৩৭/২২. অধ্যায়ঃ
খেজুরের বিচি খেজুরের বাহিরে ফেলা মুস্তাহাব এবং মেজবানের জন্য মেহমানের দু’আ করা, সৎ মেহমান থেকে দু’আ চাওয়া ও মেহমানের তাতে সাড়া দেয়া মুস্তাহাব।
খাবারের পর দোয়া: রিজিক, ক্ষমা ও রহমত
সহীহ মুসলিম : ৫২২৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২২৩
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ، بْنِ خُمَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، قَالَ نَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي - قَالَ - فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِيَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِي النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى - قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّي وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ - ثُمَّ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِي عَنْ يَمِينِهِ - قَالَ - فَقَالَ أَبِي وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ " اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ " .
আব্দুল্লাহ ইব্নে বুস্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার আব্বার কাছে আসলেন। আমরা তাঁর সম্মুখে কিছু খাবার ও ওয়াতবাহ (খেজুর চূর্ণ, পনির ও ঘি যোগে তৈরী এক প্রকার খাদ্য) পেশ করলাম। তিনি তা হতে খেলেন।অতঃপর খেজুর নিয়ে আসলে তিনি তা খেতে লাগলেন। আর বিচিগুলো মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি একত্র করে দুই আঙ্গুলের মাঝখান দিয়ে ফেলতে লাগলেন। শু’আবাহ্ বলেন, এটা আমার অনুমান। তবে ইনশাআল্লাহ এতে দুই আঙ্গুলের মাঝখানে দিয়ে বীজ ফেলার কথাটি আছে।অতঃপর তাঁর নিকটে সুপেয় আনা হলে তিনি তা পান করেন। পরে তিনি তাঁর ডান পাশের লোককে দিলেন। আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ) বলেন, অতঃপর আমার আব্বা তাঁর সাওয়ারীর লাগাম ধরে বললেন, আপনি আমাদের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন। তখন তিনি বললেন, “ইয়া আল্লাহ! তুমি তাঁদের রিজিকে বরকত দাও, তাঁদের ক্ষমা করো এবং তাঁদের প্রতি দয়া করো।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৫১৫৫, ইসলামীক সেন্টারঃ ৫১৬৭
সহীহ মুসলিম হাদিস ৫২২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে খাবারের আদব, পানীয় দেওয়ার নিয়ম এবং মেহমানের দোয়া—তিনটি সুন্দর বিষয় এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ)-এর পিতার কাছে গেলেন। তাঁরা খাবার ও ওয়াতবাহ পেশ করলেন। নবী صلى الله عليه وسلم তা খেলেন। এরপর খেজুর আনা হলো। তিনি খেজুর খেলেন এবং বিচি আঙুলের মাঝ দিয়ে ফেললেন। পরে পানীয় আনা হলে তিনি পান করলেন এবং তা তাঁর ডান পাশের লোককে দিলেন। এরপর গৃহকর্তা নবী صلى الله عليه وسلم-এর সাওয়ারীর লাগাম ধরে তাঁদের জন্য দোয়া চাইলে নবী صلى الله عليه وسلم বললেন, হে আল্লাহ, তুমি তাঁদের রিজিকে বরকত দাও, তাঁদের ক্ষমা করো এবং তাঁদের প্রতি দয়া করো। এই হাদিসে মেহমানদারির প্রতিদান হিসেবে দোয়া, ডান পাশের হক এবং খাবার-পানীয়ের শালীন আদব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানীয় দেওয়ার ক্ষেত্রে ডান পাশের ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
- মেহমানের জন্য দোয়া চাওয়া ও দোয়া করা সুন্দর আদব।
- রিজিকের বরকত, ক্ষমা ও রহমতের দোয়া খুব অর্থবহ।
- খাবার খাওয়ার সময় শালীনভাবে বিচি ফেলার আদব দেখা যায়।
