২/১৪. অধ্যায়ঃ
দু ‘ঈদের সালাত - ঈদুল আযহার দিবসে (ঈদগাহে) বের হওয়ার পূর্বে পানাহারের বিধান
ঈদুল ফিতর ও ঈদুল আযহা: খাওয়ার সময়ের নববী শিক্ষা
বুলুগুল মারাম : ৪৮৮
বুলুগুল মারামহাদিস নম্বর ৪৮৮
وَعَنِ ابْنِ بُرَيْدَةَ, عَنْ أَبِيهِ قَالَ: كَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ, وَلَا يَطْعَمُ يَوْمَ الْأَضْحَى حَتَّى يُصَلِّيَ. رَوَاهُ أَحْمَدُ, وَالتِّرْمِذِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আবদুল্লাহ্ বিন বুরায়দাহ তাঁর পিতা বুরায়দাহ হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিত্র-এর দিন কিছু না খেয়ে বের হতেন না। আর ‘ঈদুল আযহার দিন সালাতের পূর্বে কিছু খেতেন না। - ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৫২৪]
[৫২৪] তিরমিযী ৫৪২, ইবনু মাজাহ ১৭৫৬, আহমাদ ২২৪৭৪, ২২৫৩৩, দারেমী ১৬০০। বিন বায তার হাশিয় বুলুগুল মারাম ৩১৯ গ্রন্থে এ হাদীসের সনদকে উত্তম বলেছেন, ইবনু হাজার আর ফতহুল বারী ২/৫১৯ গ্রন্থে বলেন, এর সনদ নিয়ে সমালোচনা আছে, ইমাম যাহাবী তার মীযানুল ইতিদাল ১/৩৭৩ গ্রন্থে বলেন, এর মুতাবাআত রয়েছে। আলবানী তার তাখরীজ মিশকাতুল মাসাবীহ ১৩৮৫, তিরমিযী ৫২৪ গ্রন্থে এর সনদকে সহীহ বলেছেন। ইমাম সুয়ূতী জামেউস সগীর ৬৮৮২ গ্রন্থেও হাদীসটিকে সহীহ বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ৪৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু বুরাইদাহ তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না। আর ঈদুল আযহার দিন সালাতের আগে কিছু খেতেন না। এখানে দুই ঈদের মধ্যে একটি সুন্দর পার্থক্য দেখা যায়। ঈদুল ফিতর রমজানের সাওম শেষ হওয়ার দিন, তাই বের হওয়ার আগে খাওয়া এসেছে। আর ঈদুল আযহার ক্ষেত্রে সালাতের আগে না খাওয়ার আমল বর্ণিত হয়েছে। হাদিসটি আহমাদ ও তিরমিযীতে এসেছে এবং ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। এতে ঈদের দিনের আদব ও নববী পদ্ধতি সহজভাবে বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈদুল ফিতরে সালাতে যাওয়ার আগে খাওয়ার আমল এসেছে।
- ঈদুল আযহায় সালাতের আগে না খাওয়ার বর্ণনা আছে।
- দুই ঈদের দিনের আমলে কিছু পার্থক্য রয়েছে।
- ঈদের সকালেও নবীজির পদ্ধতি অনুসরণযোগ্য শিক্ষা দেয়।
