৩৭/২০. অধ্যায়ঃ
মেযবানের সন্তুষ্টি সম্পর্কে নিশ্চিত থাকলে অন্যকে সাথে নিয়ে তার গৃহে উপস্থিত হওয়া জায়িয, আর একত্র থেকে খাওয়া মুস্তাহাব।
নিয়ামতের হিসাব: ক্ষুধার পর খাবারের শিক্ষা
সহিহ মুসলিম : ৫২০৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫২০৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ أَوْ لَيْلَةٍ فَإِذَا هُوَ بِأَبِي بَكْرٍ وَعُمَرَ فَقَالَ " مَا أَخْرَجَكُمَا مِنْ بُيُوتِكُمَا هَذِهِ السَّاعَةَ " . قَالاَ الْجُوعُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " وَأَنَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لأَخْرَجَنِي الَّذِي أَخْرَجَكُمَا قُومُوا " . فَقَامُوا مَعَهُ فَأَتَى رَجُلاً مِنَ الأَنْصَارِ فَإِذَا هُوَ لَيْسَ فِي بَيْتِهِ فَلَمَّا رَأَتْهُ الْمَرْأَةُ قَالَتْ مَرْحَبًا وَأَهْلاً . فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيْنَ فُلاَنٌ " . قَالَتْ ذَهَبَ يَسْتَعْذِبُ لَنَا مِنَ الْمَاءِ . إِذْ جَاءَ الأَنْصَارِيُّ فَنَظَرَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَصَاحِبَيْهِ ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ مَا أَحَدٌ الْيَوْمَ أَكْرَمَ أَضْيَافًا مِنِّي - قَالَ - فَانْطَلَقَ فَجَاءَهُمْ بِعِذْقٍ فِيهِ بُسْرٌ وَتَمْرٌ وَرُطَبٌ فَقَالَ كُلُوا مِنْ هَذِهِ . وَأَخَذَ الْمُدْيَةَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِيَّاكَ وَالْحَلُوبَ " . فَذَبَحَ لَهُمْ فَأَكَلُوا مِنَ الشَّاةِ وَمِنْ ذَلِكَ الْعِذْقِ وَشَرِبُوا فَلَمَّا أَنْ شَبِعُوا وَرَوُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَبِي بَكْرٍ وَعُمَرَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُسْأَلُنَّ عَنْ هَذَا النَّعِيمِ يَوْمَ الْقِيَامَةِ أَخْرَجَكُمْ مِنْ بُيُوتِكُمُ الْجُوعُ ثُمَّ لَمْ تَرْجِعُوا حَتَّى أَصَابَكُمْ هَذَا النَّعِيمُ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাতে রাসূলুল্লাহ (ﷺ) (তাঁর বাড়ী থেকে) বের হয়ে আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)–কে দেখতে পেলেন। তিনি প্রশ্ন করলেন, “এ সময়ে কিসে তোমাদের গৃহ হতে বের করেছে?” তারা বললেন, “হে আল্লাহর রাসূল! উপবাসের যন্ত্রনায়।” তিনি (ﷺ) বললেন, “যে মহান আল্লাহর হাতে আমার জীবন, তাঁর কসম, যা তোমাদের বের করে এনেছে, আমাকেও তাই বের করে এনেছে, চলো।” তারা উভয়ে তাঁর সাথে চলতে লাগলেন। এরপর তিনি এক আনসারীর গৃহে এলেন। তখন তিনি বাড়ীতে ছিলেন না। তাঁর স্ত্রী তাঁকে [রাসূলুল্লাহ (ﷺ)] দেখে বলল, “মারহাবা ওয়া আহলান مَرْحَبًا وَأَهْلاً।” রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে প্রশ্ন করলেন, “অমুক কোথায়?” স্ত্রীলোকটি বলল, “তিনি আমাদের জন্য মিষ্টি পানি আনতে গেছেন।” তখনই আনসারী ব্যক্তি উপস্থিত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর দুই সাথীকে দেখতে পেয়ে বললেন, “আল্লাহর প্রশংসা, আজ মেহমানের দিক হতে আমার থেকে সৌভাগ্যবান আর কেউ নেই।” তারপর সে গিয়ে একটি খেজুরের ছড়া নিয়ে আসলেন। তাতে কাঁচা, পাকা ও শুকনো খেজুর ছিল। তিনি বললেন, “আপনারা এ ছড়া থেকে খান।” এরপর তিনি ছুরি নিলেন (ছাগল যবেহ করার জন্য)। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, “সাবধান, দুধওয়ালা বকরি যবেহ করবে না।” অতঃপর তাদের জন্য (বকরি) যবেহ করলে তারা বকরির গোশত ও কাঁদির খেজুর খেলেন এবং (মিঠা) পানি পান করলেন। তারা সকলে ক্ষুধা মেটালেন ও পরিতৃপ্ত হলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন আবু বকর ও উমর (রাঃ)–কে লক্ষ্য করে বললেনঃ “যে সত্তার হাতে আমার জীবন, তাঁর কসম! কেয়ামতের দিন এ নিয়ামত সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে। ক্ষুধা তোমাদের বাড়ি হতে বের করে এনেছে অথচ তোমরা এ নিয়ামত লাভ না করে ফেরত যাওনি।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৫১৪০, ইসলামীক সেন্টারঃ ৫১৫২
সহিহ মুসলিম হাদিস ৫২০৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে ক্ষুধা, অতিথি আপ্যায়ন এবং নিয়ামতের হিসাব—তিনটি বিষয় স্পষ্টভাবে এসেছে। এক রাতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আবু বকর (রাঃ) ও উমর (রাঃ)-কে ঘরের বাইরে দেখতে পেলেন। তাঁরা বললেন, ক্ষুধাই তাঁদের বের করেছে। নবী صلى الله عليه وسلم জানালেন, তিনিও একই কারণে বের হয়েছেন। এরপর তাঁরা এক আনসারীর ঘরে গেলেন। গৃহকর্তার স্ত্রী সম্মানের সাথে স্বাগত জানালেন। পরে আনসারী সাহাবী এসে খেজুরের ছড়া, পানি এবং খাবারের ব্যবস্থা করলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুধওয়ালা বকরি জবাই না করতে বললেন। সবাই খাবার ও পানি পান করে তৃপ্ত হলেন। এরপর নবী صلى الله عليه وسلم বললেন, কেয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। হাদিসটি মনে করিয়ে দেয়, খাবার, পানি ও মেহমানদারি শুধু দৈনন্দিন বিষয় নয়; এগুলো আল্লাহর দান। তাই নিয়ামতের শুকরিয়া করা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষুধার পর খাবার ও পানি পাওয়া আল্লাহর বড় নিয়ামত।
- মেহমানকে সম্মান করা সাহাবীদের সুন্দর অভ্যাস ছিল।
- খাবার গ্রহণের পর নিয়ামতের হিসাবের কথা মনে রাখা উচিত।
- দুধওয়ালা প্রাণী জবাই না করতে বলা দয়ার একটি শিক্ষা দেয়।
