয়ের উপর ক্রয় করা (বেশী দাম দিয়ে ক্রয় করার প্রস্তাব দেওয়া) নিষিদ্ধ
ভাইয়ের বিক্রয়ের উপর বিক্রয় নয়: লেনদেন ও সম্পর্কের আদব
বুলুগুল মারাম : ৮০৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৮০৯
وَعَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ, «وَلَا تَنَاجَشُوا, وَلَا يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ, وَلَا يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ, وَلَا تُسْأَلُ الْمَرْأَةُ طَلَاقَ أُخْتِهَا لِتَكْفَأَ مَا فِي إِنَائِهَا». مُتَّفَقٌ عَلَيْهِ وَلِمُسْلِمٍ: «لَا يَسُمِ الْمُسْلِمُ عَلَى سَوْمِ الْمُسْلِمِ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গ্রামবাসীর পক্ষে শহরবাসী কর্তৃক বিক্রয় করা হতে নিষেধ করেছেন এবং তোমরা প্রতারণামূলক দালালী করবে না। কোন ব্যক্তি যেন তার ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে। [৮৬১] কেউ যেন তার ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়। কোন মহিলা যেন তার বোনের (সতীনের) তালাকের দাবী না করে, যাতে সে তার পাত্রে যা কিছু আছে, তা নিজেই নিয়ে নেয়। (অর্থাৎ বর্তমান স্ত্রীর হক নষ্ট করে নিজে তা ভোগ করার জন্য) -মুসলিম শরীফে আরো আছে- কোন মুসলিম ভাইয়ের ক্রয় করার দরের উপরে দর করবে না। [৮৬২]
[৮৬১] শহরবাসী যেন গ্রাম্য লোককে ঠকিয়ে দেয়ার উদ্দেশে গ্রাম্য লোকের পক্ষে পণ্য বিক্রয় না করে। নিজের প্রাপ্য অংশ বৃদ্ধি করে অধিক সুখ সুবিধা ভোগ করার উদ্দেশে কোন নারী যেন তার সতীনকে তালাক দেয়ার জন্য স্বামীকে উদ্বুদ্ধ না করে।[৮৬২] বুখারী ২১৪৮, ২১৫০, ২১৫১, ২১৬০, ২১৬২, ২৭২৩, মুসলিম ১০৭৬, ১৪১৩, ১৫১৫, তিরমিযী ১১১৪, ১১৯০, ১১০০, নাসায়ী ৩২৩৯, ৩২৪০, আবূ দাউদ ২০৮০, ৩৪৩৭, ৩৪৩৮, ইবনু মাজাহ ২১৭২, ২১৭৪, আহমাদ ৭২০৭, ৭২৭০, দারেমী ২১৭৫, ২৫৫৩, ২৫৬৬। ইমাম মুসলিম তা বর্ণনা করেছেন। কিন্তু সেখানে -এর বদলে রয়েছে।
বুলুগুল মারাম হাদিস ৮০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধ একসাথে এসেছে। শহরবাসী যেন গ্রামবাসীর পক্ষে প্রতারণামূলক বিক্রয় না করে, নাজশ বা ভুয়া দরদাম না করে, কেউ যেন ভাইয়ের ক্রয়-বিক্রয়ের উপর ক্রয়-বিক্রয় না করে। একই সঙ্গে ভাইয়ের বিবাহ প্রস্তাবের উপর প্রস্তাব দেওয়া এবং কোনো নারীর নিজের স্বার্থে অন্য নারীর তালাক দাবি করার বিষয়ও নিষেধ করা হয়েছে। মুসলিম শরীফের অতিরিক্ত বর্ণনায় আছে, কোনো মুসলিম ভাইয়ের দরদামের উপর দর করবে না। তাই এই হাদিস শুধু বাজারের নিয়ম নয়; মানুষের সম্পর্ক, অধিকার ও ভদ্রতার শিক্ষা দেয়। অন্যের চলমান চুক্তি বা প্রস্তাবে হস্তক্ষেপ করলে ক্ষতি, হিংসা ও বিরোধ তৈরি হয়। ইসলামে ন্যায্য লেনদেনের সাথে সামাজিক শান্তিও গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের চলমান বিক্রয় বা দরদামে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা দরকার।
- মিথ্যা দরদাম ও প্রতারণামূলক দালালী বাজার নষ্ট করে।
- নিজের লাভের জন্য অন্যের পরিবার বা অধিকার নষ্ট করা উচিত নয়।
