২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ করার নিয়ম
দরূদে ইবরাহীম: নবীজির উপর সালাত পাঠের সুন্নতি পদ্ধতি
বুলুগুল মারাম : ৩১৭
বুলুগুল মারামহাদিস নম্বর ৩১৭
وَعَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ بَشِيرُ بْنُ سَعْدٍ: يَا رَسُولَ اللَّهِ، أَمَرَنَا اللَّهُ أَنْ نُصَلِّيَ عَلَيْكَ, فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ فَسَكَتَ, ثُمَّ قَالَ: «قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ, وَعَلَى آلِ مُحَمَّدٍ, كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ, وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ, وَعَلَى آلِ مُحَمَّدٍ, كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ. وَالسَّلَامُ كَمَا عَلَّمْتُكُمْ». رَوَاهُ مُسْلِمٌوَزَادَ ابْنُ خُزَيْمَةَ فِيهِ: فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ, إِذَا نَحْنُ صَلَّيْنَا عَلَيْكَ فِي صَلَاتِنَا
আবূ মাস’উদ (‘উকবাহ বিন্ ‘আমির) হতে বর্ণিতঃ
বাশীর বিন্ সা’দ বললেন, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্ আপনার উপর আমাদের সালাত (দরূদ) পাঠের আদেশ করেছেন, তবে আমরা কিরূপে আপনার উপর সালাত (দরূদ) পাঠ করব? তিনি একটু নীরবতা পালন করলেন, তারপর বললেন, উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আলি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বারিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আলি মুহাম্মাদিন, কামা বারাক্তা, ‘আলা ইবরাহীমা ওয়া ‘আলা আলি ইবরাহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ। অর্থঃ হে আল্লাহ! মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর বংশধরদের উপর রহমত নাযিল কর, যেমন তুমি ইব্রাহীম ও তাঁর বংশধরদের উপর করেছিলে। নিশ্চয় তুমি প্রশংসিত, অতি মহান। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ এবং তাঁর বংশধরদের উপর বরকত নাযিল কর, যেমন তুমি ইব্রাহীম ও তাঁর বংশধরদের উপর নাযিল করেছিলে। তুমি প্রশংসিত, অতি মহান। ইবনু খুযাইমাহ তাতে বৃদ্ধি করেছেনঃ “আমরা আমাদের সালাতে যখন আপনার প্রতি সালাত পাঠ করব তখন কিরূপে আপনার উপর সালাত (দরূদ) পাঠ করব?” [৩৫৫]
[৩৫৫] সহীহ মুসলিম ৪০৫, তিরমিযী ৩২২০, নাসায়ী ১২৮৫, ১২৮৬, আবূ দাঊদ ৯৭৯, আহমাদ ১৬৬১৯, হাসানঃ সহীহ ইবনু খুযাইমাহ হাঃ ৭১১
বুলুগুল মারাম হাদিস ৩১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, বাশীর ইবনু সা‘দ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাদের আপনার উপর সালাত পাঠের আদেশ করেছেন; আমরা কীভাবে আপনার উপর সালাত পাঠ করব? নবীজি কিছুক্ষণ নীরব থেকে দরূদের বাক্য শিখিয়েছেন। এতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবার-পরিজনের উপর রহমত ও বরকত চাওয়া হয়েছে, যেমন ইবরাহীম আলাইহিস সালাম ও তাঁর পরিবার-পরিজনের উপর রহমত ও বরকত পাঠানো হয়েছে। এই হাদিস দরূদ শরীফ শেখার খুব গুরুত্বপূর্ণ বর্ণনা। ইবনু খুযাইমাহর অতিরিক্ত অংশে সালাতের ভেতর দরূদ পাঠের প্রসঙ্গও এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির উপর দরূদ পাঠের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে শিখিয়েছেন।
- দরূদে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবারের জন্য রহমত ও বরকত চাওয়া হয়।
- দীনের গুরুত্বপূর্ণ আমল প্রশ্ন করে শিখে নেওয়া সাহাবীদের সুন্দর আদব।
