২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - যে মুসল্লী কুরআন ভালভাবে পড়তে জানে না তার বিধান
কুরআন পড়তে না পারলে সালাতে যিকিরের সহজ শিক্ষা
বুলুগুল মারাম : ২৮৫
বুলুগুল মারামহাদিস নম্বর ২৮৫
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَقَالَ: إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ آخُذَ مِنَ الْقُرْآنِ شَيْئًا, فَعَلِّمْنِي مَا يُجْزِئُنِي [مِنْهُ]. قَالَ: «سُبْحَانَ اللَّهِ, وَالْحَمْدُ لِلَّهِ, وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ, وَلَا حَوْلٌ وَلَا قُوَّةً إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ ... ». الْحَدِيثَ. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَالدَّارَقُطْنِيُّ, وَالْحَاكِمُ
আবদুল্লাহ্ বিন আবূ ‘আউফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর নিকট এসে বলল- ‘আমি কুরআনের কোন অংশ গ্রহণে (মুখস্ত করতে) সক্ষম নই, তাই আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা আমার জন্য যথেষ্ঠ হয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি বলবে, ‘সুব্হানাল্লাহ্’ ‘আল্হামদুলিল্লাহ্’ অলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, অলা হাওলা অলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ‘আলিয়্যিল ‘আযীম্। (সংক্ষিপ্ত) ইবনু হিব্বান, দারাকুৎনী ও হাকিম এটিকে সহীহ্ বলেছেন। [৩২২]
[৩২২] হাসান। আবূ দাঊদ ৮৩২, আহমাদ ১৮৬৩১, নাসায়ী ৯২৪, ইবনু হিব্বান ১৮০৮, দারাকুতনী (৩/৩০ হাঃ ১), হাকিম (১/২৪১), নাসায়ী ও ইবনু হিব্বান ব্যতীত সকলেই এ কথা বৃদ্ধি করেছেন- “হে আল্লাহর রাসূল! এটাতো আল্লাহর জন্য। আমার জন্য কী? তিনি বলেন, তুমি বল, হে আল্লাহ! আমার প্রতি রহম কর, আমাকে রিযিক দান কর। আমাকে ক্ষমা কর, আমাকে হেদায়েত কর। অতঃপর সে দাঁড়িয়ে বলল, এটাও তো তাঁরই হাতে রইল। তখন রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এতটুকুই তার হাতকে কল্যাণে পরিপূর্ণ করে দিবে।
বুলুগুল মারাম হাদিস ২৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তির কথা এসেছে, যিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলেন, তিনি কুরআনের কোনো অংশ গ্রহণ বা মুখস্থ করতে সক্ষম নন। তাই তিনি এমন কিছু শিখতে চান, যা তাঁর জন্য যথেষ্ট হবে। নবীজি তাঁকে কয়েকটি যিকির শেখান: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হাদিসের মূল শিক্ষা হলো, সালাতে কিরাআত শেখা জরুরি হলেও অক্ষম ব্যক্তির জন্য নবীজি সহজ যিকিরের পথ দেখিয়েছেন। এখানে অক্ষমতার কথা পরিষ্কারভাবে আছে, তাই এটি সাধারণ অলসতার ছাড় নয়। বরং যে সত্যিই পারে না, তাকে শেখানো, সহজ করা এবং আল্লাহর যিকিরে যুক্ত রাখা—এই দিকটি সুন্দরভাবে ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন পড়তে অক্ষম ব্যক্তির জন্য সহজ যিকির শেখানো হয়েছে।
- নবীজি প্রশ্নকারীর অবস্থার দিকে খেয়াল রেখে উত্তর দিয়েছেন।
- তাসবিহ, তাহমিদ, তাওহিদ ও তাকবির আল্লাহর স্মরণে সাহায্য করে।
- অক্ষমতা ও অবহেলার মধ্যে পার্থক্য বুঝে আমল করতে হয়।
