২/১. অধ্যায়ঃ
সালাতের সময়সমূহ
পাঁচ ওয়াক্ত সালাতের সময়সীমা: যুহর থেকে ফাজর পর্যন্ত
বুলুগুল মারাম : ১৫১
বুলুগুল মারামহাদিস নম্বর ১৫১
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ نَبِيَّ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «وَقْتُ الظُّهْرِ إِذَا زَالَتْ الشَّمْسُ, وَكَانَ ظِلُّ الرَّجُلِ كَطُولِهِ مَا لَمْ يَحْضُرِ الْعَصْرُ, وَوَقْتُ الْعَصْرِ مَا لَمْ تَصْفَرَّ الشَّمْسُ, وَوَقْتُ صَلَاةِ الْمَغْرِبِ مَا لَمْ يَغِبْ الشَّفَقُ, وَوَقْتُ صَلَاةِ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ الْأَوْسَطِ, وَوَقْتُ صَلَاةِ الصُّبْحِ مِنْ طُلُوعِ الْفَجْرِ مَا لَمْ تَطْلُعْ الشَّمْسُ». رَوَاهُ مُسْلِمٌ
আব্দুল্লাহ্ বিন্ ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যুহরের সময় হচ্ছে, যখন সূর্য পশ্চিমে হেলে পড়ে, আর মানুষের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত, তথা ‘আসরের সময় উপস্থিত হওয়া পর্যন্ত। ‘আসরের সময় হচ্ছে, (কোন বস্তুর ছায়া তার সমান হবার পর হতে) সূর্যের রঙ হালকা বা ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করা পর্যন্ত। মাগরিবের সময় সূর্যাস্ত থেকে আরম্ভ করে পশ্চিমকাশে লালিমা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত। ইশার সলাতের সময় হলো, (মাগরিবের সময় শেষ হওয়া থেকে শুরু হয়ে) মধ্যরাত অবধি বিদ্যমান থাকে। ফাজ্রের সময়, সুবহ্ সাদিক থেকে আরম্ভ হয়ে সূর্য উদিত না হওয়া পর্যন্ত।’ [১৭৮]
[১৭৮] মুসলিম ১৭৩, ৬১২; পূর্ণাঙ্গ হাদীস হচ্ছে- (আরবী) যখন সূর্য উদিত হয় তখন সলাত থেকে বিরত থাকো। কেননা সূর্য শয়তানের দু’ শিংয়ের মাঝ দিয়ে উদিত হয়।
বুলুগুল মারাম হাদিস ১৫১-এর সারসংক্ষেপ
এই হাদিসে পাঁচ ওয়াক্ত সালাতের সময় খুব পরিষ্কারভাবে এসেছে। যুহরের সময় সূর্য পশ্চিমে হেলে পড়ার পর শুরু হয় এবং মানুষের ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত থাকে, অর্থাৎ আসরের সময় আসা পর্যন্ত। আসরের সময় সূর্য ফ্যাকাশে হলুদ হওয়ার আগ পর্যন্ত। মাগরিব সূর্যাস্ত থেকে শুরু হয়ে পশ্চিম আকাশের লালিমা মুছে যাওয়া পর্যন্ত। ইশার সময় মাগরিবের পর থেকে মধ্যরাত পর্যন্ত। আর ফাজরের সময় সুবহে সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। এই হাদিস নামাজের সময়সূচী বোঝার মূল ভিত্তিগুলোর একটি। এর শিক্ষা হলো—সালাত শুধু পড়লেই হবে না; নির্ধারিত সময়ের মধ্যেই পড়তে হবে। সময় জেনে সালাত আদায় করা মুসলিম জীবনের নিয়ম ও শৃঙ্খলা তৈরি করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাঁচ ওয়াক্ত সালাতের প্রত্যেকটির আলাদা সময়সীমা আছে।
- সালাত নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা দরকার।
- সূর্য, ছায়া, লালিমা ও সুবহে সাদিক—সময়ের লক্ষণ হিসেবে এসেছে।
- নামাজের সময় জানা দৈনন্দিন ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ।
