৫৩/১৫. অধ্যায়ঃ
কিয়ামাত দিবসের বর্ণনা, এ দিবসের ভীতিকর অবস্থাতে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন
কিয়ামতের দিন সূর্য নিকটে ও আমল অনুযায়ী ঘাম
সহিহ মুসলিম : ৭০৯৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৭০৯৮
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ، جَابِرٍ حَدَّثَنِي سُلَيْمُ بْنُ عَامِرٍ، حَدَّثَنِي الْمِقْدَادُ بْنُ الأَسْوَدِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْخَلْقِ حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ " . قَالَ سُلَيْمُ بْنُ عَامِرٍ فَوَاللَّهِ مَا أَدْرِي مَا يَعْنِي بِالْمِيلِ أَمَسَافَةَ الأَرْضِ أَمِ الْمِيلَ الَّذِي تُكْتَحَلُ بِهِ الْعَيْنُ . قَالَ " فَيَكُونُ النَّاسُ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ فِي الْعَرَقِ فَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُمْ مَنْ يَكُونُ إِلَى حَقْوَيْهِ وَمِنْهُمْ مَنْ يُلْجِمُهُ الْعَرَقُ إِلْجَامًا " . قَالَ وَأَشَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ إِلَى فِيهِ .>
মিকদাদ ইবনুল আস্ওয়াদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কেয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটবর্তী করে দেয়া হবে। অবশেষে তা মানুষের এক মাইলের দূরত্বের মাঝে চলে আসবে। বর্ণনাকারী সুলায়ম ইবন আমির (রহঃ) বলেন, আল্লাহর শপথ! আমি জানি না, مِيلٍ শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে, যমীনের দূরত্ব, না ঐ শলাকা যা চোখে সুরমা দেয়া কাজে ব্যবহৃত হয়। মানুষ তাদের আমল অনুসারে ঘর্মের মাঝে ডুবে থাকবে। তাদের কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত হবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে থাকবে, কেউ কোমর পর্যন্ত আর কারো মুখ পর্যন্ত ঘামে ডুবে থাকবে। বর্ণনাকারী বলেন, এ সময় রাসূল (ﷺ) নিজ মুখের প্রতি ইঙ্গিত করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯৪২, ইসলামীক সেন্টারঃ ৭০০০
সহিহ মুসলিম হাদিস ৭০৯৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের কাছে আনা হবে, এমনকি এক মাইলের মতো দূরত্বে থাকবে। বর্ণনাকারী বলেন, এখানে মাইল বলতে কোন অর্থ বোঝানো হয়েছে তা তিনি জানেন না। এরপর নবীজি জানান, মানুষ তাদের আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারও ঘাম গোড়ালি পর্যন্ত, কারও হাঁটু পর্যন্ত, কারও কোমর পর্যন্ত এবং কারও মুখ পর্যন্ত পৌঁছাবে। নবীজি নিজ মুখের দিকে ইঙ্গিত করেছেন। এই হাদিসে কিয়ামতের ঘাম, আমলের প্রভাব এবং আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় একসঙ্গে এসেছে। এটি আমাদের শেখায়, মানুষের কাজের ফল আছে। তাই সৎ আমল, তাওবা এবং আল্লাহভীতি নিয়ে জীবন গড়া প্রয়োজন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কিয়ামতের দিনে মানুষের ঘাম তার আমলের সঙ্গে সম্পর্কিত হবে।
- হাশরের কষ্ট মানুষকে সৎ আমলের দিকে ডাক দেয়।
- বর্ণনার অনিশ্চিত অংশ নিয়ে বাড়তি দাবি করা ঠিক নয়।
