৪৫/২৭. অধ্যায়ঃ
জুলাইবীব (রাঃ)-এর ফযিলত
জুলায়বীবের মর্যাদা: সে আমার আর আমি তার
সহিহ মুসলিম : ৬২৫২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬২৫২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عُمَرَ بْنِ سَلِيطٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ كِنَانَةَ، بْنِ نُعَيْمٍ عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي مَغْزًى لَهُ فَأَفَاءَ اللَّهُ عَلَيْهِ فَقَالَ لأَصْحَابِهِ " هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ " . قَالُوا نَعَمْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا . ثُمَّ قَالَ " هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ " . قَالُوا نَعَمْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا . ثُمَّ قَالَ " هَلْ تَفْقِدُونَ مِنْ أَحَدٍ " . قَالُوا لاَ . قَالَ " لَكِنِّي أَفْقِدُ جُلَيْبِيبًا فَاطْلُبُوهُ " . فَطُلِبَ فِي الْقَتْلَى فَوَجَدُوهُ إِلَى جَنْبِ سَبْعَةٍ قَدْ قَتَلَهُمْ ثُمَّ قَتَلُوهُ فَأَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم فَوَقَفَ عَلَيْهِ فَقَالَ " قَتَلَ سَبْعَةً ثُمَّ قَتَلُوهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ " . قَالَ فَوَضَعَهُ عَلَى سَاعِدَيْهِ لَيْسَ لَهُ إِلاَّ سَاعِدَا النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَحُفِرَ لَهُ وَوُضِعَ فِي قَبْرِهِ . وَلَمْ يَذْكُرْ غَسْلاً .
আবূ বারযাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক জিহাদে ছিলেন। আল্লাহ তা’আলা তাঁকে গনীমতের সম্পদ দান করলেন। তিনি তাঁর সাহাবীদের বললেন, “তোমরা কেউ কি হারিয়ে যাওনি?” লোকেরা বলল, “হ্যাঁ, অমুক, অমুক ও অমুককে।” তিনি বললেন, “তোমরা কি কাউকে হারিয়েছ?” লোকেরা বলল, “হ্যাঁ, অমুক, অমুক এবং অমুককে।” তিনি পুনরায় বললেন, “তোমরা কি কাউকে হারিয়েছ?” লোকেরা বলল, “না।” তিনি বললেন, “কিন্তু আমি জুলায়বীবকে হারিয়েছি। তোমরা তাঁকে সন্ধান করো।”তখন তাঁকে নিহতদের মাঝে সন্ধান করা হলো। তারা সাতটা লাশের সামনে তাঁকে খুঁজে পেল। তিনি এ সাতজনকে মেরে ফেলেছিলেন। তারপর শত্রুরা তাঁকে মারে। তখন নবী (ﷺ) তাঁর নিকট আসলেন এবং ওখানে দাঁড়িয়ে বললেন, “সে সাতজন হত্যা করেছে; তারপর শত্রুরা তাকে মেরেছে। সে আমার আর আমিও তার। সে আমার আর আমিও তার।” অতঃপর তিনি তাঁকে দুইবাহুর উপর উঠিয়ে নিলেন। কেবল রাসূলুল্লাহ (ﷺ)-এর বাহুই তাঁকে বহন করছিল। তাঁর কবর খনন করা হলো এবং তিনি তাঁকে তাঁর কবরে রেখে দিলেন। রাবী তাঁর গোসলের বর্ণনা করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৩৪, ইসলামীক সেন্টারঃ ৬১৭৭
সহিহ মুসলিম হাদিস ৬২৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুলায়বীব (রাঃ)-এর সাহস ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ভালোবাসা ফুটে উঠেছে। এক জিহাদের পর নবীজি সাহাবীদের জিজ্ঞেস করলেন, তারা কাউকে হারিয়েছে কি না। সাহাবীরা কয়েকজনের নাম বললেন। পরে যখন আর কাউকে হারানোর কথা মনে পড়ল না, তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, তিনি জুলায়বীবকে হারিয়েছেন। তাঁকে নিহতদের মাঝে খুঁজে পাওয়া গেল। তিনি সাতজনকে হত্যা করেছিলেন, তারপর শত্রুরা তাঁকে হত্যা করে। নবীজি তাঁর পাশে দাঁড়িয়ে বললেন, সে আমার আর আমি তার। এরপর তিনি নিজ বাহুতে তাঁকে বহন করলেন এবং কবরে রাখলেন। এই হাদিসে একজন সাহাবীর মূল্য, নবীজির মমতা এবং আল্লাহর পথে সাহসী অবস্থান স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রত্যেক সাহাবীর খবর রাখতেন।
- জুলায়বীব (রাঃ)-এর সাহস তাঁর মর্যাদা প্রকাশ করে।
- নবীজির ‘সে আমার আর আমি তার’ কথা গভীর ভালোবাসা দেখায়।
- সমাজে কম পরিচিত ব্যক্তিও আল্লাহর কাছে সম্মানিত হতে পারেন।
