৭/১. অধ্যায়ঃ
ক্রয় বিক্রয়ের শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয় - পন্য হাতে আসার পূর্বেই বিক্রি করা নিষেধ
কবজার আগে পণ্য বিক্রি নয়: বাজারে ন্যায় লেনদেনের শিক্ষা
বুলুগুল মারাম : ৮০২
বুলুগুল মারামহাদিস নম্বর ৮০২
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: ابْتَعْتُ زَيْتًا فِي السُّوقِ, فَلَمَّا اسْتَوْجَبْتُهُ لَقِيَنِي رَجُلٌ فَأَعْطَانِي بِهِ رِبْحًا حَسَنًا، فَأَرَدْتُ أَنْ أَضْرِبَ عَلَى يَدِ الرَّجُلِ، فَأَخَذَ رَجُلٌ مِنْ خَلْفِي بِذِرَاعِي، فَالْتَفَتُّ, فَإِذَا هُوَ زَيْدُ بْنُ ثَابِتٍ, فَقَالَ: لَا تَبِعْهُ حَيْثُ ابْتَعْتَهُ حَتَّى تَحُوزَهُ إِلَى رَحْلِكَ; فَإِنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - نَهَى أَنْ تُبَاعَ السِّلَعُ حَيْثُ تُبْتَاعُ, حَتَّى يَحُوزَهَا التُّجَّارُ إِلَى رِحَالِهِمْ. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বাজারে জয়তুনের তেল ক্রয় করলাম। ক্রয় পাকাপাকি হবার পর একজন লোক আমার কাছে এসে আমাকে তাতে একটা ভাল লাভ দিতে চাইলো। আমিও তার হাতে হাত মেরে বিক্রয় পাকাপাকি করতে চাইলাম। হঠাৎ করে কোন লোক পেছন থেকে আমার হাত ধরে নিল। আমি পেছনে চেয়ে দেখলাম- তিনি যায়দ বিন সাবেত (রাঃ)। তিনি বললেন, যেখানে ক্রয় করবেন ঐ স্থানে বিক্রয় করবেন না- যতক্ষন না আপনার স্থানে নিয়ে না যান। অবশ্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্রয় করার স্থানে পণ্য বিক্রয় করতে নিষেধ করেছেন- যতক্ষণ না তা ক্রেতা তার ডেরায় বা স্থানে নিয়ে যায়। - শব্দ বিন্যাস আবূ দাউদের। ইবনু হিব্বান ও হাকিম একে সহীহ্ বলেছেন । [৮৫৪]
[৮৫৪] আবূ দাউদ ৩৪৯৯, ইবনু হিব্বান ১১২০, হাকিম ২য় খন্ড ৪০ পৃষ্ঠা । আহমাদ ৩৯৭, ৪৬২৫, ৪৭০২, ৫২১৩, ৫২৮২।
বুলুগুল মারাম হাদিস ৮০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমার (রাঃ)-এর বাজারে জয়তুনের তেল কেনার ঘটনা এসেছে। তিনি ক্রয় পাকাপাকি করার পর লাভে বিক্রি করতে চাইলে যায়দ বিন সাবেত (রাঃ) তাকে থামিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্রয় করা স্থানে পণ্য বিক্রয় করতে নিষেধ করেছেন, যতক্ষণ না ক্রেতা তা নিজের ডেরা বা স্থানে নিয়ে যায়। হাদিসটির মূল শিক্ষা হলো, কেবল কথার মাধ্যমে লাভের সুযোগ পেলেই বেচাকেনা করা ঠিক নয়; পণ্যের কবজা বা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এতে বাজারে কৃত্রিম লেনদেন, ঝুঁকিপূর্ণ বিক্রি এবং অনিশ্চয়তা কমে। ইসলামী ব্যবসা নীতিতে পণ্য হাতে নেওয়া, মালিকানা পরিষ্কার হওয়া এবং ক্রেতা-বিক্রেতার অধিকার রক্ষা করা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পণ্য কিনে নিজ নিয়ন্ত্রণে নেওয়ার আগে তা বিক্রি করা থেকে সতর্ক থাকতে হবে।
- ব্যবসায় লাভের সুযোগ থাকলেও নিয়ম মানা জরুরি।
- কবজা ও মালিকানা পরিষ্কার হলে লেনদেন নিরাপদ হয়।
