২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - নাবী (ﷺ) এর সালাতের বিবরণ
নবীজির সালাতের ভঙ্গি: রুকু, সিজদা ও বৈঠকের শিক্ষা
বুলুগুল মারাম : ২৬৯
বুলুগুল মারামহাদিস নম্বর ২৬৯
وَعَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ - رضي الله عنه - قَالَ: رَأَيْتُ النَّبِيَّ - صلى الله عليه وسلم - إِذَا كَبَّرَ جَعَلَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ, وَإِذَا رَكَعَ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ, ثُمَّ هَصَرَ ظَهْرَهِ, فَإِذَا رَفَعَ رَأْسَهُ اسْتَوَى حَتَّى يَعُودَ كُلُّ فَقَارٍ مَكَانَهُ, فَإِذَا سَجَدَ وَضَعَ يَدَيْهِ غَيْرَ مُفْتَرِشٍ وَلَا قَابِضِهِمَا, وَاسْتَقْبَلَ بِأَطْرَافِ أَصَابِعِ رِجْلَيْهِ الْقِبْلَةَ, وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ جَلَسَ عَلَى رِجْلِهِ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى, وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ قَدَّمَ رِجْلَهُ الْيُسْرَى وَنَصَبَ الْأُخْرَى, وَقَعَدَ عَلَى مَقْعَدَتِهِ. أَخْرَجَهُ الْبُخَارِيُّ
আবু হুমাইদ আস-সা‘য়িদী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দেখেছি (সালাত শুরু করার সময়) তিনি তাকবীর বলে দু' হাত কাঁধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ করতেন তখন দু হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান করে রাখতেন। অতঃপর রুকু হতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাড়াতেন যাতে মেরুদন্ডের হাড়গুলো স্ব-স্ব স্থানে ফিরে আসতো। অতঃপর যখন সিজদা করতেন তখন দু হাত সম্পূর্ণভাবে মাটির উপর বিছিয়ে দিতেন না, আবার গুটিয়েও রাখতেন না। এবং তার উভয় পায়ের অঙ্গুলির মাথা কেবলামুখী করে দিতেন। যখন দুরাকআতের পর বসতেন তখন বাম পা-এর উপর বসতেন আর ডান পা খাড়া করে দিতেন এবং যখন শেষ রাকাআতে বসতেন তখন বা পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন।
বুলুগুল মারাম হাদিস ২৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুমাইদ আস-সাঈদী (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের ভঙ্গি বর্ণনা করেছেন। তিনি বলেন, সালাত শুরু করার সময় নবীজি তাকবীর বলে হাত কাঁধ বরাবর উঠাতেন। রুকুতে গিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান রাখতেন। রুকু থেকে উঠে সোজা দাঁড়াতেন, যেন হাড়গুলো নিজ নিজ স্থানে ফিরে যায়। সিজদায় হাত মাটিতে পুরো বিছিয়ে দিতেন না, আবার গুটিয়েও রাখতেন না। পায়ের আঙুল কিবলামুখী করতেন। দুই রাকআতের পর বাম পায়ের উপর বসতেন, আর শেষ বৈঠকে আলাদা ভঙ্গিতে বসতেন। হাদিসটি সালাতের শরীরী আদব ও স্থিরতার স্পষ্ট শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের ভঙ্গি নবীজির আমল অনুযায়ী সুন্দরভাবে করা উচিত।
- রুকুতে পিঠ সমান রাখা ও স্থির থাকা শেখা যায়।
- সিজদায় হাতের অবস্থানেও আদব আছে।
- বৈঠকের ভঙ্গি সালাতের অংশ হিসেবে গুরুত্ব পায়।
