৬/১. অধ্যায়ঃ
হজ্জে এর ফযীলত ও যাদের উপর হজ্জ ফরয তার বিবরণ - কারও পক্ষ থেকে হজ্ব করার শর্ত
বদলি হজ্জের নিয়ম: আগে নিজের হজ্জ, তারপর অন্যের পক্ষ থেকে
বুলুগুল মারাম : ৭১৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৭১৯
وَعَنْهُ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سَمِعَ رَجُلًا يَقُولُ: لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ, قَالَ: «مَنْ شُبْرُمَةُ?» قَالَ: أَخٌ [لِي] , أَوْ قَرِيبٌ لِي, قَالَ: «حَجَجْتَ عَنْ نَفْسِكَ» قَالَ: لَا. قَالَ: «حُجَّ عَنْ نَفْسِكَ, ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَالرَّاجِحُ عِنْدَ أَحْمَدَ وَقْفُهُ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক ব্যক্তিকে বলতে শুনলেনঃ “শুবরুমার পক্ষ থেকে আমি তোমার কাছে হাযির হয়েছি।“ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করেনঃ শুবরুমা কে? সে বললো, আমার ভাই, অথবা বলো, আমার এক নিকটাত্মীয়। তিনি বলেনঃ তুমি কি কখনও নিজের পক্ষ হতে হজ্জ করেছো? সে বললো, না। তিনি বলেনঃ তাহলে তোমার নিজের পক্ষ থেকে আগে হজ্জ করো, অতঃপর শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো। আবূ দাঊদ, ইবনু মাজাহ, ইবনু হিব্বান একে সহীহ্ বলেছেন। আর আহমাদের নিকট হাদীসটির মাককূফ হওয়াটাই অধিক সাব্যস্ত। [৭৬৬]
[৭৬৬] আবূ দাঊদ ১৮১১, ইবনু মাজাহ, ইবনু হিব্বান ৯৬২।উক্ত হাদীসের দুর্বলতা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কিন্তু বড় বড় আয়েম্মায়ে কিরামগণ যেমন আহমাদ, তাহাবী, দারাকুতনী, ইবনু দাকীকুল ঈদ এবং অন্যান্যরা উক্ত হাদীসটিকে দুর্বল হিসেবে আখ্যায়িত করেছেন। আর এটাই নির্ভরযোগ্য কথা। ইমাম শওকানী আল ফাতহুর রব্বানী ৮/৪১৪ গ্রন্থে বলেনঃ এ হাদীসটিকে ত্রুটিযুক্ত করা হয়েছে মাওকুফ বলে, তবে এটি ত্রুটি নয়, কেননা আবদাহ বিন সুলাইমান মারফু সূত্রে বর্ণনা করেছেন, আর তিনি বিশস্ত বর্ণনাকারী। যদিও হাদীসটিকে মাওকুফের দোষে দুষ্ট বলা হয়েছে তথাপি আব্দাহ বিন সুলাইমান কর্তৃক হাদীসটি মারফু হিসেবে বর্ণিত হয়েছে। অধিকন্তু তিনি সিকাহ রাবীদের অন্তর্ভুক্ত। শাইখ আলবানী সহীহ আবূ দাঊদ ১৮১১, সহীহ ইবনু মাজাহ ২৩৬৪, ইরওয়াউল গালীল ৯৯৪ গ্রন্থত্রয়ে একে সহীহ বলেছেন। ইবনু উসাইমীন আশ শারহুল মুমতি ৭/৩১ গ্রন্থে বলেনঃ (আরবী) বিদ্বানগণ এ হাদীসের মারফু – মাওকুফ এবং সহীহ –যঈফ হওয়ার ব্যাপারে মতানৈক্য করেছেন।
বুলুগুল মারাম হাদিস ৭১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন ব্যক্তিকে বলতে শুনলেন, শুবরুমার পক্ষ থেকে আমি হাজির হয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, শুবরুমা কে? লোকটি বলল, আমার ভাই অথবা নিকটাত্মীয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি নিজের পক্ষ থেকে হজ্জ করেছ? সে বলল, না। তিনি বললেন, আগে নিজের পক্ষ থেকে হজ্জ করো, তারপর শুবরুমার পক্ষ থেকে হজ্জ করো। এই হাদিসে বদলি হজ্জের একটি পরিষ্কার আদব এসেছে। অন্যের উপকার করতে চাইলে নিজের ফরজ দায়িত্ব আগে আদায় করার বিষয়টি এখানে শেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের পক্ষ থেকে হজ্জের আগে নিজের হজ্জ করার নির্দেশ এসেছে।
- বদলি হজ্জে নিয়ত ও ব্যক্তির পরিচয় পরিষ্কার হওয়া দরকার।
- নিকটাত্মীয়ের জন্য হজ্জ করতে চাওয়ার বিষয়টি বর্ণনায় আছে।
- নিজের দায়িত্ব আগে আদায় করা গুরুত্বপূর্ণ শিক্ষা।
